আরব-ইসলামী সাম্রাজ্য

Spread the love

Featured Image: unesco.

World History Encyclopedia.

“The history of Islam refutes all the caricatures that one tries to impose on it.”

John Tolan (1959-), American Historian

পূর্বসাল

প্রাগৈতিহাসিক কাল থেকে ১২০০ সাল প্রাচীন ভারত – সময়রেখা

প্রাগৈতিহাসিক কাল থেকে ১১৮৫ সাল প্রাচীন জাপান – সময়রেখা

পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য – সময়রেখা

৩৩০০-১৩০০ সিন্ধু উপত্যকার সভ্যতা

পূর্বসাল ৩০০০-১২০০ সাল প্রাচীন বাংলা – সময়রেখা

পূর্বসাল ২৩৩৩-৯৩৫ সাল প্রাচীন কোরিয়া – সময়রেখা

২০০০-২২১ প্রাচীন চীন – সময়রেখা

১৮১২-১৬৩৭ ইব্রাহিম নবি কাবা ঘর নির্মাণ করলেন। এই কাজে তাঁকে সহায়তা করলেন পুত্র ইসমাইল। মুসলিম বিশ্বাস অনুযায়ী, আরবরা ইসমাইল নবির বংশধর।

১১০০-১৪৬ প্রাচীন গ্রিস – সময়রেখা

পূর্বসাল ৭৫৩-৪৭৬/৪৮০ সাল প্রাচীন রোম – সময়রেখা

১০০ গ্রিক ঐতিহাসিক দিওদোরাস সিকুলাস তাঁর বিবওলিওথিকা হিস্টোরিকায় একটি উপাসনালয়ের কথা বললেন। সিকুলাসের মতে, উপাসনালয়টি সকল আরবের চোখেই শ্রদ্ধেয়। অনেকে মনে করেন, তিনি কাবার কথা বলছিলেন।

সাল

২২৪-৬৫১ সাসানীয় সাম্রাজ্য

৩৩০-১৪৫৩ বাইজেন্টাইন সাম্রাজ্য

৩৩০ প্রাচীন গ্রিক শহর বাইজান্টিয়ামে একটি নতুন খ্রিস্টান শহর নির্মাণ করলেন কনস্টান্টাইন। নাম দিলেন কনস্টান্টিনোপল।* নবগঠিত শহরটিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী করা হল।
* বর্তমান তুরস্কের ইস্তানবুল।

৪৯৬-৫৭৮ আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫০০ মক্কার ওপর কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।

৫০১-৬০০ আরবে এ সময় সাসানীয় আর বাইজেন্টাইন সাম্রাজ্যের মক্কেলদের মধ্যে ভয়াবহ আন্তঃগোত্রীয় যুদ্ধ সংঘটিত হচ্ছে। ঘাসসানি আর লাখমিদের এলাকাগুলোয় খ্রিস্টধর্মের প্রসার। এ সময়ই কখনো হিমইয়ারিদের রাজা ইহুদিধর্ম গ্রহণ করেন।

৫১৮ নাজরান ম্যাসাকার। হিমইয়ারিরা নাজরানের খ্রিস্টানদের ওপর একটা হত্যালীলা চালাল।

৫২৫ ইথিওপিয়ার খ্রিস্টান রাজ্য হিমইয়ারি-সাবাঈ রাজ্য জয় করে।*
* বর্তমান ইয়েমেনে অবস্থিত।

৫৩৫-৬১৯ আবু তালেব ইবনে আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫৪২ বর্তমান ইয়েমেনে অবস্থিত মারিব বাঁধ ধবসে পড়ল।*
* মারিভ বাঁধ ইঁদুরে খেয়ে ফেলায় ইয়েমেন থেকে একদল মানুষ উত্তর দিকে রওনা করেছিলেন। রওনা করার আগে এক জায়গায় জড়ো হন। আরবিতে কুরাইশ শব্দের মানে “যারা জড়ো হয়েছিল।” এই কুরাইশরা শেষ পর্যন্ত মক্কায় বসতি গাড়েন। লোহিত সাগরের তীরের মক্কা নগরীতে এই কুরাইশদের একটি গোত্রে জন্ম নেন ইসলামের নবি। ইয়েমেনের সাথে তাই ইসলামের ইতিহাসের সম্পর্ক আছে। খোদ ইসলামের সাথেই যেমন আছে অভিবাসনের সম্পর্ক।

৫৪৫-৭০ আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫৪৯-৭৭ আমিনা বিনতে ওহাবের জীবনকাল।

৫৫৪-৬১৯ উম্মুল মোমিনিনখাদিজা বিনতে খুওয়ালিদের জীবনকাল।
* অর্থ: “বিশ্বাসীদের আম্মাজান”। ইসলামের নবির স্ত্রীদের ক্ষেত্রে সম্মানসূচকভাবে ব্যবহৃত হয়। এই রচনার সর্বত্র প্রাসঙ্গিক স্থলে ব্যবহৃত হবে।

৫৬৬/৮০-৬৪৪/৭৪ উম্মুল মোমিনিন সাওদা বিনতে জাম’আর জীবনকাল।

৫৭০ আম আল-ফীল (عام الفيل: Year of the Elephant)।*
* মুসলিম বিশ্বাসে, এ বছর হিমইয়ার রাজ্যের আকজুমীয় ভাইসরয় আবরাহা তাঁর অগ্রিম হস্তিবাহিনী নিয়ে মক্কার বিরুদ্ধে অগ্রসর হন। তাঁর উদ্দেশ্য ছিল কাবা ঘর ভেঙে ফেলা, যা আল্লাহ্‌-প্রেরিত আবাবিলের উছিলায় ব্যর্থ হয়। কুরআন শরিফের সূরা ফীল এই ঘটনা নিয়ে।

মুহাম্মদের (সা.) বাবা আবদুল্লার মৃত্যু। মক্কার কুরাইশ গোত্রের বনু হাশিম শাখায় জন্ম নিলেন মুহাম্মদ (সা.)।* সম্ভাব্য জন্ম তারিখ ১২ রবিউল আউয়াল।
* ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) অনুসারীরা মুসলিম (المسلمون) নামে পরিচিত। আরবিতে আল-মুসলিমুন অর্থ “আত্মসমর্পণকারী”। যাঁরা আল্লাহর (ٱللَّٰه) কাছে আত্মসমর্পণ করেন তাঁরাই মুসলিম। বাংলায় পরম্পরাগতভাবে মুসলমান শব্দটিই বেশি ব্যবহৃত হয়ে আসছে। সেই ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে মুসলমান শব্দটি ব্যবহার করি আমি। মুসলমানদের পবিত্র বই কুরআন ( ٱلۡقُرۡءَانُ‎ ) নামে পরিচিত। যার অর্থ “পাঠ করা” বা “তিলাওয়াত করা”।

৫৭০-৬২২ মুহাম্মদের (সা.) মক্কী জীবন।

৫৭৩-৬৩৪ খলিফাত রাসুলুল্লাহ আবু বকরের জীবনকাল।*
* প্রথম রাশিদুন খলিফা।

৫৭৫ সাসানীয় সাম্রাজ্য বর্তমান ইয়েমেন দখল করে নিল।

৫৭৭ মুহাম্মদের (সা.) মা আমিনার মৃত্যু।

৫৭৯/৫৮২ মুহাম্মদ (সা.) তাঁর চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফর করেন। সেখানে বাহিরা নামে জনৈক খ্রিস্টান সন্ন্যাসীর সাথে তাঁর সাক্ষাৎ হয়। বাহিরা দাবি করেন, আবু তালেবের ভাতিজার মধ্যে একজন ইব্রাহিমী নবির চিহ্ন রয়েছে।

৫৮০/৯৬-৬৮০/৮৩ উম্মুল মোমিনিন উম্মে সালামার জীবনকাল।

৫৮২ বাইজেন্টাইনদের মক্কেলগিরি থেকে ঘাসসানিদের বরখাস্ত করা হল।

৫৮৩ মুহাম্মদ (সা.) এ সময় সিরিয়ায় অবস্থান করছেন।

৫৮৪-৬৪৪ আমিরুল মোমিনিন উমর ইবনে আল-খাত্তাবের জীবনকাল।*
* দ্বিতীয় রাশিদুন খলিফা।

৫৮৯/৯৪-৬৬৪/৬৫ উম্মুল মোমিনিন উম্মে হাবিবার জীবনকাল।

৫৯০-৬৪০/৪১ উম্মুল মোমিনিন জয়নব বিনতে জাহশের জীবনকাল।

৫৯৪ লাখমিরা খ্রিস্টধর্মে দীক্ষিত হল।

৫৯৪-৬৭১ উম্মুল মোমিনিন মায়মুনা বিনতে আল-হারিস আল-হিলালিয়ার জীবনকাল।

৫৯৫/৫৯৬ খাদিজা বিনতে খুওয়ালিদকে বিয়ে করলেন মুহাম্মদ (সা.)।*
* এই বিয়ের সময় খাদিজার বয়স ছিল ৪০ বছর। মুহাম্মদের (সা.) ২৫ বছর। ৬১৯ সালে খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কাউকে বিয়ে করেননি।

৫৯৬-৬২৫ উম্মুল মোমিনিন জয়নব বিনতে খুজাইমার জীবনকাল।

৫৯৮-৬০১ কাশিম ইবনে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) বড় ছেলে। নাবালক দশায় মারা যান।

৬০০-২৯ জয়নব বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০০-৬৬১ আলী ইবনে আবু তালেবের জীবনকাল।*.
* চতুর্থ রাশিদুন খলিফা ও প্রথম শিয়া ইমাম।

৬০২ সাসানীয়রা তাঁদের মক্কেল লাখমি সর্দারকে খুন করে, এর মধ্য দিয়ে হীরায় লাখমিদের রাজত্ব শেষ হয়।

৬০২-২৪ রুকাইয়াহ বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০৩-৩০ উম্মে কুলসুম বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০৫/৬১৫-৩২ ফাতেমা বিনতে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) ছোট মেয়ে। সাইয়্যিদাত নিসা আল-জান্না অর্থাৎ বেহেশতি নারীকুলের সর্দার বিবেচিত। তাঁর মৃত্যুর কারণ নিয়ে শিয়া আর সুন্নীদের মধ্যে মতভেদ আছে।

৬০৫/০৬-৬১০ আবদুল্লাহ ইবনে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) মেঝো ছেলে। নাবালক দশায় মারা যান।

৬০৫-৬৫ উম্মুল মোমিনিন হাফসা বিনতে ওমরের জীবনকাল।

৬০৫ কাবা পুনর্নিমাণ করার বছর, অংশ নেন মুহাম্মদ (সা.)।

৬০৮-৭৬ উম্মুল মোমিনিন জুওয়াইরিয়া বিনতে হারিসের জীবনকাল।

নববী যুগ
৬১০-৬৩২ সাল

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١
Read: In the name of thy Lord Who createth,

(Al-‘Alaq 96:1)

Translation: Muhammad Marmaduke Pickthall

৬১০ ফেব্রুয়ারি ৯ লাইলাতুল কদর (لیلة القدر: Laylat al-Qadr)।*
* কুরআন শরিফের সূরা কদর এই ঘটনা নিয়ে। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করলেন মুহাম্মদ (সা.)। মক্কার হেরা গুহার জাবাল আল-নূর অর্থাৎ আলোর পাহাড়ে জিবরাইল ফেরেশতার আগমনের মধ্য দিয়ে কুরআন নাজিলের সূচনা হল।

তিনি গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন।

ঝুকারে লাখমিদের সেনাবাহিনী সাসানীয়দের বিরুদ্ধে জয়লাভ করল।

৬১০/১৪-৬৬৪/৭২ উম্মুল মোমিনিন সাফিয়া বিনতে হুওয়াইয়ের জীবনকাল।

৬১৩ মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন মুহাম্মদ (সা.)।

৬১৩-১৫ মুসলমানদের একটি দল আকজুম রাজ্যে হিজরত করলেন।*
* আফ্রিকার আবিসিনিয়ায়, বর্তমানে যা ইথিওপিয়া নামে পরিচিত।

৬১৪ সাসানীয়রা আরবের উত্তর সীমান্ত দখল করে নিল। বাইজেন্টাইনদের পরাজিত করল। মক্কায় মুসলমানদের ওপর ব্যাপক জুলুম শুরু হল।

৬১৪-২৮ সিরিয়া ও ফিলিস্তিনে সাসানীয় দখলদারিত্বের কাল।

৬১৪-৭৮ উম্মুল মোমিনিন আয়েশা বিনতে আবু বকরের জীবনকাল।

৬১৫ ইসলাম গ্রহণ করলেন হামজা ইবনে আবদুল মুত্তালিব ও উমর ইবনে আল-খাত্তাব। আকজুম রাজ্যে দ্বিতীয় হিজরত।

৬১৬ মক্কার ক্ষমতাশালীদের সাথে মুসলমানদের সম্পর্কের অবনতি হল। শুরু হল জুলুম। মক্কায় মুহাম্মদের (সা.) অবস্থান ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠল।

৬১৬-১৯ বনু হাশিমের তরফে মুসলমানদের বয়কট করার বছরগুলো।

৬১৯ শোকের বছর। মুহাম্মদের (সা.) স্ত্রী খাদিজা ও চাচা আবু তালেব একই বছরে মারা যান। এ বছরই সাওদা বিনতে জাম’আকে বিয়ে করেন তিনি।

৬২০ ধর্মান্তরিত করতে ও আশ্রয় খুঁজতে তায়েফে গেলেন মুহাম্মদ (সা.)। কিন্তু প্রচেষ্টাটি সফল হয়নি। মেরাজের বছর

এ বছরই আয়েশা বিনতে আবু বকরকে বিয়ে করেন মুহাম্মদ (সা.)।*
* ইসলামের নবির তৃতীয় ও সর্বকনিষ্ঠ স্ত্রী। প্রথম রাশিদুন খলিফা আবু বকরের মেয়ে। তিনি একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন।

ইয়াসরিবের আরবরা ইসলামের নবির সাথে যোগাযোগ করলেন এবং তাঁকে ইয়াসরিবে এসে তাঁদের নেতৃত্বভার গ্রহণ করার আহবান জানালেন।

৬২১ প্রথম আকাবা চুক্তি। খাজরাজ ও আউস গোত্রের ১২ জন পুরুষের সাথে। যাঁরা ইসলাম গ্রহণ করেন।

৬২২ জুন ইয়াসরিবের আনসাররা আনুগত্যের ওয়াদা করেন এবং মুহাম্মদকে (সা.) ইয়াসরিবে আমন্ত্রণ জানান।

জুলাই ১৬ হিজরত। প্রায় ৭০টি মুসলিম পরিবার নিয়ে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করলেন মুহাম্মদ (সা.)। ইয়াসরিব পরবর্তীতে মদিনা নামে পরিচিতি পাবে। মদিনা মানে “শহর”। শব্দটি মদিনাতুন নবির অংশ। আরবিতে যার অর্থ: “নবির শহর।” মুসলিম পঞ্জিকার, যা হিজরি সন বলে পরিচিত, গণনা এ বছর থেকে শুরু হয়।

মক্কার ক্ষমতাশালীরা শোধ নেয়ার কসম খেলো।

৬২২-৬৩২ মুহাম্মদের (সা.) মাদানী জীবন।

৬২৩ ওয়াতিকাত আল-মদিনা/সহিফাত আল-মদিনা ( وثيقة المدينة/ صحیفة المدينة,)। মুসলমান ও ইহুদিদের সহাবস্থানের নীতি নির্ধারণ করে। গঠন করে প্রথম ইসলামী রাষ্ট্র বাউম্মা।*
* শত্রুর বিরুদ্ধে মদিনার প্রতি অনুগত থাকার শর্তে মদিনার অমুসলিমরাও এই উম্মার অংশ ছিলেন।

ফাতেমাকে* বিয়ে করলেন আলি ইবনে আবু তালেব**।
* মুহাম্মদের (সা.) মেয়ে।
** মুহাম্মদের (সা.) কাজিন।

৬২৪ মার্চ ১৩ বদরের যুদ্ধ। মক্কার ক্ষমতাশালীদের বিরুদ্ধে আরব মুসলমানদের নাটকীয় জয়লাভ। শত্রুর সাথে যোগসাজশের অভিযোগে ইহুদি গোত্র বনু কায়নুকাকে মদিনা থেকে বহিষ্কার করা হলো।

রমজান মাসকে রোজার মাস হিসেবে ঘোষণা করা হলো। জেরুসালেমের স্থলে মক্কাকে কেবলা নির্ধারণ করা হলো।

৬২৫ মার্চ ২৩ উহুদের যুদ্ধ। আরব মুসলমানদের বিরুদ্ধে মক্কার ক্ষমতাশালীদের জয়লাভ। তবে বিজয়ী পক্ষ আর অগ্রসর হয় নি। শত্রুর সাথে যোগসাজশের অভিযোগে ইহুদি গোত্র বনু নাদিরকে মদিনা থেকে বহিষ্কার করা হলো।

হাফসা বিনতে ওমর*, জয়নব বিনতে খুজাইমা**, ও হিন্দ বিনতে আবু উমাইয়াকে*** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)।
* দ্বিতীয় রাশিদুন খলিফা ওমরের মেয়ে। হাফসার প্রথম স্বামী ছিলেন খুনাইস বিন হুজাফা নামের জনৈক সাহাবি। ৬২৪ সালের আগস্ট মাসের শেষদিকে মৃত্যুবরণ করেন খুনাইস।
** উম্মুল মাসাকিন বা গরিবদের মা হিসেবে পরিচিত।
*** তাঁর কুনিয়া উম্মে সালামা অর্থাৎ সালামার মা হিসেবে অধিক পরিচিত।

৬২৫-৬৭০ আল-মুজতাবা হাসান ইবনে আলীর জীবনকাল।*
* চতুর্থ রাশিদুন খলিফা আলীর ছেলে ও দ্বিতীয় শিয়া ইমাম।

৬২৬-৬৮০ আল-মাজলুম হোসেন ইবনে আলীর জীবনকাল।*
* চতুর্থ রাশিদুন খলিফা আলীর ছেলে ও তৃতীয় শিয়া ইমাম।

৬২৭ মার্চ ৩১-১৪ এপ্রিল খন্দকের যুদ্ধ। মক্কার ক্ষমতাশালীরা মদিনা ঘেরাও করার চেষ্টা চালাল। আরব মুসলমানদের তীব্র প্রতিরোধের মুখে ব্যর্থ হল।

বনু কুরাইজা ঘটনা।*
* পরম্পরাগত ঐতিহাসিকদের মতে, মদিনার ইহুদিরা আরব মুসলমানদের সাথে থাকা তাদের চুক্তি ভঙ্গ করেছিল, এবং গোপনে মক্কার ক্ষমতাশালীদের সাথে হাত মিলিয়েছিল। তাই রাজনৈতিক গাদ্দারির সাজা হিসেবে পরম্পরাগত ইহুদি আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে বনু কুরাইজার সব প্রাপ্তবয়স্ক পুরুষের শিরশ্ছেদ করা হয় এবং নারী ও শিশুদের দাস হিসেবে বেচে দেয়া হয়। বিদ্যায়তনিক ঐতিহাসিকদের অন্তত একজন (Arafat 1976) এই ঘটনার ঐতিহাসিকতা ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিনেভেতে সাসানীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একটা নির্ধারকমূলক বিজয় অর্জন করলেন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস।

জয়নব বিনতে জাহশ* ও জুওয়াইরিয়া বিনতে হারিসকে** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)। রায়হানা বিনতে জায়েদকে*** বিয়ে করলেন বা কনক্যুবাইন হিসেবে পেলেন।
* জয়নবের প্রথম স্বামী ছিলেন জায়েদ ইবনে হারিস। জায়েদ ছিলেন একজন দাস, যাঁকে ইসলামের নবি খাদিজাকে বিয়ে করার সময় শেষোক্তের কাছ থেকে তোহফা হিসেবে পেয়েছিলেন। পরে হযরত মুহাম্মদ (সা.) জায়েদকে আজাদ করে দেন এবং স্বীয় পুত্র হিসেবে দত্তক নেন।
** জুওয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মোস্তফা ইবনে সাফওয়ান। ৬২৭ সালে বনু মুস্তালিকের সাথে মুসলমানদের সমর চলাকালে প্রথমোক্ত পক্ষের মোস্তফার মৃত্যু হয়। বনু মুস্তালিকের সর্দারের মেয়ে জুওয়াইরিয়া যুদ্ধবন্দী হন, যাকে পরে ইসলামের নবি আজাদ করে দেন।
*** রায়হানা ইসলামের নবির স্ত্রী ছিলেন না উপপত্নী ছিলেন তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। তাঁর জন্ম মদিনার ইহুদি গোত্র বনু নাদিরে, আর প্রথম বিয়ে মদিনার আরেক ইহুদি গোত্র বনু কুরাইজায়। বনু কুরাইজা ঘটনার সময় তিনি বিধবা ও যুদ্ধবন্দী হন, পরবর্তীতে ধর্মান্তরিত হলে ইসলামের নবির স্ত্রী/কনক্যুবাইন হন।

৬২৮ মার্চ হুদায়বিয়ার সন্ধি। মক্কার ক্ষমতাশালী ও মুসলমানদের মধ্যে ১০ বছর মেয়াদী শান্তিচুক্তি সই হল। এ সময় ইসলামের নবিকে আরবের সবচে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে এবং বহু আরব গোত্র তাঁর কনফেডারেসির প্রতি আকৃষ্ট হচ্ছে।

খায়বার বিজয়। এই সমর বেদুঈনদের মধ্যে মুসলমানদের জনপ্রিয়তা বাড়ায়, বহু বেদুঈন এ সময় ইসলাম গ্রহণ করেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠালেন ইসলামের নবি।

সাফিয়া বিনতে হুওয়াই* ও রামলা বিনতে আবু সুফিয়ান আল হার্বকে** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)। আলেকজান্দ্রিয়ার জনৈক খ্রিস্টান প্রশাসক আল-মুকাওকিসের কাছ থেকে কপ্টিক খ্রিস্টান দাসী মারিয়া আল-কিবতিয়াকে*** তোহফা হিসেবে পেলেন।
* সাফিয়ার জন্ম মদিনার ইহুদি গোত্র বনু নাদিরে। খায়বারের সমরে মুসলমানদের বিরুদ্ধে লড়ার সময় তাঁর বাবা আর স্বামী উভয়েই নিহত হন। ইসলামের নবি যুদ্ধবন্দী সাফিয়াকে ইসলাম গ্রহন করার দাওয়াত ও বিয়ের প্রস্তাব দিলে তিনি তা কবুল করেন।
** তাঁর কুনিয়া উম্মে হাবিবা অর্থাৎ হাবিবার মা হিসেবে অধিক পরিচিত। তৃতীয় রাশিদুন খলিফা ওসমানের কাজিন। প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়ার সৎ বোন।
*** ইসলামের নবি মারিয়াকে বিয়ে করেছিলেন, নাকি তিনি উপপত্নী রয়ে গেছিলেন তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে।

৬২৮-৩২ সাসানীয় সাম্রাজ্যের গৃহযুদ্ধ

৬২৯ হযরত মুহাম্মদের (সা.) নেতৃত্বে মুসলমানদের মক্কা গমন ও ওমরা পালন।

মুত’আর যুদ্ধ। বাইজেন্টাইনদের কাছ থেকে জর্দান নদীর পূর্বদিকের একটি গ্রাম দখল করার চেষ্টা করলেন মুসলমানরা, কিন্তু ব্যর্থ হলেন।

হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করলো মক্কার ক্ষমতাশালীদের বেদুঈন মিত্ররা।

৬২৯ ডিসেম্বর-জানুয়ারি ৬৩০ মক্কা বিজয়।*
* মুহাম্মদ (সা.) প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করেন। মুসলমানরা কাবাঘরের মূর্তিগুলো ধ্বংস করেন। এর অভ্যন্তরভাগকে হারাম ঘোষণা করেন।

হুনাইনের যুদ্ধ। বেদুঈন হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক বিজয় অর্জন করলেন আরব মুসলমানরা। জেরুসালেমে পবিত্র ক্রুশকাঠের অংশবিশেষ পুনর্বহাল করলেন রোমক সম্রাট হেরাক্লিয়াস।

৬৩০-৩২ ইব্রাহিম ইবনে মুহাম্মদের জীবনকাল।

৬৩০-৩১ প্রতিনিধি প্রেরণের বছরগুলো। গোত্রসর্দাররা ইসলাম গ্রহণ করেন। মক্কায় হজযাত্রার নেতৃত্ব দেন আবু বকর।

৬৩০ অক্টোবর তাবুক অভিযান

আউতাসের সমরতায়েফ অবরোধ

৬৩১ রায়হানা বিনতে জায়েদের মৃত্যু।

৬৩১/৬৩২ ইসলাম গ্রহণ করলো সাকিফ গোত্র।

৬৩২ মার্চ বিদায় হজগাদীর খুমের ঘটনা

জুন ৮ মদিনায় হযরত মুহাম্মদের (সা.) মৃত্যু। তাঁর কোন জীবিত পুত্রসন্তান না থাকায় ও উত্তরাধিকারী মনোনীত করে না যাওয়ায় যে নেতৃত্ব সংকট দেখা দেয়, কালক্রমে তাই শিয়া-সুন্নী বিভাজনে রূপ নেবে।*
* শিয়া-সুন্নী বিভাজনের ইতিহাস জানতে, দেখুন, Hazleton (2010), McHugo (2017) ও Louër (2020).

জু কিসার সমরজু আবরাকের সমরবুজাখার সমরজাফরের সমরনাকরার সমর

৬৩২-১২৫৮ আরব-ইসলামী সাম্রাজ্য

রাশিদুন খেলাফত
৬৩২-৬১ সাল

Ibn Abbas reported: Abu Bakr, may Allah be pleased with him, went to the door of the mosque when he heard the news of the passing of the Prophet. Abu Bakr said, “To proceed: Whoever among you worships Muhammad, peace and blessings be upon him, then Muhammad has died. Whoever worships Allah, then Allah is alive and cannot die. Allah Almighty said: Muhammad is only a messenger before whom many messengers have been and gone. If he died or was killed, would you revert to your old ways?” (3:144) Ibn Abbas said, “By Allah, it was as if the people had not known that Allah revealed this verse until Abu Bakr recited it.”

Source: Ṣaḥīḥ al-Bukhārī 1241
Quranic verse translation: M.A.S. Abdel Haleem

৬৩২-৬১ রাশিদুন খেলাফত।*
* সুন্নিরা যেই চার খলিফাকে সঠিকভাবে দিকনির্দেশিত বলে বিশ্বাস করেন, সেই রাশিদুন খেলাফতের কাল। শিয়াদের অধিকাংশ প্রথম তিন খলিফাকে অবৈধ ভাবেন, তাঁদের বিশ্বাসে সুন্নিদের চতুর্থ খলিফা আলীই একমাত্র বৈধ খলিফা। তবে জায়েদি শিয়াদের অধিকাংশ চারজনকেই বৈধ ভাবেন।

৬৩২-৩৪ প্রথম রাশিদুন খলিফা আবু বকরের শাসনকাল।

৬৩২-৩৩ রিদ্দা যুদ্ধ।*
* হযরত মুহাম্মদের (সা.) মৃত্যুর পর অনেক গোত্রাধিপতি ইসলাম ত্যাগ করতে শুরু করেন, এদের কেউ কেউ এমনকি নিজেকে নবি দাবি করে বসেন। এই মুরতাদদের (ধর্মত্যাগী) বিরুদ্ধে যুদ্ধে নামেন খলিফা আবু বকর। সমগ্র আরব উপদ্বীপকে ইসলামের ব্যানারের পেছনে ঐক্যবদ্ধ করেন।

৬৩২ ইয়ামামার সমর। এই যুদ্ধে নিহত হন মুসাইলামা। মুসলমানদের কাছে তিনি ভণ্ড নবি ও আল-কাজ্জাব (মিথ্যুক) হিসেবে পরিচিত।

আরব মুসলমানদের হাতে পরাজিত হল বনু তামিম।

৬৩৩ রাশিদুন খেলাফতের বাহরাইন, ওমান, ইয়েমেন, ও হাদরামাউত জয়।

ইরাকে অভিযানসমূহ।

শেকলের সমরসানিয়ির সমরওয়ালাজার সমরউলাইসের সমরহিরার সমর আল-আনবারের সমরআইনুল তামরের সমরদুমাত আল-জান্দালের সমরফিরাজের সমর

৬৩৪ বসরা সমরদামিশক সমরআজনাদাইনের সমর।*
* এটি ছিল রাশিদুন খেলাফতের জন্য একটি নিষ্পত্তিমূলক বিজয়।

আগস্ট ২২/২৩ আবু বকরের মৃত্যু।

৬৩৪-৪৪ দ্বিতীয় রাশিদুন খলিফা উমর ইবনে আল-খাত্তাবের শাসনকাল।

৬৩৪ নামারাকের সমরসাকাতিয়ার সমর

অক্টোবর ২৫ আল-জিসরের সমর।*
* এটিই একমাত্র সমর যাতে সাসানীয় সাম্রাজ্যের বাহিনী রাশিদুন খেলাফতের ওপর জয়লাভ করে।

৬৩৫ জানুয়ারিফাহলের যুদ্ধ। রাশিদুন খেলাফতের বাহিনী বাইজেন্টাইনদের ফিলিস্তিন গ্যারিসনকে পরাজিত করল। আল-আহসা মরুদ্যানে নির্মিত হল জাওয়াথা মসজিদ, যা পূর্ব আরবের প্রাচীনতম মসজিদ বিবেচিত হয়।

এপ্রিল বুওয়াইবের সমর

রাশিদুন খেলাফতের দামিশক বিজয়।

৬৩৬ আগস্ট ইয়ারমুকের সমর।*
* রাশিদুন খেলাফতের হাতে বাইজেন্টাইনরা পরাস্ত হলেন।

নভেম্বর কাদিসিয়ার সমর।*
* রাশিদুন খেলাফতের হাতে সাসানীয়রা পরাস্ত হলেন।

রাশিদুন খেলাফতের মাদাইন বিজয়। মুম্বাইয়ের নিকটবর্তী তানাহতে রাশিদুন খেলাফতের নৌ অভিযান।

৬৩৭ জানুয়ারি-মার্চ রাশিদুন খেলাফত ঘেরাও করে রাখে তেসিফন।

এপ্রিল জালুলার সমর।*
* রাশিদুন খেলাফতের হাতে সাসানীয়রা পরাস্ত হলেন।

রাশিদুন খেলাফতের লেভান্ত* জয়, অঞ্চলটি থেকে বাইজেন্টাইনদের বের করে দেয়া হল।
* সেকালের এশিয়া মাইনর আর ফিনিশিয়া নিয়ে গঠিত। বর্তমান তুরস্ক, সিরিয়া, আর লেবানন অঞ্চলটির অন্তর্গত। বৃহত্তর অর্থে গ্রিস আর মিসরের মধ্যবর্তী পুরো অঞ্চলটাকেই লেভান্ত বলা যেতে পারে।

রাশিদুন খেলাফতের সিরিয়া ও জেরুসালেম* জয়।*
* মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম নগরী বিবেচিত হয় জেরুসালেম।

মারিয়া আল-কিবতিয়ার মৃত্যু।

৬৩৮ রাশিদুন খেলাফতের জাজিরা বিজয়।

৬৩৯ রাশিদুন খেলাফতের খুজেস্তন বিজয়। মিসরের দিকে অগ্রগ্রামী হল খেলাফতের বাহিনী। আমওয়াসের প্লেগ।

৬৪০-৪২ রাশিদুন খেলাফতের মিসর জয়।

৬৪০ ব্যাবিলনের সমর

রাশিদুন খেলাফতের সেলুসিয়া-তেসিফন জয়। আর্মেনিয়ার তৎকালীন রাজধানী দভিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হল।

সিরিয়ার প্রশাসক নিযুক্ত হলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান।

৬৪১ মার্চ-সেপ্টেম্বর রাশিদুন খেলাফতের আলেকজান্দ্রিয়া ঘেরাও করে রাখলো।

রাশিদুন খেলাফতের সিজারিয়া জয়। কুফা, বসরা ও ফুস্তাতের সেনানিবাস শহরগুলো মুসলিম সেনাদের আবাসনের জন্য নির্মিত হয়েছিল। যারা সাধারণ প্রজাদের থেকে আলাদাভাবে বাস করত।

৬৪২ নেহাওয়ান্দের সমর।*
* রাশিদুন খেলাফতের হাতে পরাজিত হল সাসানীয় বাহিনী।

৬৪৩ আর্মেনিয়া ও ককেশাসে একটি অসফল অভিযান পরিচালনা করল রাশিদুন খেলাফত। রাশিদুন খেলাফতের আজারবাইজান ও তাবারিস্তান জয়।

৬৪৪ রাশিদুন খেলাফতের ফার্স, কেরমান, সিস্তান, মেকরান, ও খারান জয়।

আবু লুলু ফিরোজ নামের জনৈক পারস্যদেশীয় গোলামের হাতে গুপ্তহত্যার শিকার হলেন খলিফা উমর।

৬৪৪-৫৬ তৃতীয় রাশিদুন খলিফা উসমান ইবনে আফফানের শাসনকাল।

৬৪৬ রাশিদুন খেলাফতের খোরাসান, আর্মেনিয়া, ও এশিয়া মাইনর জয়। সাময়িকভাবে আলেকজান্দ্রিয়া পুনর্দখল করল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৪৯-৫০ রাশিদুন খেলাফতের সাইপ্রাস ও আরওয়াদ অভিযান।

৬৪৮-৯৬৫ এ সময় সাইপ্রাস রাশিদুন খেলাফতের শাসনাধীন ছিলো।

৬৫০-৫৩ রাশিদুন খেলাফতের সাথে সন্ধি করল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৫০ খলিফা উসমানের উদ্যোগে কুরআন শরিফের একটি মান সংস্করণ প্রস্তুত করা হল। এটি আল-মুশহাফ আল-উসমানি নামে পরিচিত। বাকি সব সংস্করণ ধ্বংস করে ফেলা হল।*
* কুরআন সংকলন সম্পর্কে শিয়া ন্যারেটিভ একটু আলাদা। তাঁরা বিশ্বাস করেন, কুরআন শরিফ ইসলামের নবির জীবদ্দশায় তাঁর উদ্যোগে সংকলিত হয়েছিল। এই ন্যারেটিভ অনুসারে, তৎকালে মসজিদে নববীর মিম্বরের পাশে কুরআনের একটা সম্পূর্ণ সংস্করণ রাখা ছিল।

নুবিয়ায় একটা ব্যর্থ অভিযান চালাল রাশিদুন খেলাফত।

আরব ও তুর্কদের মধ্যে প্রথম সংঘাত। বালানজার শহরের বাইরে আবদ আর-রহমান ইবনে রাবিয়ার নেতৃত্বাধীন একটি আরব বাহিনীকে পরাজিত করলো খাজাররা।

৬৫১ রাশিদুন খেলাফতের মেসোপটেমিয়া জয়।*
* “দুই নদীর মধ্যবর্তী স্থান”। মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর গ্রিকদের দেয়া নাম। দুই নদী হল দজলা ও ফোরাত।

রাশিদুন খেলাফতের হাতে সাসানীয় সাম্রাজ্যের পতন। রাশিদুন খেলাফতের ইরান জয়। শেষ সাসানীয় সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের মৃত্যু।

৬৫২-৫৩ রাশিদুন খেলাফতের করদ রাজ্যে পরিণত হল আর্মেনিয়া।

৬৫২ খলিফা উসমানের শাসনের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিলো।

৬৫৪ রাশিদুন খেলাফতের ক্রীট, কস, ও রোডস জয়।

৬৫৪-৫৫ মাস্তুলের যুদ্ধ।*
* কন্সটান্টিনোপলের বিরুদ্ধে রাশিদুন খেলাফতের প্রথম বৃহদায়তন অভিযান।

৬৫৬ গ্রীষ্মকাল মিসর থেকে একদল উপজাতীয় ব্যক্তি মদিনায় এসে ব্যর্থ আলোচনার পর তৃতীয় খলিফা উসমানকে আক্রমণ করে হত্যা করে। যারা আলীকে নতুন খলিফা বলে ঘোষণা করেছিলেন। তবে সবাই এই ঘোষণা মেনে নেন নি।

৬৫৬-৬১ প্রথম ফিতনা। আরবিতে ফিতনাত মাকতাল উসমান বলে পরিচিত। খলিফা উসমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেখা দেয়।*
* চতুর্থ খলিফা ও শিয়াদের প্রথম ইমাম আলী ইবনে আবু তালেবের শাসনকাল।

৬৫৬ ডিসেম্বর ১০উটের সমর। খলিফা উসমান হত্যার বিচার না করায় আলীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন আয়েশা বিনতে আবু বকর, তালহা আর জুবায়ের। বসরার কাছে সংঘটিত হওয়া এই সমরে আলীর সমর্থকদের কাছে পরাজিত হন তাঁরা।

সিরিয়ায় উসমানের আত্মীয় মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এই বিরোধিতার নেতৃত্ব দেন।

৬৫৭ জেরুসালেম থেকে কুফায় রাজধানী সরিয়ে নিলেন আলী।

জুলাই ২৬-২৮ সিফফিনের সমর। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলে। সেই মধ্যস্থতা আলীর বিপক্ষে চলে গেলো। মুয়াবিয়া তাঁকে পদচ্যুত করলেন। জেরুসালেমে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করা হলো। খারিজিরা আলীর শিবির থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

৬৫৮ নাহরাওয়ানের সমর।*
* রাশিদুন খেলাফতের হাতে খারিজিরা পরাস্ত হলেন।

৬৫৯ বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে শান্তিচুক্তি সই করল রাশিদুন খেলাফত।

৬৬০, ৬৬৮, ৭১২ কনস্টান্টিনোপল জয়ের একাধিক আরব প্রচেষ্টা ব্যর্থ হল।

৬৬১ মুসাইলামার স্ত্রী সাজাহ বিনতে আল-হারিস ইবনে সুয়াদের মৃত্যু, রিদ্দা যুদ্ধ চলাকালীন সময়ে তিনিই একমাত্র মহিলা যিনি নিজেকে নবি বলে দাবি করেছিলেন।

এক খারিজি চরমপন্থীর হাতে খুন হলেন আলী। আলীর সমর্থকরা তাঁর পুত্র হাসানকে পরবর্তী খলিফা বানাতে চাইল। কিন্তু সিরিয়ার প্রশাসক মুয়াবিয়ার সাথে একটা সমঝোতায় এসে মদিনায় অবসরে গেলেন হাসান।

উমাইয়া খেলাফতের প্রথম খলিফা হলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, ‘প্রথম মুয়াবিয়া’ হিসাবে পরিচিত।

উমাইয়া খেলাফত
৬৬১-৭৫০ সাল

“After Ali’s death, the khalifate was just an empire.”

Tamim Ansary (1948-), Afghan-American Author

৬৬১-৭৫০ উমাইয়া খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান সিরিয়ার দামিশক।

৬৬১-৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার রাজত্বকাল।*
* রাজধানী মদিনা থেকে সরিয়ে দামিশকে নিয়ে আসেন।

৬৬৪ খলিফা প্রথম মুয়াবিয়ার প্রতি আনুগত্য ব্যক্ত করলেন আলবানিয়ার রাজকুমার জুয়ানশের।

৬৬৮-৭০ কন্সটান্টিনোপোলের বিরুদ্ধে উমাইয়া খেলাফতের অভিযান।

৬৬৯ মদিনায় মৃত্যুবরণ করলেন হাসান ইবনে আলী।

৬৭০ কায়রাওয়ান প্রতিষ্ঠা, মার্ভে ঘাঁটি গাড়লো উমাইয়া সেনাবাহিনী।

৬৭০-৭৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লেবাননের পাহাড়গুলোতে গড়ে উঠল মারদাইতেস গেরিলা আন্দোলন।

৬৭২ খেলাফতের কেন্দ্র মদিনা থেকে দামিশকে স্থানান্তরিত করলেন মুয়াবিয়া।

৬৭৩ লিসিয়ায় আরবদের নৌ অভিযাত্রা, উমাইয়া খলিফা প্রথম মুয়াবিয়া আর বাইজেন্টাইন সম্রাট চতুর্থ কন্সটান্টাইনের মধ্যে সন্ধি।

৬৭৪ আরবরা প্রথমবারের মত আমু দরিয়া পার হল।

৬৮০ উমাইয়া খলিফা মুয়াবিয়ার মৃত্যু।

৬৮০-৮৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকার কুসায়লা বিদ্রোহ।

৬৮০-৯২ দ্বিতীয় ফিতনা। খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর, মতান্তরে তাঁর পুত্র খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যুর পর, দেখা দেয়া রাজনৈতিক বিশৃঙ্খলা। আস্কেলন ও সিজারিয়ায় অভিযান চালাল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর দ্বিতীয় উমাইয়া খলিফা হলেন তাঁর পুত্র প্রথম ইয়াজিদ। কুফার মুসলমানরা, যাঁরা নিজেদের শিয়াতু আলী বা আলীর পার্টিজান বলতেন, আলীর দ্বিতীয় পুত্র হোসেনকে খলিফা দাবি করলেন। মদিনা থেকে কুফার দিকে রওনা করলেন হোসেন।

অক্টোবর ১০ কারবালার যুদ্ধ। শহিদ হলেন হোসেন ইবনে আলি। নারী শিশু নির্বিশেষে তাঁর পক্ষে থাকা মানুষদের কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হল।

আরবে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের।

৬৮১ উত্তর আফ্রিকা বিজয় শেষে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছে গেল ইসলামী বাহিনী।

৬৮১-৯২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইবনে জুবায়ের। বিদ্রোহের কেন্দ্র মক্কা। কঠোরহস্তে বিদ্রোহ দমন করলেন হাজ্জাজ বিন ইউসূফ।

৬৮৩ খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যু। তাঁর পুত্র দ্বিতীয় মুয়াবিয়ার মৃত্যু। সিরীয়দের মদতে ক্ষমতায় এলেন প্রথম মারওয়ান।

৬৮৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে মধ্য আরবে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন খারিজিরা। ইরাক ও ইরানে খারিজি বিদ্রোহ। কুফায় শিয়া অভ্যুত্থান।

৬৮৫-৭০৫ খলিফা আবদুল মালেকের রাজত্বকাল।*
* উমাইয়া শাসন পুনর্বহাল করেন।

৬৮৭-৬৯১ আরবের অধিকাংশ জায়গা এ সময় খারিজিদের নিয়ন্ত্রণে আছে।

৬৯১ খারিজি ও শিয়া বিদ্রোহীদের পরাস্ত করল উমাইয়ারা। জেরুসালেমে কুব্বাতুস সাখরার (قبة الصخرة: Dome of the Rock) নির্মাণকাজ সম্পন্ন হল। উমাইয়া খলিফা আবদুল মালেকের তত্ত্বাবধানে।

৬৯২ উমাইয়াদের হাতে পরাস্ত ও খুন হলেন ইবনে জুবায়ের।

ফিতনা যুদ্ধের ফলে বসরা, মদিনা ও কুফায় একটি ধর্মীয় আন্দোলন গড়ে ওঠে। বিভিন্ন মতবাদ জনজীবন ও ব্যক্তিগত জীবনে কুরআনের আরও কঠোর প্রয়োগের জন্য প্রচারণা চালায়।

বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে উমাইয়া খেলাফতের শান্তিচুক্তির অবসান। সেবাস্তোপলিসের যুদ্ধ

৬৯৬ আরবিকে পারস্যের দরবারি ভাষার মর্যাদা দেয়া হল।*
* তবে ইরানিরা ফারসিতে বাতচিত করা অব্যাহত রাখেন। সংস্কৃতিচর্চার ভাষা হিসেবেও ফারসিই ব্যবহৃত হতে থাকে। আনুমানিক এ সময় থেকে নবম শতাব্দীর মধ্যে আধুনিক ফারসি ভাষা গড়ন পায়, যা লেখা হয় এক ধরণের আরবি লিপিতে।

৬৯৭ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লড়াই চালানো বার্বার রানীর মৃত্যু। তাঁর আরব প্রতিপক্ষ তাঁর নাম দিয়েছিল আল-কাহিনা। অর্থ: “দিব্যদর্শী”।

৬৯৮ উমাইয়া খেলাফতের কার্থেজ জয়।

৬৯৯-৭৬৭ আবু হানিফা।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা হানাফি মাজহাব নামে পরিচিত।

৭০১-৮০০ ওমানে ইসলামের আগমন ও আরব আধিপত্যের সূচনা।

এ সময়ই কখনো নির্মিত হয় দার্ব জুবাইদা

৭০৩ ভার্ডানেকার্টে আরব গ্যারিসন একটি আরমানি সেনাবাহিনীর কাছে হারল।

৭০৫-১৭ খলিফা আল-ওয়ালিদের রাজত্বকাল। উত্তর আফ্রিকা জয়।

৭০৫-১৪ এ সময়ই দামিশকে উমাইয়া মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

৭০৬ উমাইয়া খেলাফতের পায়কান্দ জয়। আরমানি অভিজাতদের হত্যা করা হল।

৭০৮ উমাইয়া খেলাফতের তানজিয়ার্স জয়।

৭১০ উমাইয়া খেলাফতের সিন্ধ জয়।

৭১১-১৪ উমাইয়াদেরআল-আন্দালুস অভিযান।

৭১১-১৪৯২ আল-আন্দালুস

৭১২-১৩ উমাইয়া খেলাফতের সমরখন্দ ও বুখারা জয়।

৭১৩-৭৯৫ মালিক ইবনে আনাস।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা মালিকি মাজহাব নামে পরিচিত।

৭১৭-২০ খলিফা দ্বিতীয় উমরের রাজত্বকাল।*
* প্রথম খলিফা যিনি ইসলামে ধর্মান্তরে উৎসাহ দিয়েছিলেন।

৭২০-২৪ খলিফা দ্বিতীয় ইয়াজিদের রাজত্বকাল।*
* এই উচ্ছৃঙ্খল শাসকের বিরুদ্ধে এ সময় শিয়া ও খারিজিদের মধ্যে নতুন করে তুমুল অসন্তোষ দেখা দেয়।

৭২৪-৪৩ খলিফা প্রথম হিশামের রাজত্বকাল।*
* একজন ধর্মপ্রাণ কিন্তু অধিকতর স্বৈরাচারী শাসক, যিনি অধিকতর ধার্মিক মুসলমানদেরও শত্রুভাবাপন্ন করে তোলেন।

৭২৮ বসরায় সূফী ও ধর্মতাত্ত্বিক হাসান বসরীর মৃত্যু।

৭২৮-৩০ আমু দরিয়া আর সির দরিয়ার মধ্যবর্তী অঞ্চলে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বড় ধরণের বিদ্রোহ দেখা দিল।

৭৩২ পয়তিয়ের্সের/তুর্সের সমর। ফ্রান্সে শার্ল মার্টেলের হাতে উমাইয়া সেনাবাহিনীর পরাজয়। ব্যর্থ হয়ে গেল আরবদের ইওরোপ জয়ের প্রচেষ্টা।

ইবনে ইসহাক কর্তৃক রচিত হল সীরাত রাসূল উল্লাহ।*
* ইসলামের নবির চিরন্তন হওয়ার ১০০ বছর পর রচিত হয় তাঁর প্রথম পূর্ণাঙ্গ জীবনী। এর কোন কপি আর পাওয়া যায় না। তবে ৮৩৩ সালে মৃত্যুবরণ করা আব্বাসীয় ঐতিহাসিক ইবনে হিশামের সম্পাদিত সংস্করণটি টিকে আছে।ইসলামের ইতিহাসের আদিপর্বের প্রাথমিক উৎস বিবেচিত সীরাত। এ সময় সম্পর্কে পরবর্তীতে যাঁরাই ইতিহাস লিখেছেন, সবাইকেই সীরাতয়ের ওপর নির্ভর করতে হয়েছে। ইবনে ইসহাকের সীরাত পরম্পরাগত ঐতিহাসিকদের প্রধান উৎস।

৭৩৪ জর্দান উপত্যকার জেরিকো শহরের নিকটে খিরবাত আল মাজফার নামে একটি প্রাসাদ নির্মাণ করলেন খলিফা ওয়ালিদ ইবনে ইয়াজিদ।

৭৪০ আনাতোলিয়ায় উমাইয়া বাহিনী বাইজেন্টাইন বাহিনীর কাছে হারল।

৭৪০-৪২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকায় বার্বার বিদ্রোহ।

৭৪৩ খলিফা দ্বিতীয় ওয়ালিদের রাজত্বকাল।

৭৪৩-৪৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল আব্বাসী বংশ। পারস্যে। তাঁরা লড়ছিলেন শিয়াদের ব্যানারে।

৭৪৪-৪৯ খলিফা দ্বিতীয় মারওয়ানের রাজত্বকাল।*
* বিদ্রোহীদের বিরুদ্ধে উমাইয়া আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তাঁর সিরীয় বাহিনী কিছু শিয়া বিদ্রোহ দমন করে।

৭৪৪-৫০ তৃতীয় ফিতনা। অভ্যন্তরীণ দ্বন্দ্বসংঘাতে উমাইয়া খেলাফত দুর্বল হয়ে পড়ল। আখেরে পতন ঘটে।

৭৪৭-৫০ আব্বাসী বিপ্লব।

৭৪৯ আব্বাসীদের কুফা বিজয় ও উমাইয়া খেলাফত উৎখাত।

আব্বাসী খেলাফত
৭৫০-১২৫৮ সাল

“By the early 800s, they had their empire, which stretched from the Atlantic to the Indus. They had their capital, a world city of over a million people in Baghdad, and they had the diverse cultures of the Greeks, Copts, Persians, and Indians from which to adopt the best aspects of previous civilizations. It was high time for the inauguration of the idealistic society they promised. In the mind of the seventh Abbasid caliph, al-Ma’mun (r. 813–833), that future idealistic society could only be achieved through science and rationalism. In order to achieve this, the various threads of scientific knowledge that existed throughout the empire had to be brought together in a central location. He believed that if the best scholars from the Muslim world could be brought together to learn from each other, limitless possibilities would open up. With this in mind, he established an educational institute in Baghdad known as the House of Wisdom (Arabic: Bayt al-Hikmah). Its scope was such that it defies definition by modern understandings of educational establishments. It was at once a university, library, translation institute and research lab, all on one campus. Libraries and small schools had existed since Umayyad times, but the emphasis placed on the acquisition of knowledge by the Abbasids far surpassed that of their predecessors. It was said that if a scholar would translate any book from its original language into Arabic, he would be given that book’s weight in gold. The most renowned scholars, Muslim and non-Muslim, from across the world flocked to Baghdad to be a part of al-Ma’mun’s project. For the first time in history, the best of Persia, Egypt, India, and former Byzantine lands could be brought together to advance science in ways that would benefit the entire world.”

Firas Alkhateeb (1986-), American Historian 

৭৫০-১২৫৮ আব্বাসী খেলাফত
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান ইরাকের বাগদাদ।

৭৫০-৫৪ খলিফা আবু আব্বাস আস-সাফফার রাজত্বকাল।*
* তিনি উমাইয়া পরিবারের ওপর একটা হত্যাযজ্ঞ চালান।

৭৫০ আব্বাসীরা উমাইয়াদের ওপর গণহত্যা চালিয়ে ক্ষমতায় আসে। এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া উমাইয়া রাজকুমার প্রথম আবদুর রহমান শরণার্থী হিসেবে সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে পালিয়ে যান। পাঁচবছর পর তিনি নিজেকে আল-আন্দালুসে আবিষ্কার করেন।

ইমাম ইব্রাহিমের মৃত্যু। তিনি আব্বাসী বংশের প্রধান ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন তাঁর ভাই ইব্রাহিম।

আব্বাসীরা খেলাফতের কেন্দ্র দামিশক থেকে সরিয়ে বাগদাদে নিয়ে গেল।

৭৫১ তালাসের সমর। চীনের তাং রাজবংশের সাথে। যুদ্ধ শেষে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

৭৫৫-৭৫ খলিফা আবু জাফর আল-মনসুরের রাজত্বকাল।*
* শিয়া ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেন।

৭৫৫ আব্বাসীয় বিপ্লবের মাস্টারমাইন্ড আবু মুসলিমের মৃত্যু।

৭৫৬ আব্বাসী খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল স্পেন। স্থানীয়ভাবে একটা নয়া উমাইয়া খেলাফত গড়ে উঠল। যার নেতৃত্বে ছিলেন আব্বাসী হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য, স্পেনে শরণার্থী, প্রথম আবদুর রহমান।

৭৬২ আব্বাসী খেলাফতের নতুন রাজধানী হিসেবে বাগদাদের প্রতিষ্ঠা।

৭৬৫ শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের মৃত্যু।*
* তিনি শিয়াদের রাজনীতি থেকে সরে আসতে বলেছিলেন।

শিয়াদের ধর্মীয় আন্দোলন তিনটা উপদলে ভাগ হল: ইসমাইলি, ইসনা আশারিয়া (দ্বাদশবাদী), ও জায়েদি

৭৬৭-৮২০ মুহাম্মদ ইবনে ইদ্রিস শফি।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা শাফেঈ মাজহাব নামে পরিচিত।

৭৬৮ ইবনে ইসহাকের মৃত্যু।

৭৭৫-৮৫ খলিফা আল-মাহদীর রাজত্বকাল।*
ফিকহ, অথা ইসলামি আইনশাস্ত্রের, বিকাশে উৎসাহ যোগান। ধর্মীয় আন্দোলনটির ধার্মিকতাকে স্বীকার করেন। যা ক্রমান্বয়ে আব্বাসী রাজবংশের স্বৈরাচারের সাথে সহাবস্থান করতে শিখছিল।

৭৮০-৮৫৫ আহমাদ ইবনে হাম্বল।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা হাম্বলী মাজহাব নামে পরিচিত।

৭৮৫-৮৬ খলিফা আল-হাদীর রাজত্বকাল।

৭৮৬-৮০৯ খলিফা হারুনুর রশিদের রাজত্বকাল।*
* আব্বাসী ক্ষমতা এ সময় উৎকর্ষের শীর্ষে আছে। বাগদাদ ও সাম্রাজ্যের অন্যান্য শহরগুলিতে এক মহান সাংস্কৃতিক রেনেসাঁ দেখা দিয়েছে। পাণ্ডিত্য, বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি খলিফা ফিকহ অধ্যয়ন ও হাদিস সংকলনকেও উৎসাহিত করেন যা শরিয়াকে সুসংহত রূপ প্রদান করবে।

৭৮৬ মক্কায় শিয়া বিদ্রোহ।

৮০১-৯০০ এ সময় নাগাদ পারস্যের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেন। জরথুস্ট্রবাদ সংখ্যালঘু ধর্মে পরিণত হয়। সেলজুক তুর্কিরা বাগদাদের খলিফার মার্সেনারিতে পরিণত হন।

ইবাদি ইমামরা ওমান শাসন করতে শুরু করলেন।

৮০০-৯০৯ আগলাবি রাজবংশ।*
* এঁরা স্রেফ নামকাওয়াস্তে আব্বাসী খলিফাদের সামন্ত ছিলেন।

৮০০-৯০৯ সিসিলির পশ্চিম অংশ ও ইফ্রিকিয়ার ওপর আগলাবিদের স্বশাসন দেয়া হল।

৮০১ সূফী ও কবি রাবেয়া বসরীর মৃত্যু।

৮০৬ বাইজেন্টাইন ভূখণ্ডে হারুনুর রশিদের বিখ্যাত অভিযান।

৮০৯-১৩ খলিফা হারুনুর রশিদের দুই ছেলের মধ্যে গৃহযুদ্ধ। যুদ্ধে আল-মামুন জেতেন। হেরে যান আল-আমিন।

৮১০-৭০ ইমাম বুখারি।*
* হাদিস সংগ্রাহক, বুখারি শরিফের জন্য বিখ্যাত।

৮১৩-৩৩ খলিফা আল-মামুনের রাজত্বকাল।*
* তাঁর রাজত্বকালে যুক্তিবাদী ধর্মতাত্ত্বিক মুতাজিলাদের উত্থান ঘটে।

৮১৩ আব্বাসী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলো সিরীয়রা।

৮১৪-১৫ বসরায় শিয়া বিদ্রোহ ও খোরাসানে খারিজি বিদ্রোহ।

৮১৭ শিয়া ইসলামের অষ্টম ইমাম আল-রিজাকে নিজ উত্তরসূরী হিসেবে মনোনীত করলেন আল-মামুন।

৮১৮ আল-রিজার মৃত্যু, সম্ভবত হত্যার শিকার হন।

মিহনা।*
* খলিফার মদতপুষ্ট একটি নির্যাতনব্যবস্থা লোকসমাজে অধিক জনপ্রিয় আহলে হাদিসদের ওপর যুক্তিবাদী মুতাজিলাদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করে। আহলে হাদিসরা নিজ মতামতের জন্য জেলজুলুমের শিকার হন। আহলে হাদিসদের একজন আইকন ছিলেন ইমাম হাম্বল।

৮৩৩-৪২ খলিফা আল-মুতাসিমের রাজত্বকাল।*
* তুর্কি দাস যোদ্ধাদের নিয়ে নিজস্ব বাহিনী তৈরি করেন মুতাসিম, রাজধানী সরিয়ে নেন সামারায়।

৮৪২-৪৭ খলিফা আল-ওয়াসিকের রাজত্বকাল।

৮৪২ সিরিয়ার গ্রামাঞ্চলে শিয়া মতবাদের প্রসার।

৮৪৭-৬১ খলিফা আল-মুতাওয়াক্কিলের রাজত্বকাল।*
* মুতাজিলাদের গুরুত্বহ্রাস করেন।

৮৪৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীকে সামারা আশকারি দুর্গে আটক করে রাখা হয়।

৮৬১ নিজ তুর্কি দেহরক্ষীদের এক প্রাসাদ ক্যুদেতায় খুন হলেন আল-মুতাওয়াক্কিল।

৮৬১-৯৪৫ আব্বাসীয় খেলাফতের ভাঙন। প্রদেশগুলো স্বাধীন হতে শুরু করে। এসব প্রদেশে কেন্দ্রীয় খেলাফত সরকারের নিয়ন্ত্রণ নামেমাত্র বহাল থাকে।

৮৬১-৬২ খলিফা আল-মুনতাসিরের রাজত্বকাল।

৮৬২-৬৬ খলিফা আল-মুস্তাইনের রাজত্বকাল।

৮৬৬-৬৯ খলিফা আল-মুতাজের রাজত্বকাল।

৮৬৫ আল-আজরাকি, আখবার মাক্কাহ।*
* শহরটির প্রথম ইতিহাস বলে বিবেচিত হয়।

৮৬৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীর মৃত্যু। তাঁর পুত্র হাসান আল-আশকারি সামারায় কারাবন্দী হিসেবে বাস করতে থাকলেন।

৮৬৮-৯৬৯ এ সময় সিরিয়া শাসন করছেন মিসরের আব্বাসীয় প্রশাসকরা। কিন্তু প্রথমে তুলুনীয় আর পরে ইখশিদিদদের এই শাসন মোটেই নিরঙ্কুশ কিছু ছিল না। দক্ষিণ সিরিয়া কার্যত কারামাতীয় শিয়াদের নিয়ন্ত্রণে ছিল।

৮৬৯-৭০ খলিফা আল-মুহতাদির রাজত্বকাল।

৮৭০ দার্শনিক ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দির রাজত্বকাল।

৮৭০-৭২ খলিফা আল-মুতামিদের রাজত্বকাল।

৮৭৩/৮৭৪ সামারায় কারাবন্দী দশায় মৃত্যুবরণ করেন শিয়া ইসলামের একাদশ ইমাম হাসান আল-আশকারি। তাঁর ছেলে আবুল কাশেম মোহাম্মদ নিজের জীবন বাঁচাতে উধাও হয়ে যান বলে বিশ্বাস করা হয়। তিনিই শিয়া ইসলামের দ্বাদশ তথা গায়েব ইমাম।

“মাতাল” সূফীদের প্রথম জন বায়েজীদ বোস্তামির মৃত্যু।*
* এই “মাতাল” মানে আক্ষরিক অর্থে মদ্যপ নয়, বরং খোদাপ্রেমে বেদিশা হয়ে যাওয়া বুঝায়।

৮৭৩/৮৭৪-৯৪০ স্বল্পকালীন গায়েবা (غيبة: Occultation)। এ সময় দ্বাদশবাদী শিয়াদের ইমামের প্রতিনিধিত্ব করছিলেন চারজন উকিল।

৮৭৫-১০০৫ সামানীয় রাজবংশের শাসন।

৮৯২-৯০২ খলিফা আল-মুতাদিদের রাজত্বকাল।

৮৯৯-১০৭৭ পূর্ব আরবে কারমাতীয় রাজ্য।*
* এর রাজধানী ছিল আল-হাসায়।

৯০২-৮ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।

৯০৮-৩২ খলিফা আল-মুকতাদিরের রাজত্বকাল।

৯০৯ ইফ্রিকিয়াতে আগলাবীয়রা ফাতিমিদের* হাতে উৎখাত হয়ে গেল।
* ফাতিমিরা ইসমাইলী শিয়া।

৯০৯-১১৭১ ফাতিমি খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান তিউনিসিয়ার ইফ্রিকিয়া।

এ সময় মিসর শাসন করছে শিয়াদের ফাতিমি খেলাফত।

৯১০ সূফি জোনায়েদ বাগদাদীর মৃত্যু।

৯২২ ধর্মদ্রোহিতার দায়ে সূফী মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

৯২৩ বাগদাদে ঐতিহাসিক আবু জাফর আল-তাবারির মৃত্যু।

৯৩০ কারমাতীয়রা মক্কায় ঢুকে অসংখ্য হাজীকে হত্যা করে। ব্যাপক লুঠতরাজ চালায়। কাবা ঘরের পবিত্র পাথরটিও চুরি করে কাতিফে নিয়ে যায় তারা।

৯৩২-৩৪ খলিফা আল-কাহিরের রাজত্বকাল।

৯৩৪-৪০ খলিফা আল-রাজির রাজত্বকাল।

৯৩৪ আলী ইবনে বুইয়া ফার্স জয় করলেন। সিরাজকে রাজধানী করে প্রতিষ্ঠা করলেন বুয়ী রাজবংশ। আলীর লকব ছিল ইমাদুদ্দৌলা

৯৩৪-১০৬২ বুয়ী রাজবংশ

৯৩৫ দার্শনিক হাসান আল-আশ’আরীর মৃত্যু। এ সময় থেকে খলিফাদের আর জাগতিক ক্ষমতা ছিল না, তাঁরা স্রেফ একটি প্রতীকী কর্তৃত্ব বজায় রেখে চলছিলেন। প্রকৃত ক্ষমতা স্থানীয় শাসকদের হাতে চলে গেল, যারা সাম্রাজ্যের বিভিন্ন অংশে রাজবংশ প্রতিষ্ঠা করেন। এদের অধিকাংশই আব্বাসীয় খলিফাদের আধিপত্য স্বীকার করেন।

৯৪০ বৃহত্তর গায়েবা (غيبة: Occultation)র সূচনা। দ্বাদশবাদী শিয়ারা তাঁদের ইমামের সাথে যোগাযোগ হারিয়ে ফেললেন।

৯৪৪-১০০৩ আলেপ্পোর হামদানি রাজত্ব শাসন করছে উত্তর সিরিয়া।

৯৪৫ বাগদাদের নিয়ন্ত্রণ নিল বুয়ীরা।

৯৫০ কারমাতীয়রা চুরিকৃত পবিত্র পাথরটি মক্কাকে ফিরিয়ে দিল।  কর্দোবা খেলাফতের করদ রাজ্যে পরিণত হল বার্সেলোনা।

৯৬০ মক্কার স্থানীয় শাসক হিসেবে প্রতিষ্ঠিত হলেন শরিফরা।

৯৬২-১১৮৬ গজনভী রাজবংশের শাসন।

৯৬৯-৯৭ বাইজেন্টাইনরা সিরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নেয়ার চেষ্টা করেন। ৯৭০ সালে সফর চুক্তির মধ্য দিয়ে আলেপ্পো বাইজেন্টাইনদের মক্কেল রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু বাইজেন্টাইনরা শেষ পর্যন্ত ফাতিমিদের দৃঢ় প্রতিরোধের কারণে তাঁদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হন।

৯৭০-৭২ কায়রোতে ফাতিমিরা প্রতিষ্ঠা করল জামিয়াতুল আল-আজহার।

৯৭৮-১০৭৬ এ সময় দক্ষিণ সিরিয়া শাসন করছে ফাতিমি খেলাফত।

১০১০ শাহনামা লেখা শেষ করলেন ফেরদৌসী।

১০২৩-৭৯ এ সময় আলেপ্পো শাসন করছে বেদুঈন মির্দাসীয় গোষ্ঠী।

১০৩৭-১১৯৪ সেলজুক সাম্রাজ্য

১০৫৫ বুইরদের খেদিয়ে দিয়ে বাগদাদের নিয়ন্ত্রণ নিল সেলজুকরা। কাগজকলমে আব্বাসীয় খলিফা ক্ষমতায় রয়ে গেলেও কার্যত সেলজুকরাই এসময় থেকে রাজত্ব করতে থাকেন। দুই শতাব্দী পরে হালাকু খাঁর নেতৃত্বাধীন মঙ্গোলদের হামলায় আব্বাসীয় খেলাফতের আনুষ্ঠানিক অবসান ঘটবে।

১০৭১ মানজিকার্টের যুদ্ধ, সেলজুক তুর্কিদের হাতে বাইজেন্টাইনদের পরাজয়। আনাতোলিয়ায় তুর্কিদের প্রবেশ। ফিলিস্তিন সমেত পুরো সিরিয়া সেলজুক সুলতানশাহির অধীনস্ত।

১০৭১-৯৮ এ সময় ফিলিস্তিন শাসন করছেন তুরস্কের সেলজুক সুলতানশাহি।

১০৭৭-১৩০৮ রুমি সুলতানশাহি

১০৯৫-১২৯১ ক্রুসেডস

১০৯২-১১৩৫ খলিফা আল-মুস্তারশিদের রাজত্বকাল।

১০৯৫-১২৭০ মূলত ফ্রান্সের নেতৃত্বে সংঘটিত হল আটটি ক্রুসেড

১১১৬-৫৪ আতাবেক তুঘতাগিন দামিশকে একটি স্বল্পস্থায়ী রাজত্ব প্রতিষ্ঠা করলেন এবং ফাতিমিদের মক্কেল হিসেবে শাসন করতে লাগলেন।

১১৩১ কবি ওমর খৈয়্যামের মৃত্যু।

১১৩৫ সেলজুকদের হাতে খুন হলেন খলিফা আল-মুস্তারশিদ।

১১৩৬-৬০ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।

১১৫৭ সেলজুকরা বাগদাদ ঘেরাও দিল কিন্তু অনুপ্রবেশ করতে ব্যর্থ হল।

১১৫৮ আলেপ্পোর প্রাচীনতম মসজিদটির নির্মাণকাজ শুরু হল।

১১৭১ নুরুদ্দিন জঙ্গির সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী মিসরে নামকাওয়াস্তে আব্বাসীয় শাসন ফিরিয়ে আনলেন। এর মধ্য দিয়ে দেশটির ফাতিমি ইসমাইলি শিয়া খেলাফতের অবসান হল। সুন্নী সুলতানশাহি প্রতিষ্ঠা করলেন সালাউদ্দিন আইয়ুবী।

১১৭৪-৯৩ মিসর ও সিরিয়ার সুলতান এবং আইয়ুবী সুলতানশাহির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবীর রাজত্বকাল।

১১৮১-৮৩ ফরাসি নাইট রেনঁ দ্য শাতিলীয় মক্কাকে হুমকি দিলেন। রেনঁর বাহিনী সমগ্র হিজাজ অঞ্চলে লুঠতরাজ চালাল। ফ্রাঙ্কদের অঞ্চলটি থেকে বিতাড়িত করা হলো।

১১৮৭ হাত্তিনের যুদ্ধ।*
* জেরুসালেমের ক্রুসেডার রাজাকে পরাস্ত করলেন সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডারদের হাত থেকে জেরুসালেম ও গাজা পুনরুদ্ধার। সিরিয়া ও লেবানন থেকে বিতাড়িত হল ক্রুসেডাররা, কারাকে পরাজিত হয়ে জর্দান ছেড়ে গেল।

১২০২ কবি নিজামীর মৃত্যু।

ইবনে আরাবি, দ্য মেক্কান রেভল্যুশনস

১২২০-৫৮ চেঙ্গিজ খাঁর নেতৃত্বে মঙ্গোলরা পারস্যে ধবংসলীলা চালায়।

১২২৫ শেষ সামর্থ্যবান আব্বাসী খলিফা আল-নাসিরের মৃত্যু।

১২৫০-১৫১৭ মামলুক সুলতানশাহি।*
* এই সুলতানশাহির কেন্দ্র ছিল বর্তমান মিসরের কায়রো।

১২৫৮ মঙ্গোলদের আক্রমণে বাগদাদ ধবংস হয়ে গেল, এর মধ্য দিয়ে আব্বাসী খেলাফতের অবসান ঘটে।

১২৬০ মঙ্গোলদের সিরিয়া বিজয়।

তথ্যসূত্র

রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।

Adamec, Ludwig W. 2017. Historical Dictionary of Islam. 3rd ed. Rowman & Littlefield.

Arafat, W. N. 1976. “New Light on the Story of Banū Qurayẓa and the Jews of Medina.” Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, no. 2: 100–107. http://www.jstor.org/stable/25203706.

Armstrong, Karen. 2002. Islam: A Short History. Modern Library.

Hazleton, Lesley. 2010. After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split in Islam. Vintage.

Hoyland, Robert G.. 2014. In God’s Path: the Arab Conquests and the Creation of an Islamic Empire. Oxford University Press.

Louër, Laurence. 2020. Sunnis and Shiʻa: A Political History of Discord. Translated by Ethan Rundell. Princeton University Press.

McHugo, John. 2018. A Concise History of Sunnis & Shi‘is. Georgetown University Press.

Ruthven, Malise, and Azim Nanji. 2004. Historical Atlas of Islam. Harvard University Press.

Sardar, Ziauddin. 2017. Mecca: The Sacred City. Paperback ed. Bloomsbury.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

3 thoughts on “আরব-ইসলামী সাম্রাজ্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *