
ক্রুসেডস
Featured Image: “A 19th century CE painting by Francesco Hayez of the First Crusaders at the walls of Jerusalem in 1099 CE. (Royal Palace of Turin, Italy)”

World History Encyclopedia.
“Am I my brother’s keeper?”
(Genesis 4:9)
পূর্বসাল
১০০৪/১০০৩ রাজা দাউদ জেরুসালেমে তাঁর ইহুদি রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করলেন।*
* জেরুসালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলমান – এই তিন একেশ্বরবাদী সম্প্রদায়ের চোখেই এক পবিত্র নগরী। পশ্চিম দেয়াল, দ্য চার্চ অফ দ্য হোলি সেপুলচার, আর আল আকসা মসজিদ এই নগরীর ওল্ড সিটিতে অবস্থিত। “জেরুজালেম এক ঈশ্বরের ঘর, দুই জাতির রাজধানী, তিন ধর্মের মন্দির, আর একমাত্র শহর যা অস্তিত্বশীল ছিল দুইবার – একবার স্বর্গে আর একবার মর্ত্যে।” (Montefiore 2011)
পূর্বসাল ৪৫০-১৯৪৮ সাল ২ হাজার বছরেরও বেশি সময় ধরে জর্দান নদী আর ভূমধ্যসাগরের মধ্যবর্তী ভৌগোলিক অঞ্চলটুকু ফিলিস্তিন নামে পরিচিত ছিল।
পূর্বসাল ৬-৩০ সাল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম নেয়া খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র জেসাস ক্রাইস্টের জীবনকাল।
সাল
৩৩০-১৪৫৩ পূর্ব রোমক সাম্রাজ্য।*
* বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত।
৫৭০ মক্কার কুরাইশ গোত্রে জন্ম নিলেন হযরত মুহাম্মদ (সা.)।*
* হযরত মুহাম্মদের (সা.) অনুসারীরা মুসলিম (المسلمون) নামে পরিচিত, আরবিতে আল-মুসলিমুন অর্থ: “আত্মসমর্পণকারী”; যাঁরা আল্লাহ’র (ٱللَّٰه) কাছে আত্মসমর্পণ করেন তাঁরাই মুসলিম।
৬২২ জুলাই ১৬ মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করলেন হযরত মুহাম্মদ (সা.)। ইয়াসরিব পরবর্তীতে মদিনা নামে পরিচিতি পাবে। আরবিতে মদিনা অর্থ: “শহর।” মদিনা শব্দটি মদিনাতুন নবির অংশ। এর অর্থ: “নবির শহর।” মুসলিম পঞ্জিকার, যা হিজরি সন বলে পরিচিত, গণনা এ বছর থেকে শুরু হয়।
৬৩৮ জেরুসালেম জয় করলেন খলিফা উমর।
৬০১-৮০০ আরবরা একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, যা পূর্বে সিন্ধু নদ থেকে পশ্চিমে পাইরেনিজ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল।
৮০৯ খলিফা হারুনুর রশিদের মৃত্যু এ সময় আরব সাম্রাজ্য তার উৎকষের চূড়ায় আছে।
৯০১-১০০০ যদিও তাদের সভ্যতা তখনও সমৃদ্ধি লাভ করছিল, এ সময় আরবদের রাজনৈতিক অবক্ষয় শুরু হয়। খলিফারা তুর্কি ও পারসিক সামরিক কর্মকর্তাদের কাছে তাঁদের ক্ষমতা হারাতে থাকেন।
১০৫৫ বাগদাদের শাসক হল সেলজুক তুর্কিরা।
১০৭১ মানজিকার্টের যুদ্ধ।*
* সেলজুক তুর্কিদের হাতে বাইজেন্টাইনদের পরাজয়। আনাতোলিয়ায় তুর্কিদের প্রবেশ। ফিলিস্তিন সমেত পুরো সিরিয়া সেলজুক সুলতানশাহির অধীনস্ত হল।
১০৭২-৯৮ এ সময় ফিলিস্তিন শাসন করছেন সেলজুক সুলতানশাহি।
১০৮১ এপ্রিল-আগস্ট ১১১৮ বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিওস প্রথম কমনেসোসের রাজত্বকাল।
১০৯৫ মার্চ সেলজুক তুর্কিদের অগ্রাভিযানের হাত থেকে বাঁচতে পশ্চিমা খ্রিস্টানদের সহায়তা চাইলেন বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিওস প্রথম কমনেসোস।
নভেম্বর ২৭ প্রথম ক্রুসেডের* ডাক দিলেন পোপ দ্বিতীয় আরবান। বর্তমান ফ্রান্সের ক্লেরমন্তে অনুষ্ঠিত ক্লেরমন্ত কাউন্সিলে দেয়া এই ডাকের ঘোষিত উদ্দেশ্য ছিল, সেলজুক তুর্কিদের হাত থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করা।
* ক্রুসেড সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, Asbridge (2010) ও Maalouf (2012).
রাইনল্যান্ড ম্যাসাকারস। প্রথম ক্রুসেড চলাকালে জার্মানি আর ফ্রান্সের কৃষকরা ইহুদিদের ওপর এক ভয়াবহ নিধনযজ্ঞ চালান।
১০৯৫-১২৭০ মূলত ফ্রান্সের নেতৃত্বে সংঘটিত হল আটটি ক্রুসেড।
১০৯৬ ‘জনগনের ক্রুসেড’। প্রথম ক্রুসেডের সময়ই পিটার দ্য হারমিটের নেতৃত্বে একটি বাহিনী কন্সটান্টিনোপলের উদ্দেশ্যে রওনা দেয়।
অক্টোবর ২১ পিটার দ্য হারমিটের নেতৃত্বাধীন বাহিনীকে চূর্ণ করলেন নিসিয়ার সুলতান কিলিজ আরসালান।
১০৯৭ প্রথম বৃহৎ আকারের ফ্রাঙ্কিশ অভিযান।
জুন ১৮ প্রথম ক্রুসেডের সময় ক্রুসেডারদের হাতে নিসিয়ার পতন।
জুলাই ১ ডোরিলিয়ামের সমর, পরাজিত হলেন সুলতান কিলিজ আরসালান।
১০৯৮ জুন ফ্রাঙ্করা প্রথমে এডেসা, তারপর অ্যান্টিওক দখল করে। মসুলের শাসক কারবুকার নেতৃত্বে একটি মুসলিম উদ্ধারকারী বাহিনীর ওপর বিজয় লাভ করে। মা’আররায় নরভক্ষণের ঘটনা ঘটে।
১০৯৯ জুলাই ১৫ ক্রুসেডারদের হাতে জেরুসালেম* ও গাজার পতন।
মিসরীয় উদ্ধারকারী বাহিনীর চরম পরাজয়। দামিশকের কাজী আল-হারাভীর নেতৃত্বে বাগদাদে হাজির হয় একদল শরণার্থী। আক্রমণের মুখে মুসলিম নেতাদের নিষ্ক্রিয়তার নিন্দা জানান তিনি।
* শহরটির ইহুদি ও মুসলমানদের ওপর ভয়াবহ হত্যালীলা চালানো হয়, ইহুদিরা প্রাণভয়ে সীনাগোগে আশ্রয় নিলে বাইরে থেকে তালা আটকে তাদের জ্যান্ত পুড়িয়ে মারে ক্রুসেডাররা।
১১০০ বৈরুতের নিকট একটি অতর্কিত হামলা থেকে পালিয়ে যান এডেসার কাউন্ট বাল্ডউইন এবং নিজেকে জেরুসালেমের রাজা ঘোষণা করেন।
১১০৪ মে হাররানে মুসলিম বিজয়। যা ফ্রাঙ্কিশদের পূর্বমুখী অভিযানের গতি রোধ করে।
১১০৮ তেল বাশিরের নিকট এক অদ্ভুত যুদ্ধ। দুটি ইসলামী-ফ্রাঙ্কিশ জোট পরস্পরের সম্মুখীন হয়। সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া নিয়ে নিল ক্রুসেডাররা।
১১০৯ ২০০০ দিন অবরুদ্ধ হয়ে থাকার পর ত্রিপোলির পতন।*
* লিবিয়ার রাজধানী ত্রিপোলি না, সিরিয়ার উপকূলীয় শহর।
১১১০ বৈরুত ও সাইদার পতন।
১১১১ ফ্রাঙ্কিশ দখলদারিত্বের বিরুদ্ধে হস্তক্ষেপের দাবি জানাতে বাগদাদের খলিফার বিরুদ্ধে একটা দাঙ্গার আয়োজন করলেন আলেপ্পোর কাজী ইবনুল খাশশাব।
১১১২ টায়ারে বিজয়ী প্রতিরোধ।
১১১৫ সুলতানের পাঠানো এক বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার মুসলিম ও ফ্রাঙ্কিশ রাজকুমারদের জোট।
১১১৯ জুন ২৮ সারমাদার যুদ্ধ। ক্রুসেডারদের পরাস্ত করল আলেপ্পোর সেলজুকরা। আলেপ্পোর শাসক ইলগাজি ফ্রাঙ্কদের চূর্ণ করেন, নিহত হন অ্যান্টিওকের রজার।
১১২৪ টায়ার দখল করে ফ্রাঙ্করা। আসকালন বাদে পুরো উপকূলীয় এলাকা তাঁদের দখলে।
১১২৪-২৫ আলেপ্পো পুনর্দখলে ক্রুসেডারদের একটি প্রচেষ্টা ব্যর্থ হল।
১১২৫ গুপ্তঘাতক সম্প্রদায়ের হাতে খুন হলেন ইবনুল খাশশাব।
১১২৮-৪৬ আতাবেগ ইমাদুদ্দিন জঙ্গির নেতৃত্বে সিরিয়ায় সুন্নীদের পুনর্জাগরন।
১১২৮ দামিশকে ফ্রাঙ্কদের একটি অভিযান ব্যর্থ হল।
জুন আলেপ্পোর শাসক হলেন জঙ্গি।
১১৩৫ দামিশক দখলের একটা ব্যর্থ চেষ্টা চালালেন জঙ্গি।
১১৩৭ জেরুসালেমের রাজা ফুলককে বন্দী করলেন জঙ্গি। পরে ফুলককে মুক্তি দেয়া হয়।
১১৪০ জঙ্গির বিরুদ্ধে জোট বাঁধলো দামিশক ও জেরুসালেম।
১১৪৪ ডিসেম্বর এডেসা দখল করলেন জঙ্গি, যা প্রাচ্যে প্রতিষ্ঠিত চারটি ফ্রাঙ্কিশ রাজ্যের প্রথমটিকে ধ্বংস করে।
১১৪৫ ডিসেম্বর ১ দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করলেন পোপ তৃতীয় ইউজেনিয়াস।
১১৪৬ সেপ্টেম্বর গুপ্তঘাতকদের হাতে খুন হলেন জঙ্গি। আলেপ্পোতে তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর পুত্র নুরুদ্দিন।
১১৪৫ দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করলেন পোপ।
১১৪৭-৪৯ দামিশকের বাইরে দ্বিতীয় ক্রুসেডারদের পরাস্ত করলেন নুরুদ্দিন।
১১৪৮ জুলাই দ্বিতীয় ক্রুসেডের সময় দামিশকের অবরোধ টিকিয়ে রাখতে ক্রুসেডাররা চরমভাবে ব্যর্থ হল।
১১৪৯ গাজায় টেম্পলারদের দুর্গ নির্মাণ করা হল।
জুন ২৯ ইনাবের সমর।
১১৫৩ আগস্ট ক্রুসেডারদের হাতে আসকালনের পতন।
১১৫৪ এপ্রিল দামিশকের নিয়ন্ত্রণভার গ্রহণ করলেন নুরুদ্দিন, তার কর্তৃত্বাধীনে মুসলিম সিরিয়া একীভূত হয়।
১১৬৩-৬৯ মিসরের জন্য সংগ্রাম।*
* নুরুদ্দিনের সেনাপতি শিরকুহ শেষ পর্যন্ত বিজয়ী হন। উজির ঘোষিত হওয়ার ২ মাস পরে মৃত্যুবরণ করেন। তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর ভাইস্তা সালাউদ্দিন।
১১৬৪ আগস্ট ১১ হারিমের কাছে ফ্রাঙ্কদের পরাজিত করলেন নুরুদ্দিন।
১১৬৯ মার্চ মিসরের উজিরের খেতাব নিলেন নুরুদ্দিন।
১১৭১ সেপ্টেম্বর নুরুদ্দিন জঙ্গির সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী মিসরে নামকাওয়াস্তে আব্বাসীয় শাসন ফিরিয়ে আনলেন। এর মধ্য দিয়ে দেশটির ফাতিমি ইসমাইলি শিয়া খেলাফতের অবসান হল। মিসরে একটি সুন্নী সুলতানশাহি প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন আইয়ুবী, দেশটির একচ্ছত্র অধিপতি হিসেবে নুরুদ্দিন জঙ্গির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
১১৭৪ মে ১৫ নুরুদ্দিনের মৃত্যু।
অক্টোবর দামিশকের নিয়ন্ত্রণ নিলেন সালাউদ্দিন।
১১৭৭ নভেম্বর ২৫ মন্ট গিসার্ডের সমর।
১১৮৩ জুন ১২ আলেপ্পো দখল করলেন সালাউদ্দিন। মিসর ও সিরিয়া এখন তার নেতৃত্বে একীভূত হল। তিনি হলেন মিসর ও সিরিয়ার সুলতান।
১১৮৫ মে জেরুসালেমের লাতিন রাজা চতুর্থ বাল্ডউইনের মৃত্যু।
১১৮৭ বিজয়ের বছর।
জুলাই ৪ হাত্তিনের সমর। টাইবেরিয়াস হ্রদের কাছে হাত্তিনে ফ্রাঙ্কিশ বাহিনীকে চূর্ণ করেন সালাউদ্দিন।
অক্টোবর ২ জেরুসালেম পুনরুদ্ধার করলেন সালাউদ্দিন।*
* ফ্রাঙ্কিশ অঞ্চলগুলোর অধিকাংশও, দখলদারদের হাতে রইলো কেবল টায়ার, ত্রিপোলি ও অ্যান্টিওক।
২৯ তৃতীয় ক্রুসেডের ডাক দিলেন পোপ অষ্টম হেনরি।
নভেম্বর ক্রুসেডে যোগ দেয়ার শপথ নিলেন রিচার্ড দ্য লায়নহার্ট।
১১৮৯ ইংল্যান্ডের রাজা হলেন প্রথম রিচার্ড, “রিচার্ড দ্য লায়নহার্ট”।
আগস্ট ২৮ আক্রেতে অবরোধ দিলেন গাই দ্য লুসিনান।
১১৯০ এশিয়া মাইনরে, বর্তমানে তুরস্ক, ফ্রেডেরিক বার্বারোসার মৃত্যু।
১১৯০-৯২ আক্রেতে পিছু হঠলেন সালাউদ্দিন। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্টের হস্তক্ষেপে ফ্রাঙ্করা সুলতানের কাছ থেকে বেশ কয়েকটি শহর পুনর্দখল করতে সক্ষম হয়। জেরুসালেম বাদে।
১১৯১ জুন ৮ আক্রেতে এসে হাজির হলেন রিচার্ড দ্য লায়নহার্ট।
জুলাই ১২ তৃতীয় ক্রুসেডের সময় আক্রে দখল করল ক্রুসেডাররা।
আগস্ট ২০ আক্রের বাইরে মুসলিম বন্দীদের হত্যা করলেন রিচার্ড।
সেপ্টেম্বর ৭ আরসুফের সমর।
১১৯১-৯২ গাজায় এ সময় হাজির আছেন রিচার্ড দ্য লায়নহার্ট।
১১৯২ জানুয়ারি ১৩ ক্রুসেডারদের বেইত নুবা থেকে প্রথমবারের মত পিছু হঠার হুকুম দিলেন রিচার্ড।
জুলাই ৪ বেইত নুবা থেকে দ্বিতীয়বারের মত পিছু হঠল ক্রুসেডাররা।
সেপ্টেম্বর ২ চূড়ান্ত করা হল জাফা চুক্তি।
১১৯৩ মার্চ ৪ দামিশকে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেন সালাউদ্দিন আইয়ুবী। কয়েক বছরব্যাপী গৃহযুদ্ধ। তার ভাই আল-আদিলের কর্তৃত্বাধীনে সালাউদ্দিনের সাম্রাজ্য পুনরায় একীভূত হয়।
১১৯৮ আগস্ট ১৫ চতুর্থ ক্রুসেডের ডাক দিলেন পোপ তৃতীয় ইনোসেন্ট।
১২০৪ এপ্রিল ১২ ক্রুসেডাররা কন্সটান্টিনোপলে হামলা করে স্থানীয় গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টানদের ওপর গণহত্যা চালাল।
মে ৯ কন্সটান্টিনোপলের প্রথম লাতিন সম্রাট হলেন ফ্ল্যান্ডার্সের কাউন্ট বাল্ডউইন।
১২০৯-২৯ আলবিজেন্সীয় ক্রুসেড, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ধর্মদ্রোহী ক্যাথারদের বিরুদ্ধে।
১২১২ শিশুদের ক্রুসেড।*
* কোলোনের নিকোলাস শিশুদের একটা বাহিনী নিয়ে জেরুসালেম অভিযানে যান। কিন্তু ইতালীয় আল্পস পর্বতমালা পেরোনোর সময় এদের অনেকেই ক্ষুধায় মারা পড়ে। পোপ এদের বাড়ি ফিরে যেতে বলেন।
১২১৫ নভেম্বর পঞ্চম ক্রুসেডের ডাক দিলেন পোপ তৃতীয় ইনোসেন্ট।
১২১৮-২১ ফ্রাঙ্কদের মিসর আক্রমণ। তারা দামিয়েত্তা দখল করে নেয় ও কায়রোর দিকে অগ্রসর হয়। কিন্তু আল-আদিলের পুত্র সুলতান আল-কামিল শেষ পর্যন্ত তাদের প্রতিহত করেন।
১২১৮ নাইট টেম্পলারদের দ্বারা নির্মিত হল শাতিউ পেলেরিন।
১২১৯ নভেম্বর ৫ পঞ্চম ক্রুসেডের সময় ক্রুসেডারদের হাতে দামিয়েত্তার পতন।
১২২৮-২৯ পবিত্র রোমক সম্রাট দ্বিতীয় ফ্রেডরিকের নেতৃত্বে ষষ্ঠ ক্রুসেড।
১২২৯ সম্রাট হোহেনস্টাউফেনের দ্বিতীয় ফ্রেডরিকের হাতে জেরুসালেম তুলে দিলেন সুলতান আল-কামিল, এতে আরব বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে।
১২২৯ মার্চ ১৭ জেরুসালেমে প্রবেশ করলেন সম্রাট ফ্রেডেরিক দ্বিতীয় হোহেনস্টাউফেন।
১২৪৪ জুলাই ১১ জেরুসালেমে লুঠতরাজ চালালো খোরেজমীয়রা।
অক্টোবর ১৮ লা ফোরবি সমর।
শেষবারের মত জেরুসালেম ফ্রাঙ্কদের হাতছাড়া হয়ে যায়।
১২৪৮-৫৮ নবম লুইয়ের নেতৃত্বে শুরু হল সপ্তম ক্রুসেড। উত্তর আফ্রিকা ও মিসরের মুসলিম শহরগুলোর বিরুদ্ধে। এটি সফল হয়নি।
১২৪৮-৫০ ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক মিসর আক্রমণ। পরাজিত ও বন্দী হলেন তিনি। আইয়ুবী বংশের পতন, তাদের স্থলে প্রতিষ্ঠিত হল মামলুক শাসন।
১২৪৯ জুন ৫ মিসরে অবতরণ করলেন ফ্রান্সের রাজা নবম লুই।
১২৫০ ফেব্রুয়ারি ৮ মানছুরার সমর। সপ্তম ক্রুসেডের বাহিনীর পরাজিত হল।
এপ্রিল নবম লুইকে বন্দী করলেন তুরানশাহ।
মে ৬ নবম লুইকে ছেড়ে দেয়া হল।
১২৫০-১৫১৭ মামলুক সুলতানশাহি।
১২৫৮ মঙ্গোলদের আক্রমণে বাগদাদ ধবংস হয়ে গেল, এর মধ্য দিয়ে আব্বাসীয় খেলাফতের অবসান ঘটে।
১২৬০ গাজা অঞ্চলে স্বল্পস্থায়ী হওয়া মঙ্গোল দখলদারিত্ব।
সেপ্টেম্বর ৩ আইন জালুতের যুদ্ধ। প্রথমে আলেপ্পো ও পরে দামিশক দখলের পর মঙ্গোল বাহিনী এই ঐতিহাসিক যুদ্ধে পরাজিত হয়।তাঁদের পরাজিত করেন মামলুক সুলতান বাইবার্স।
১২৬১ ক্রুসেডারদের হাত থেকে কন্সটান্টিনোপল উদ্ধার করা হল।
১২৬১ জুন মামলুক সুলতান হিসেবে অধিষ্ঠিত হলেন বাইবার্স।
১২৬৮ মঙ্গোলদের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ অ্যান্টিওক দখল করলেন বাইবার্স।
মে ১৯ অ্যান্টিওকে ধবংসযজ্ঞ চালালেন বাইবার্স।
১২৭০ নবম লুইয়ের নেতৃত্বে শুরু হল সপ্তম ক্রুসেড। উত্তর আফ্রিকার মুসলিম শহরগুলোর বিরুদ্ধে। এটিও সফল হয়নি।
তিউনিসের কাছে এক ব্যর্থ আক্রমণের সময় মৃত্যুবরণ করেন নবম লুই।
১২৭১ এপ্রিল ৮ ক্রাক দে শেভালিয়ে দুর্গ সুলতান বাইবার্সের কাছে সোপর্দ করল হসপিটালাররা।
১২৮৯ এপ্রিল ২৭ ত্রিপোলি দখল করলেন মামলুক সুলতান কালাউন।
১২৯১ মে ১৮ আক্রে দখল করলেন কালাউনের পুত্র সুলতান খলিল। পশ্চিম এশিয়ায় ক্রুসেডারদের শেষ ঘাঁটির পতন। প্রাচ্যে ক্রুসেডের নামে দুই শতাব্দীর ফ্রাঙ্কিশ আগ্রাসনের অবসান।*
* শিগগিরই ফিরে আসবে ইওরোপীয়রা, উপনিবেশবাদীর নয়া লেবাসে।
জেরুসালেম রাজ্য সমেত ক্রুসেডার রাষ্ট্রগুলো মামলুক সুলতানশাহির অংশ হয়ে গেল।
১৩১২ মধ্যযুগীয় সামরিক অর্ডার নাইটস টেম্পলারদের আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করলেন পোপ পঞ্চম ক্লেমেন্ত।
১৩৯৬ সেপ্টেম্বর ২৫ নিকোপলিসের সমর। যা নিকোপলিস ক্রুসেড নামেও পরিচিত। ওসমানি তুর্কিদের কাছে পরাজিত হল পশ্চিমা খ্রিস্টানদের একটা বাহিনী।
তথ্যসূত্র
Asbridge, Thomas. 2010. The Crusades: The Authoritative History of the War for the Holy Land. Ecco.
Maalouf, Amin. 2012. The Crusades through Arab Eyes. Translated by Jon Rothschild. e book edition. Saqi essentials.
Montefiore, Simon Sebag. 2011. Jerusalem: The Biography. Weidenfeld & Nicolson.
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি




One Reply to “ক্রুসেডস”