প্রাচীন আফ্রিকা

Spread the love

Featured Artwork: “From KwaZulu-Natal, a group of trancers in the process of capturing the “rain-bull””. Bradshaw Foundation.

Pinterest

প্রাগৈতিহাসিক আফ্রিকা
স্মরণাতীত কাল থেকে ৪০০০ পূর্বসাল

পূর্বসাল

৬৫-৪৪ লক্ষ বছর আগে চাদ, কেনিয়া ও ইথিওপিয়ায় এসময় হোমিনিডরা বাস করছে: সাহেলানথ্রোপাস, আন্দিপিথেকাস, ও ওরিনিন।*
* জীববিজ্ঞানে হোমিনিড বলতে হোমিনিডাই পরিবারের সদস্যদের বোঝায়; যাদের অন্তর্গত ওরাংওটাং, গরিলা, শিম্পাঞ্জি, বোনোবো, মানুষ।

৪২ লক্ষ বছর আগে আফ্রিকায় বাস করছে দুই পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে পারা আদিতম অস্ট্রালোপিথ: অস্ট্রালোপিথেকাস আনামেনসিস।*
* জীববিজ্ঞানে অস্ট্রালোপিথ বলতে হোমিনিডাই পরিবারের হোমিনিনাই উপশাখার হোমিনিনি গোষ্ঠীর হোমিনিনা উপগোষ্ঠীর সদস্যদের বোঝায়। এদের আদিতম মানব প্রজাতি বলা যেতে পারে। এরাই হচ্ছে আধুনিক মানুষের সবচে নিকটবর্তী আত্মীয়।

৩৮-৩০ লক্ষ বছর আগে ইথিওপিয়া আর তানজানিয়ায় বাস করছে অস্ট্রালোপিথেকাস আফারেনসিস

২৬ লক্ষ বছর আগে প্রাচীন প্রস্তর যুগের সূচনা। এসময় আদি হোমিনিনরা প্রথমবারের মত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করছে। এসব হাতিয়ারের নিদর্শন ইথিওপিয়ায় আবিষ্কৃত হয়েছে।

২৫ লক্ষ বছর আগে কেনিয়া ও ইথিওপিয়ায় বাস করছে অস্ট্রালোপিথরা, যাদের পাথরের হাতিয়ার ব্যবহার করতে দেখা যাচ্ছে।

১৯-১৮ লক্ষ বছর আগে তানজানিয়ায় বাস করছে হোমো হাবিলিস। বানাচ্ছে পাথরের হাতিয়ার। কেনিয়ায় বাস করছে হোমো আরজেস্টার

১৮ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসয়ের আবির্ভাব।*
* যার মস্তিষ্কের আকৃতি আগের মানব প্রজাতিগুলোর দ্বিগুণ।

১৭ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস আফ্রিকা ছেড়ে চলে গেল।

৬ লক্ষ বছর আগে এসময় হোমো নিয়ান্ডারথালিস* ও দেনিসোভা হোমিনিন**দের সবচে সাধারণ পূর্বনারীপুরুষ আফ্রিকায় বাস করছেন।
নিয়ান্ডারথালিস শব্দটা এসেছে নিয়ান্ডারথাল উপত্যকা থেকে, জার্মানির ডুসেল নদীতীরের যে উপত্যকায় প্রথম এই মানব প্রজাতির দেখা মেলে।
** ২০০৮ সালে রুশ জীবাশ্মবিদরা সাইবেরিয়ার দেনিসোভা গুহায় ৪০ হাজার বছর আগে মরে যাওয়া একটা বাচ্চা মেয়ের আঙুলের হাড়ের ফসিল আবিষ্কার করেন। দুবছর পর, ২০১০ সালে, জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক-গেসেলশ্যাফটের সভান্তে পাবোর নেতৃত্বে একদল বিজ্ঞানী মেয়েটির হাড় থেকে ডিএনএ এক্সট্রাক্ট করেন। এরপর তাঁরা তার জিনোম সিকোয়েন্স বের করে তা হোমো নিয়ান্ডারথালিস আর হোমো স্যাপিয়েন্সয়ের জিনোম সিকোয়েন্সের সাথে মেলান। গবেষণায় দেখা গেল, মেয়েটির সাথে নিয়ান্ডারথাল আর আধুনিক মানুষ উভয়েরই বংশগতির সাদৃশ্য রয়েছে। কিন্তু একইসাথে যথেষ্ট স্বাতন্ত্র্য রয়েছে একটি আলাদা মানব প্রজাতি হিসেবে চিহ্নিত করবার জন্য। প্রাপ্তিস্থল অনুযায়ী, এদের নাম দেয়া হল দেনিসোভান। গবেষকরা মনে করেন, দেনিসোভানরা আধুনিক মানুষের পূর্বপুরুষের সাথে বংশবৃদ্ধি ঘটিয়ে থাকতে পারে, এবং আমাদের জিনোমে দেনিসোভান ডিএনএ খুঁজে পাওয়া যেতে পারে।

৪-৩ লক্ষ বছর আগে হোমো হাইডেলবার্গেনসিস‘য়ের একটা দল আফ্রিকা ছেড়ে যায়। ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ে, তারপর দুই ভাগ হয়। যে অংশটা পশ্চিমে গিয়ে ইওরোপে থিতু হয়েছিল তারা নিয়ান্ডারথালে বিবর্তিত হয়, আর যে অংশ পুবে গিয়ে এশিয়ায় বসতি গেড়েছিল তারা দেনিসোভানে বিবর্তিত হয়।

৩ লক্ষ বছর আগে আমাদের আদিমাতা এসময় আফ্রিকার কোথাও বাস করছেন।

২ লক্ষ ৫০ হাজার বছর আগে সুদানে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, খোর আবু আঙ্গা

২ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকার কোথাও হোমো স্যাপিয়েন্সয়ের* আবির্ভাব হল। এদের অনেকে আফ্রিকা থেকে ইওরোপে অভিবাসিত হল। তবে এসময় কোন স্থায়ী বসতিস্থাপন ঘটে নাই।
* আমরা, হোমো স্যাপিয়েন্স মানে হল প্রজ্ঞাবান প্রজাতি।

৭০ হাজার বছর আগে বংশগতিবিদদের মতে, আফ্রিকা থেকে প্রথম সফল অভিবাসন।**
** এঁরাই আজকের বিশ্বের সব অআফ্রিকান মানুষের পূর্বপুরুষ। এই অভিবাসীরা ইরিত্রিয়া ও জিবুতি থেকে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব আল মান্দেব পার হয়ে ইয়েমেনে আসেন। আমরা অআফ্রিকানরা, একেবারে আক্ষরিক অর্থেই, অভিবাসীদের বংশধর।

৪৫ হাজার বছর আগে আফ্রিকায় আদিতম বাদ্যযন্ত্র বাঁশি বাজতে শুরু করল।

৩০ হাজার বছর আগে সুদানে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ।

৭০০০-৪৫০০ খার্তুমে মধ্যপ্রস্তর যুগ।

৭০০০ উত্তর আফ্রিকায় ভেড়া ও ছাগল পালা হচ্ছে।

৬০০০-৩২০০ নুবিয়ায় কের্মা সংস্কৃতির প্রাগৈতিহাসিক শেকড়।

৫০০০ পূর্ব আফ্রিকায় গেরস্তরা এই সময় পশু পালছেন।

৪০০০ ঘানায় মাটির তৈরি জিনিশপাতি দেখা যাচ্ছে।

প্রাচীন আফ্রিকা
পূর্বসাল ৪০০০-৬০০ সাল

পূর্বসাল

পূর্বসাল ৪০০০-৬০০ সাল Ancient Africa – Wikipedia

৪০০০-৩৫০০ সুদানে নব্যপ্রস্তর যুগ।

৩৫০০-৩১০০ নুবিয়ার নিম্নভূমিতে এ-গ্রুপ।

৩১০০-২৬০০ নুবিয়ায় প্রাক-কের্মা বসতি।

৩০০০ নুবিয়ায় দাস, গবাদি পশু, হাতির দাঁত ও সোনার সন্ধানে অভিযান চালাল মেম্ফীয় মিসর। নাইজেরিয়ার দক্ষিণে কৃষিকাজের সূচনা।

২৬০০ কুশ নামের একটি মিসরীয়-নুবীয় সভ্যতার উন্মেষ ঘটল। প্রায় ৩০০০ বছর টিকে ছিল এই সভ্যতা।

২৫০০-২০০০ মিসরের প্রথম অন্তর্বর্তী পর্বে কের্মা সংস্কৃতির উত্থান।

২০০০ বান্টুরা পিগমিদের প্রতিস্থাপিত করল।

১৯০০-১৫৭০ মিসরের দুর্বলতার সুযোগ নিয়ে কের্মাদের ভূখণ্ড সম্প্রসারণ।

১৬৩০-১৫২২ মিসরের সম্প্রসারণ ঠেকাতে নুবিয়া কের্মাদের সাথে জোট বাঁধল হিকসোরা। ব্যর্থ হল।

১৫৭০ কুশকে উপনিবেশ বানাল মিসরের নতুন রাজত্ব।

১১০০ ফিনিশীয়রা উত্তর আফ্রিকা উপকূলে বসতিস্থাপন করলেন। কার্থেজ একটি প্রধান নৌশক্তি হয়ে উঠল। নগরটি বর্তমান তিউনিসের নিকটবর্তী ছিল।

১০৬৯ কুশে নুবীয়দের বিদ্রোহ মিসরীয় শাসনের অবসান ঘটায়।

৯৫০ কুশীয়রা এ সময় মিসরে হামলা চালাচ্ছে।

৮৫০ কুরু পিরামিডে রাজকীয় নুবীয় সমাধির শুরুয়াত।

৮০০ নুবীয়রা উত্তরে থিবসের দিকে অগ্রসর হল। জোস মালভূমিতে নব্যপ্রস্তরযুগ ও লৌহ যুগের নোক সংস্কৃতির উত্থান।

৭৯০ আঞ্চলিক নুবীয় অঞ্চল পুনরুদ্ধার করলেন কুশের রাজা আলারা।

৭৬৫ নুবীয়দের মিশর বিজয় অব্যাহত।

৭৬০ এ সময়ের মধ্যে সমগ্র নুবিয়া ঐক্যবদ্ধ হয়ে ওঠে। নাপাতা ছিল এ কালের একটি প্রধান শহর। মিসরে ২৫তম রাজবংশ আকারে প্রতিষ্ঠিত হল নুবীয় “ইথিওপীয়” শাসন।

৭৬০-৭৪৭ মিসরের নুবীয় রাজা কাশতার রাজত্বকাল।

৭৪৭-৭১৬ মিসরের নুবীয় রাজা পিয়ানখির রাজত্বকাল।*
* তাঁর রাজত্বকালে নুবীয়দের মিসর বিজয় সম্পন্ন হয়।

৭১৬-৭০১ মিসরের নুবীয় রাজা শাবাকার রাজত্বকাল।

৭০১-৬৯০ মিসরের নুবীয় রাজা শাবাতাকার রাজত্বকাল।

৭০০-৬০১ ফিনিশীয়রা বর্তমান পশ্চিম লিবিয়ার ত্রিপোলিতানিয়ায় বসতিস্থাপন করলেন। জায়গাটিতে এর আগে বার্বাররা বাস করতেন।

৬৯০-৬৬৪ মিসরের নুবীয় রাজা তাহারকার রাজত্বকাল।*
* নুরিতে সমাধিস্থ হন।

৬৬৪-৬৫৩ মিসরের নুবীয় রাজা তানুতামুনের রাজত্বকাল।*
* তানুতামুন নিজেকে মিসর থেকে প্রত্যাহার করে নিলে শেষ হয়ে যায় মিসরের ২৫তম রাজবংশ।

৬৫৩-৬৪৩ নাপাতার আতলানেরসার রাজত্বকাল।

৬৪৩-৬২৩ ন্যাপাটার সেনকামানিসকেনের রাজত্বকাল।

৬২৩-৫৯৩ নাপাতার আনলামানির রাজত্বকাল।

৬০০-৫০১ কার্থেজের ত্রিপোলিতানিয়া জয়।*
* বর্তমান তিউনিসিয়ায় অবস্থিত। প্রাচীন ফিনিশীয় বণিকরা উপনিবেশ হিসেবে স্থাপন করে। কার্থেজ সেকালের ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র।

৫৯৩-৫৬৮ নাপাতার আসপেল্টার রাজত্বকাল।

৫৯১-৯০ নুবিয়ায় হামলা চালালেন মিসরের ২১তম রাজবংশের দ্বিতীয় সাম্মেটিকোস। কালক্রমে নাপাতার বদলে মেরো হয়ে উঠল নুবীয়দের ক্ষমতা ও বাণিজ্যকেন্দ্র।

৪০৪-৩৭৯ কুশীয় রাজা হারসিইয়োতেফের রাজত্বকাল।*
* নুরিতে সমাধিস্থ হন।

৪০০-৩০১ গ্রিকরা সাইরেনাইকাকে তাদের একটি উপনিবেশে পরিণত করল। নাম দিল লিবিয়া। এটি বর্তমান লিবিয়ার পূর্বদিকে অবস্থিত একটি এলাকা।

৩৩৫-৩১৫ নাপাতা থেকে শাসন করা শেষ রাজা নাস্তাসেনের রাজত্বকাল।

২৭০ নুবিয়ার রাজধানী মেরো। টলেমীয় মিসরের সাথে নুবীয়দের এ সময় ব্যাপক বাণিজ্যিক, বৈজ্ঞানিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

২৬৪-১৪৬ পিউনিক যুদ্ধ। রোম আর কার্থেজের* মধ্যে। এই যুদ্ধের অবসান ঘটে কার্থেজের ধবংসের মধ্য দিয়ে।
* আফ্রিকার উত্তরাঞ্চলে ফিনিশীয় বণিকদের প্রতিষ্ঠা করা শহর। সামুদ্রিক বাণিজ্যে তাদের তুলনা মেলা ভার ছিল। বর্তমান তিউনিসিয়ায় অবস্থিত।

২৬০ প্রথম রাজা হিসেবে মেরোতে সমাহিত হলেন এরগামেনেস।

২৪০ মেরো নুবিয়ার নিম্নভূমি পুনরুদ্ধার করে এবং টলেমীয় মিসরের উচ্চভূমিকে হুমকি দেয়।

২১২ কার্থেজীয়দের কাছ থেকে সাগুনটুম জয় করলো রুমিরা।

২০৬-২০৫ রুমিদের গাডিস জয়। ইবেরীয় উপদ্বীপে কার্থেজীয়দের উপস্থিতির অবসান।

১৯৫/১৮৫-১৫৯ রোমক আফ্রিকার নাট্যকার তেরেন্সের আনুমানিক জীবনকাল।*
* মানবিক কোনোকিছুই আমার অনাত্মীয় নয় কথাটির জন্য বিখ্যাত।

পূর্বসাল ১৭০-৩১৪ সাল কান্দাকে, রাণীরা, মেরো থেকে শাসন করছেন কুশ

১৭০ যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন মেরোর কান্দাকে শানাকদাখেতে।

১৪৬ তৃতীয় পিউনিক যুদ্ধের অবসান। কার্থেজ ধ্বংস হলো এবং এর ভূখণ্ড রোমক প্রদেশ আফ্রিকায় পরিণত হলো। উটিচাকে রোমক প্রদেশ আফ্রিকার রাজধানী করা হলো।

পূর্বসাল ১৪৬-৪৩৯ সাল Africa (Roman province) – Wikipedia

৯৬ একটি রোমক প্রদেশে পরিণত হলো সিরেনাইকা।

৭৪ রুমিদের লিবিয়া বিজয়।

৪০-১০ কান্দাকে আমানিরেনাসের রাজত্বকাল।*
* রোমের সাথে নুবিয়ার জন্য সুবিধাজনক শান্তিচুক্তি করেন।

৩০ রোমক সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হলো মিসর।

পূর্বসাল ৩০-৬৪২ সাল Roman Egypt – Wikipedia

২৪ রোমাক আসওয়ানে হামলা চালালো মেরোইটরা।

২৩ মেরোইটদের ওপর নাপাতা পর্যন্ত পাল্টা হামলা করলেন রুমি পেট্রোনিয়াস।

২২ মেরোইটরা কাসর ইব্রিম পর্যন্ত পাল্টা হামলা চালাল।

২১ সামোসে মেরোইট ও রোমানদের মধ্যে শান্তি চুক্তি।

পূর্বসাল ১০-১ সাল কান্দাকে আমানিশাখেতোর রাজত্বকাল।

সাল

১-২৫ কান্দাকে আমানিতোরের রাজত্বকাল।

২৫-৪১ কান্দাকে আমান্তিতেরের রাজত্বকাল।*
* বাইবেলের বুক অফ অ্যাক্টসে যে ‘ইথিওপীয়দের রানী, কান্দাকে’র কথা বলা আছে, উনিই সম্ভবত।

৩৭ খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়া প্রথম নুবীয় মেরোতে ফিরলেন।

৬২-৮৫ কান্দাকে আমানিখাতাশানের রাজত্বকাল।

১০১-২০০ আরব উপদ্বীপ থেকে লোহিত সাগর পেরিয়ে আসা সেমেটীয়রা আকজুম রাজ্য প্রতিষ্ঠা করল।

২০০ নোক সংস্কৃতির অবক্ষয়।

২০১-৭০০ বর্তমান মৌরিতানিয়ায় বার্বার আর আরব অভিবাসীদের আগমন।

২০১-৩০০ লৌহ যুগের বান্টুভাষী গোষ্ঠীগুলো পশ্চিম-মধ্য আফ্রিকা থেকে মোজাম্বিক ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় সরে এল।

২৬০-৩০০ মিসর থেকে নুবিয়ায় এলেন একদল কপ্টিক খ্রিস্টান।

২৬৬-৮৩ কান্দাকে মালেকোরোবারের রাজত্বকাল।

৩০০-৬০০ বর্তমান ইরিত্রিয়া এসময় আকজুম রাজ্যের অংশ ছিল।

৩০০-৪০০ মধ্য আফ্রিকা থেকে বান্টুভাষী মানুষেরা দক্ষিণ আফ্রিকায় অভিবাসিত হল, মিশে গেল আদিবাসী সান ও খোইখোই জাতির মানুষদের সাথে।

৩০১-৪০০ মিসরের সুবাদে অঞ্চলটিতে কপ্টিক খ্রিস্টধর্ম প্রবর্তিত হল।

৩০৬-১৪ কান্দাকে লাহিদেয়ামানির রাজত্বকাল।

৩৪০ আনুমানিক এ সময়ই কখনো খ্রিস্টধর্ম গ্রহণ করেন আকজুমের রাজা এজানা এবং মেরোতে তাঁর প্রতিদ্বন্দ্বী রাজ্য ধবংস করেন।

৩৫০ ইথিওপিয়ার প্রথম খ্রিস্টান বিশপ হলেন ফ্রুমেন্টিয়াস, দেশটিতে যাঁকে দাস হিসাবে ধরে আনা হয়েছিল।

৩৫০-৫৫০ বাল্লানা ও টাঙ্গাসির এক্স-গ্রুপ সমাজগুলো ফেরাউনি, কুশীয় ও খ্রিস্টীয় বিশ্বাস ও অনুশীলনের একটি সিনক্রেটিক রূপ হিসেবে গড়ে উঠল।

৪০০ নুবিয়ায় মাকুরিয়া, নোবাতিয়া, আলোদিয়া ইত্যাদি নতুন রাজ্য গড়ে উঠল।

৪৩৯ তিউনিসিয়ায় ভ্যান্ডালরা হামলা চালাল।

৪৫১ ফারাসে প্রথম কাদামাটি দিয়ে চার্চ নির্মিত হচ্ছে।

৪৫২ নুবিয়ায় আদি যুগের খ্রিস্টান মিশনারিদের আগমন।

৫০১-৬০০ এই শতাব্দীতেই হিমইয়ারিদের রাজা ইহুদিধর্ম গ্রহণ করেন।

৫১৮ হিমইয়ারিরা নাজরানের খ্রিস্টানদের ওপর একটা হত্যালীলা চালাল।

৫২৫ ইথিওপিয়ার খ্রিস্টান রাজ্য হিমইয়ারি-সাবাঈ রাজ্য জয় করে।

৫২৫ মিসরের ফিলিতে দেবী আইসিসের মন্দির আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিলেন রোমক সম্রাট প্রথম জাস্টিনিয়ান। একটা চার্চ হিসেবে ভবনটি রিপারপাজ করা হল। অঞ্চলটিতে মধ্যযুগীয় খ্রিস্টান পর্বের সূচনা ধরা হয়।

৫৩৭ কালাবশায় প্রাপ্ত রাজা সিলকো শিলালিপিতে সিলকোর কাছে ব্লেমেইসের পরাজিত হওয়ার কথা বলা আছে। নুবিয়ায় রাষ্ট্রীয় খ্রিস্টধর্মের আনুষ্ঠানিক সূচনা বিবেচিত হয়।

৫৪৩-৬৯ নুবিয়ায় জুলিয়ান কর্তৃক মনোফিজাইট মিশনারিদের প্রধান অভিযান। এই অভিযানের অনুমোদন দেন রোমক সম্রাজ্ঞী থিওডোরা। যা নুবিয়ার প্রথম মনোফিজাইট চার্চগুলোর আনুষ্ঠানিক গঠনের ইঙ্গিত দেয়।

৫৪৩ ফারাসকে খ্রিস্টান রাজ্য নোবাতিয়ার রাজধানী করা হল।

৫৬০ আলওয়ার খ্রিস্টান রাজ্য সোবায় এ সময় সক্রিয় ছিলেন মিশনারি লংগিনাস।

৫৬৯ ডঙ্গোলাকে খ্রিস্টান রাজ্য মুকুররার রাজধানী করা হল।

৫৭৯-৮০ মনোফিজাইট খ্রিস্টধর্মে দীক্ষিত হল আলওয়া রাজ্য।

তথ্যসূত্র

BBC.

Adejumobi, Saheed A. 2007. The History of Ethiopia. Greenwood Press.

Domingo, Vernon. 2003. South Africa. Chelsea House.

Kramer, Robert S., Richard A. Lobban Jr., and Carolyn Fluehr-Lobban. 2013. Historical Dictionary of the Sudan. 4th ed. Scarecrow Press.

Krause, Johannes, and Thomas Trappe. 2021. A Short History of Humanity: How Migration Made Us Who We Are. Translated by Caroline Waight. WH Allen.

Joseph, Tony. 2018. Early Indians: The Story of Our Ancestors and Where We Came From. Juggernaut.

Lobban, Richard A., Jr. 2004. Historical Dictionary of Ancient and Medieval Nubia. Scarecrow Press.

Oppong, Joseph R., and Woodruff, Tania. 2007. Democratic Republic of the Congo. Chelsea House.

Phillips, Douglas A. 2003. Nigeria. Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *