কলোনিয়াল লাতিন আমেরিকা

Spread the love

Featured Image: “A 17th-century CE oil painting depicting the meeting of Spanish Conquistador Hernán Cortés and Aztec ruler Montezuma (Motecuhzoma II) in 1519 CE. (Jay I. Kislak Collection)”. World History Encyclopedia.

pages.uoregon.edu

“Latin America is the region of open veins.”

Eduardo Galeano (1940-2015), Uruguayan Journalist and Writer

সাল

১৪৯২ জানুয়ারি পশ্চিমে ক্যাথে অভিমুখে ক্রিস্টোফার কলম্বাসের পাল তোলার প্রস্তাব সমর্থন করলেন স্পেনের ক্যাথলিক রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা।

আগস্ট ৩ স্পেন ছেড়ে গেলেন কলম্বাস।

অক্টোবর ১২ ওয়াটলিং দ্বীপ কলম্বাসের নজরে এল।

অক্টোবর ২৭-২৭ নভেম্বর কিউবার উত্তর উপকূল কলম্বাসের নজরে এল। তিনি পুবদিকে বারিয়া উপসাগরে গেলেন। তারপর বারাকোয়ায়।

ক্যারিবিয়ানে পা রাখলেন ক্রিস্টোফার কলম্বাস। হাইতি ও দমিনিকান প্রজাতন্ত্রে ক্রিস্টোফার কলম্বাসের আগমন।*
* তিনি দ্বীপটির নাম রাখেন হিসপানিওলা: “ছোট স্পেন।”

১৪৯৪ এপ্রিল ৩০-১৮ মে কলম্বাসের দ্বিতীয় সমুদ্রযাত্রা। কিউবার দক্ষিণ উপকূলে অভিযান চালালেন তিনি। অবতরণ করলেন কাবো ক্রুজে।

১৪৯৬ পশ্চিম গোলার্ধে প্রথম ইওরোপীয় বসতিস্থাপন করল স্পেন। বার্থালোমিউ কলম্বাস কর্তৃক প্রতিষ্ঠিত হল সাঁ দমিনগো। দমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী।

১৪৯৮ গায়ানার ওপর ক্রিস্টোফার কলম্বাসের চোখ পড়ল। সুরিনামের উপকূল ক্রিস্টোফার কলম্বাসের চোখে পড়ল। ভেনেজুয়েলায় এলেন ক্রিস্টোফার কলম্বাস।

তর্দেসিল্লা চুক্তি, স্পেনীয় আর পর্তুগিজরা নতুন দুনিয়া নিজেদের মধ্যে ভাগ করে নিল।

১৪৯৯ ভেনেজুয়েলার নামকরণ করলেন আলোনজো দে ওজেদা।

১৫০০ প্রথম ইওরোপীয় হিসেবে ব্রাজিল পৌঁছুলেন পর্তুগিজ অভিযাত্রিক পেদ্রো আলভারেস কাবরাল, দেশটির ওপর পর্তুগালের মালিকানা দাবি করলেন।

১৫০১-১৭০০ বেলিজে স্পেনীয়দের আগমন। স্পেনীয় উপনিবেশিক শক্তি আদিবাসী মায়া জাতির মানুষদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা চালাল। কিন্তু ব্যর্থ হল।

আখ প্ল্যান্টেশনে কাজে লাগানোর জন্য প্রায় ৩০-৪০ লক্ষ আফ্রিকান দাসকে ব্রাজিলে আনা হল।

১৫০২-২০ দ্বিতীয় মজতেজুমার রাজত্বকাল।

১৫০২ পর্তুগিজরা ব্রাজিলে নিজেদের প্রথম বাণিজ্যকুঠি (ফিয়েতোরিয়া) স্থাপন করল রিও ডি জেনিরোর উত্তরে।

কোস্টা রিকার ক্যারিবীয় উপকূলে পা ফেললেন ক্রিস্টোফার কলম্বাস। নিকারাগুয়ার উপকূলে পা ফেললেন ক্রিস্টোফার কলম্বাস।

পানামা সফর করলেন স্পেনীয় অভিযাত্রিক রদ্রিগো দে বাস্তিদাস।*
* এ সময় দেশটি কুনা, চোকো, গুয়ায়মি, ও অন্যান্য আদিবাসী জাতিদের নিবাসভূমি ছিল।

১৫০৩ স্পেনের রাজতন্ত্রের কাছ থেকে দেশটির উপনিবেশিক বাণিজ্যের ওপর একচেটিয়া অধিকার পেল সেভিল।

১৫০৫ হিসপানিওলায় দাস হিসেবে প্রথম আফ্রিকানদের আগমন ঘটল।

১৫০৮ স্পেনীয়রা আনুষ্ঠানিকভাবে আফ্রিকান দাস বাণিজ্য চালু করল। প্রথমবারের মতো কিউবা প্রদক্ষিণ করলেন সেবাস্তিয়ান দে ওকাম্পো।

১৫১১ ইওরোপীয়দের মানচিত্রে ব্রাজিল নামটি প্রথমবারের মত দেখা গেল। ব্রাজিল উপকূলে অভিযাত্রা চালাচ্ছেন হোয়াও দে লিসবোয়া ও এস্তেভাও ফ্রোয়েজ। বারাকোয়ায় দিয়েগো ভেলাজকেজ কর্তৃক প্রতিষ্ঠিত হল কিউবার প্রথম ভিলা (বসতি)। সান্তো দমিনগোতে বসল আমেরিকা মহাদেশে স্পেনের প্রথম অডিয়েন্সিয়া (আদালত)। কিউবা যার এখতিয়ারভুক্ত ছিল।

১৫১৩ মানজানিলোর নিকটে প্রতিষ্ঠিত হল কিউবার দ্বিতীয় ভিলা: সান সালভাদর।

১৫১৪ তিনটা নতুন ভিলা তৈরি করা হল: ত্রিনিদাদ, স্যালিনাস (সান্তি স্পিরিটাস) এবং পুয়ের্তো প্রিন্সিপে।

১৫১৫ প্রতিষ্ঠা করা হল সান্তিয়াগো দে কিউবা। সান সালভাদরকে বায়ামোতে স্থানান্তরিত করা হল।

১৫১৬ ইওরোপীয় বসতি স্থাপনকারীরা আর্জেন্টিনা পা রাখলেন। হুয়ান দিয়াজ দে সলিস স্পেনের পক্ষে রিও দে লা প্লাতার অধিকার দাবি করলেন। এ সময় দেশটিতে বসবাসকারী আদিবাসীর সংখ্যা লাখখানেকের বেশি হবে না।

উপনিবেশটির রাজধানীতে পরিণত হল সান্তিয়াগো দে কিউবা।

১৫১৮ বারাকোয়াতে প্রতিষ্ঠা করা হল উপনিবেশটির এপিস্কোপাল সী।

১৫১৯ ১১টি জাহাজ, ১০০ জন নাবিক, আর ৫০৮ জন সৈনিক নিয়ে মেক্সিকো উপসাগরের উপকূলে পৌঁছালেন হার্নান কোর্তেস। ভেরাক্রুজে স্পেনীয়দের আগমন। টলাক্সাকালানদের সাথে মোলাকাত। ‘চোলুলা হত্যাযজ্ঞ’।

নভেম্বর ১৯ অ্যাজটেক রাজধানী টেনোখটিটলানে স্পেনীয়দের আগমন ঘটল। দ্বিতীয় নমকতেজুমাকে বন্দী করা হল।

বাতানাবোতে (দক্ষিণ উপকূল) প্রতিষ্ঠা করা হল সান ক্রিস্তোবাল। তারপর তা উত্তর উপকূলে স্থানান্তরিত করা হল। নতুন নাম সান ক্রিস্তোবাল দে লা হাবানা (হাভানা)।

পানামার নাম বদলে নিউ আন্দালুসিয়ার (পরবর্তীতে, নিউ গ্রেনাদা) স্পেনীয় ভাইসরয়ালটি রাখা হল।

১৫২০ ভেনেজুয়েলার উত্তরপূর্ব উপকূলে স্পেনীয়রা বসতিস্থাপন করতে শুরু করল।

১৫২১ আগস্ট ১৩ স্পেনীয় উপনিবেশিক শক্তির হাতে টেনোখটিটলানের পতন ঘটল। টেনোখটিটলানকে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন কোর্তেস। শেষ হয়ে গেল অ্যাজটেক সভ্যতা।

১৫২২ ধ্বংসকৃত টেনোখটিটলানকে কোর্তেস তাঁর নতুন রাজধানী প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত করলেন: মেক্সিকো সিটি। মেক্সিকোয় ধর্মপ্রচারকদের আগমন।

নিকারাগুয়া হ্রদে পৌঁছালেন স্পেনীয় অভিযাত্রীরা। গ্রেনাদা ও লিওন শহর প্রতিষ্ঠা করা হল। স্পেনীয়রা নিকারাও নামের এক সর্দারের নামে দেশটির নাম রাখলেন।

দাভিলা অভিযাত্রিকরা অঞ্চলটির নাম রাখল কোস্টা রিকা।*
* “দ্য রিচ কোস্ট।

১৫২৩-২৪ স্পেনীয় রোমাঞ্চপ্রিয় পেদ্রো দে আলভারাদো আদিবাসী মায়া জাতির মানুষদের পরাজিত করলেন এবং গুয়াতেমালাকে একটি স্পেনীয় উপনিবেশে পরিণত করলেন।

১৫২৩ কিউবার প্রথম আফ্রিকান দাসদের চালানটিকে স্পেন থেকে আমদানি করলেন দিয়েগো ভেলাজকেজ।

১৫২৪-৪০ স্পেনীয় উপনিবেশিক শক্তির বিরুদ্ধে আদিবাসী এল সালভাদোরীয়দের প্রতিরোধ যুদ্ধ।

১৫২৪-২৬ হন্ডুরাসের আদিবাসী আমেরিকানদের ওপর আধিপত্য বিস্তার করলেন হার্নান কোর্তেস, ক্যারিবীয় উপকূলে স্থাপন করলেন ত্রুজিলো শহর।

১৫২৪ স্পেনীয় রোমাঞ্চপ্রিয় পেদ্রো দে আলভারাদো জয় করলেন এল সালভাদোর।

প্রতিষ্ঠা করা হল স্পেনের ইন্ডিজ কাউন্সিল।

স্পেনের পক্ষে নিকারাগুয়া জয় সম্পূর্ণ করলেন ফ্রান্সিসকো হার্নান্দেজ দে কর্দোবা।

১৫২৫ স্পেনীয়রা কলম্বিয়া জয় করতে শুরু করল। পর্তুগিজ অভিযাত্রিক আলেহো গার্সিয়া প্যারাগুয়ে পরিদর্শন করলেন।

১৫২৬ ইতালীয় নাবিক সেবাস্তিয়ান ক্যাবোট প্যারাগুয়ের নদীগুলোয় অভিযাত্রা চালাচ্ছেন।

১৫২৮-৪৬ স্পেনীয় উপনিবেশিক শক্তি ভেনেজুয়েলার প্রশাসনিক নিয়ন্ত্রণ জার্মান ব্যাংকারদের হাতে তুলে দিল।

১৫২৮ হিসপানিওলার প্রথম রোমক ক্যাথলিক বিশপকে নিয়োগ দেয়া হল।

১৫২৯ মেক্সিকোয় বিশপ হুয়ান দে জুমারাগার আগমন।

কাপ্তানদের যুদ্ধ

১৫৩১ হুয়ান দিয়েগো নামের এক আদিবাসী আমেরিকান দাবি করলেন, তিনি কুমারী মাতাকে দেখতে পেয়েছেন। হুয়ানের নিবাসস্থল গুয়াডালুপের নামে এই কালো চামড়ার মহিলার নাম রাখা হল গুয়াডালুপের কুমারী। কালক্রমে মহিলা মেক্সিকোর প্যাট্রন সেইন্টে পরিণত হন।

১৫৩২ পেরুতে ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে স্পেনীয় কনকুইস্তাদোরদের আগমন। সাও ভিনসেন্তেতে প্রথম পর্তুগিজ বসতি স্থাপিত হল।

১৫৩৩ স্পেনীয়দের হাতে ইনকাদের রাজধানী কুজকোর পতন ঘটল।

১৫৩৩-৩৯ রিও, পারনামবুকো, আর সাও ভিনসেন্তেতে প্রথম আখ প্ল্যান্টেশনগুলো বসান হল।

১৫৩৪ স্পেনীয় উপনিবেশিক শক্তি ইকুয়েডর দখল করে নিল, যা পেরু ভাইস-রয়ালটির অংশ হয়ে গেল।

১৫৩৫ মেক্সিকোয় এলেন দেশটির প্রথম উপনিবেশিক ভাইসরয় দন আন্তোনিও দে মেনদোজা।

লিমা শহরের পত্তন ঘটালো স্পেনীয়রা।

১৫৩৬-৩৮ স্পেন কর্তৃক প্রতিষ্ঠিত হল সান্তা ফে দে বোগোতা বসতি। যা কালক্রমে শুধু বোগোতা নামে পরিচিত হবে। পেরুর স্পেনীয় ভাইস-রয়ালটির অংশ হয়ে যাবে।

১৫৩৬ পেদ্রো দে মেনদোজা ১,৫০০ জন লোক নিয়ে রিও দে লা প্লাতার মোহনায় বুয়েনোস আইরেস বসতি স্থাপন করলেন। কিন্তু কুয়ানডারি আদিবাসীদের আক্রমণের মুখে এই বসতি বেশিদিন টিকিয়ে রাখা যায় নি। পরের বছরই মেনদোজা বসতি ছেড়ে চলে যান।

১৫৩৭ কিউবার প্রথম পূর্ণ উপনিবেশিক গভর্নর হিসেবে নিয়োগ পেলেন হার্নান্দো দে সোতো। প্রতিষ্ঠা করা হল কোমাইয়াগুয়া।

১৫৩৮ স্পেনীয় উপনিবেশিক শক্তি দখল করে নিল বলিভিয়া, যা পেরু ভাইসরয়ালটির অংশ হয়ে গেল।

আনুষ্ঠানিকভাবে কিউবার উপনিবেশিক রাজধানী হয়ে উঠল হাভানা।

প্রতিষ্ঠিত হল অটোনমিয়াস ইউনিভার্সিটি অফ সাঁ দমিনগো।

১৫৪০ আদিবাসী এল সালভারোদীয়দের প্রতিরোধ যুদ্ধের অবসান, একটি স্পেনীয় উপনিবেশে পরিণত হল এল সালভাদোর।

১৫৪০-৪৯ আদিবাসী আমেরিকানদের ওপর ইওরোপীয় উপনিবেশিক শক্তিগুলোর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন স্পেনীয় ধর্মযাজক বার্তালোমিও দে লা কাসাস। তিনি নিজেই শুরুতে একজন দাসমালিক ছিলেন, কিন্তু উপনিবেশিক অভিজ্ঞতা বার্তালোমিওর হৃদয়ে পরিবর্তন আনে। তিনি নিজের আদিবাসী আমেরিকান দাসদের মুক্ত করে দেন; এবং উপনিবেশবাদের বিরুদ্ধে ও দাসপ্রথার বিলোপসাধনের লক্ষ্যে লড়াইয়ে নামেন। ১৫৫০ সালে বার্তালোমিও স্পেনীয় ‘মানবতাবাদী’ দার্শনিক ও ধর্মতাত্ত্বিক হুয়ান জিনেস দে সেপুলভাদার সাথে একটি বাহাসে লিপ্ত হন। এটি ভাল্লাদোলিদ বাহাছ নামে বিখ্যাত হয়ে আছে। সেপুলভাদা প্লেটোর দর্শন ও টমাস অ্যাকুইনাসের ধর্মতত্ত্বের দোহাই দিয়ে দাবি করেন, আদিবাসী আমেরিকানরা “মানবেতর” (less than human) কিছু, তাই তাদের মানুষ করতে ইওরোপীয় উপনিবেশিক শাসনের দরকার আছে। বার্তালোমিও এই দাবি করে খারিজ করে দিয়ে বলেন, আদিবাসী আমেরিকানরা পূর্ণাঙ্গ মানুষ, তাই কোন ডাণ্ডার দরকার নাই।

১৫৪১ মধ্য উপত্যকায় এলেন পেদ্রো দে ভালদিভিয়া, সান্তিয়াগোর পত্তন।

১৫৪২ খুন হলেন পিজারো।

নভেম্বর ২০ আদিবাসীদের গোলামি নিয়ন্ত্রণ করতে স্পেনের নয়া ইন্ডিজ আইন।

১৫৪৩ পেরুর ভাইসরয়ালটি সৃষ্টি করা হল, রাজধানী লিমা।

১৫৪৫ বলিভিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের পতোসিতে আবিষ্কৃত হল রূপার পাহাড়। সেররো রিকোয় আবিষ্কৃত হল রূপা। গুয়াতেমালার অডিয়েন্সিয়া তৈরি করা হল। নতুন স্পেনের ভাইসরয়ালটির আঞ্চলিক বাহু হিসেবে এই অডিয়েন্সিয়ার হন্ডুরাসের ওপর আইনী এখতিয়ার ছিল। হন্ডুরাস স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই বন্দোবস্ত বহাল থাকে।

১৫৪৬ জাকাতেকাসে সোনা আবিষ্কৃত হল। স্বর্ণলালসায় হাজার হাজার স্পেনীয় পড়িমড়ি করে মেক্সিকোর দিকে ছুটল। স্বর্ণ ধুম দেখা দিল।

১৫৪৯ পর্তুগিজ সাম্রাজ্যের একটা রাজ-উপনিবেশে পরিণত হল ব্রাজিল।

১৫৫১ মেক্সিকোয় প্রতিষ্ঠিত হল পশ্চিম গোলার্ধের প্রথম বিশ্ববিদ্যালয়।

১৫৫২ প্রতিষ্ঠিত হল গুয়াডালাজারা। আদিবাসী আমেরিকানদের রক্ষায় নতুন আইন পাশ হল।

১৫৫৩ আদিবাসী মাপুচো জাতির মানুষদের হাতে খুন হলেন উপনিবেশিক চিলির প্রথম প্রশাসক পেদ্রো দে ভালদিভিয়া।

১৫৫৪ সাও পাওলোতে বসতিস্থাপন করলেন জেসুইট ধর্মপ্রচারকরা।

১৫৫৪-৫৫ সান্তিয়াগো, পুয়ের্তো প্রিন্সিপ ও হাভানায় একটি ধ্বংসলীলা চালালেন জলদস্যু জ্যাক দে সোরেস।

১৫৬২ হাভানা থেকে স্পেন পর্যন্ত দ্বিবার্ষিক রূপা বহনকারী নৌবহর ক্যারেরা দে লাস ইন্ডিয়াসয়ের যাত্রা শুরু।

১৫৬৩ কোস্টা রিকার প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হুয়ান ভাস্কেজ দে করোনাডো, কারতাগো’কে দেশটির উপনিবেশিক রাজধানী বানালেন।

১৫৬৭ গুয়ানাবারা উপসাগরের ফরাসি উপনিবেশ ফ্রান্স আন্তারতিক ফরাসিদের কাছ থেকে ছিনিয়ে নিল পর্তুগাল।

১৫৭০ আদিবাসী আমেরিকানদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞা দিল পর্তুগাল সাম্রাজ্য। লিমায় ইনকুইজিশন প্রতিষ্ঠা করা হল।

১৫৭২ পর্তুগিজ ব্রাজিলে একজন ভাইসরয় নিযুক্ত করা হল।

১৫৭৭ কারাকাসকে আনুষ্ঠানিকভাবে উপনিবেশিক ভেনেজুয়েলার রাজধানী করা হল।

১৫৭৮ প্রতিষ্ঠা করা হল তেগুচিগালপা।

১৫৮০ গায়ানায় নদীর উৎসমুখে বাণিজ্যকুঠি স্থাপন করল ওলন্দাজরা। আসুনসীয় স্পেনীয়রা বুয়েনোস আইরেসে বসতি স্থাপন করলেন।

১৫৮৬ সাঁ দমিনগো দখল করলেন ব্রিটিশ জলদস্যু স্যার ফ্রান্সিস ড্রেক।

১৫৯৩ স্পেনীয় অভিযাত্রিকরা অঞ্চলটি পরিদর্শন করলেন এবং দেশটির আদিতম বাসিন্দা সুরিনানদের নামানুসারে দেশটির নাম সুরিনাম রাখলেন।

১৫৯৫ হাভানার নিকট স্থাপিত হল কিউবার প্রথম বৃহৎ চিনিকল।

১৬০৭ কিউবাকে দুটি প্রশাসনিক বিভাগে (পূর্ব ও পশ্চিম) ভাগ করা হল।

১৬০৮ কিউবার প্রথম নথিবদ্ধ কবিতাটি (এস্পেজো দে লা প্যাসিয়েন্সিয়া) লিখলেন সিলভেস্ত্রে দে বালবোয়া।

১৬০৯ স্পেনীয় জেসুইট ধর্মপ্রচারকরা স্থানীয় বাসিন্দাদের রোমক ক্যাথলিক খ্রিস্টধর্মে দীক্ষিত করতে শুরু করলেন।

১৬২০ গায়ানায় পা ফেলল ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্থাপন করল সেনাঘাঁটি। আফ্রিকা থেকে আমদানি করা দাসদের আখ প্ল্যান্টেশনে কাজে লাগানো হল।

১৬২৪ ওলন্দাজরা পর্তুগিজ ব্রাজিলের সালভাদর দখল করে নিল।

১৬২৫ ফরাসিরা তোরতুগা দ্বীপ এবং হিসপানিওলার উত্তরপশ্চিম উপকূলে বসতিস্থাপন করল এবং তাদের উপনিবেশের নাম দিল সাঁ দমিনগো।

১৬৩০ ওলন্দাজরা পর্তুগিজ ব্রাজিলের ওলিন্দা ও রেকিফ দখল করে নিল।

১৬৩২ ওলন্দাজরা পর্তুগিজ ব্রাজিলের পারনামবুকো দখল করে নিল।

১৬৪৮ পর্তুগিজ ব্রাজিল থেকে যাওয়া একটি সেনাবাহিনী পর্তুগিজ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডাকে ওলন্দাজদের হাত থেকে পুনর্দখল করল।

১৬৫১-৯৫ নারীবাদী লেখিকা সর জুয়ানা ইনেস দে লা ক্রুজের জীবনকাল।

১৬৫১ সুরিনামে প্রথম স্থায়ী ইওরোপীয় বসতি, পারামারিবোতে ব্রিটিশ লর্ড ফ্রান্সিস উইলোবি কর্তৃক স্থাপিত হল।

১৬৫৪ ওলন্দাজদের দখল করা ভূখণ্ডগুলোর ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল পর্তুগিজ ব্রাজিল।

১৬৬২ ইংরেজ সেনাদলের হাতে পড়ল ও ধ্বংসযজ্ঞের শিকার হল সান্তিয়াগো দে কিউবা।

১৬৬৩ পর্তুগিজ ব্রাজিল নিয়ে পর্তুগাল আর নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি সাক্ষরিত হল।

১৬৬৫ ফরাসিরা হাইতির উত্তর উপকূলে পোর্তে-দ্য-পিক্সে একটি বসতিস্থাপন করল।

১৬৬৭ ব্রিটিশরা নিউ আমস্টারডামের বিনিময়ে নেদারল্যান্ডসের কাছে সুরিনামের ব্রিটিশ-শাসিত অংশ বেচে দিল।*
* এই নিউ আমস্টারডামই আজকের নিউ ইয়র্ক সিটি।

১৬৬৮ পুয়ের্তো প্রিন্সিপে ধ্বংসলীলা চালালেন জলদস্যু হেনরি মর্গান।

১৬৭০ সাঁ দমিনগোতে ফরাসিদের অনুমোদন লাভ করল আফ্রিকান দাস বাণিজ্য।

১৬৮২ সুরিনামে কফি আর আখ প্ল্যান্টেশন স্থাপন করে তাতে আফ্রিকান দাসদের কাজে লাগানো হল।

১৬৮৭ ব্রিটিশরা ক্যারিবীয় মিসকিতো উপকূল দাবি করে বসল।

১৬৯০-৯৯ মিনাস গেরাইস রাজ্যে সোনা আবিষ্কৃত হল।

১৬৯৭ রিজউইকের চুক্তি, হিসপানিওলার পশ্চিম অংশ ফ্রান্সের দখলে চলে গেল। এই পশ্চিম হিসপানিওলাই হচ্ছে আজকের হাইতি রাষ্ট্র। হিসপানিওলার পূর্ব অংশ, বর্তমান দমিনিকান প্রজাতন্ত্র, স্পেনের হাতে রয়ে গেল।

১৭০৬ প্রতিষ্ঠা করা হল হেরেডিয়া।

১৭০৯ তালামানকা অঞ্চলে আদিবাসী জাতিসমূহের মানুষদের অভ্যুত্থান।

১৭১১ ফরাসিরা সাময়িকভাবে পর্তুগিজ ব্রাজিলের কাছ থেকে রিও ডি জেনিরোর নিয়ন্ত্রণ নিল।

১৭১৫ ইন্ডিজের বাণিজ্যে প্রবেশ করার অনুমতি পেল কাদিজ।

১৭১৭ আগস্ট ১৭ তামাক চাষে স্পেনের একচেটিয়া অধিকার কৃষক বিদ্রোহ উসকে দিল, যা ১৭২৩ সাল পর্যন্ত চলবে।

১৭১৮ স্পেনীয়দের নুয়েভা গ্রেনাদা ভাইস-রয়ালটির রাজধানী হয়ে উঠল বোগোতা, যা এ সময় ইকুয়েডর আর ভেনেজুয়েলাও শাসন করছে।

১৭২৬ স্পেনীয়রা মন্টেভিডিও শহর প্রতিষ্ঠা করল এবং উরুগুয়েকে পর্তুগিজদের কাছ থেকে ছিনিয়ে নিল।*
* এসময় বিপুল সংখ্যক আদিবাসী উরুগুয়ান খুন হন।

১৭২৮-৮৯ স্পেনীয় উপনিবেশিক শক্তি ভেনেজুয়েলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ কারাকাস কোম্পানির হাতে তুলে দিল।

১৭২৮ রাজকীয় ডিক্রির মাধ্যমে প্রতিষ্ঠিত হল হাভানা বিশ্ববিদ্যালয়।

১৭৩৬ প্রতিষ্ঠা করা হল সান হোসে।

১৭৪৮ কিউবায় শুরু হল কফি চাষ।

১৭৪৯ পোর্তে-অউ-প্রিন্স প্রতিষ্ঠা করা হল এবং সাঁ দমিনগোর রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হল।

১৭৫২ সাঁ দমিনগোর উত্তরাঞ্চলে দাস বিদ্রোহ শুরু হল।

১৭৫৫ পর্তুগিজ ব্রাজিলের আদিবাসী আমেরিকানদের পর্তুগিজ সাম্রাজ্যের পূর্ণ প্রজা হিসেবে স্বাধীনতা দেয়া হল।

১৭৬২ জুন ৬ হাভানার পুবদিকে অবতরণ করল একটি ব্রিটিশ বাহিনী।

আগস্ট ১৩ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন স্পেনীয় গভর্নর। কিউবার পশ্চিমাঞ্চলে ১১ মাস ধরে চলা ব্রিটিশ দখলদারিত্বের সূচনা হল।

১৭৬৩ ফেব্রুয়ারি ১০ প্যারিস চুক্তি। গ্রেট ব্রিটেন ও স্পেন কিউবার সাথে ফ্লোরিডা বিনিময় করতে রাজি হল। হাভানা থেকে সেনা প্রত্যাহার করল ব্রিটেন।

রিও ডি জেনিরোকে পর্তুগিজ ব্রাজিলের রাজধানী ঘোষণা করা হল।

১৭৬৫ হাভানা ও স্পেনের মধ্যে একচেটিয়া নৌবহর ব্যবস্থার অবসান।

১৭৭৩ প্রতিষ্ঠা করা হল কলেজিও দে সান কার্লোস।

১৭৭৬ প্যারাগুয়েকে পেরু ভাইস-রয়ালটি থেকে লা প্লাতা ভাইস-রয়ালটির হাতে তুলে দেয়া হল। লা প্লাতা ভাইস-রয়ালটির অংশ হয়ে গেল উরুগুয়ে। স্পেনের বুর্বোরা বুয়েনোস আইরেসকে রাজধানী করে রিও দে লা প্লাতার ভাইসরয়ালটি তৈরি করল।

১৭৮০-১৮১৩ গায়ানা কয়েকবার ব্রিটিশ, ফরাসি, আর ওলন্দাজদের মাঝে হাতবদল হল।

১৭৮২ প্রতিষ্ঠা করা হল আলাহুয়েলা।

১৭৯০-৯৯ স্পেনীয় ও ফরাসিদের বিরুদ্ধে সশস্ত্রভাবে লড়ছেন আফ্রিকানরা। ব্রাজিল এ সময় দুনিয়ার মোট সোনার অর্ধেক উৎপাদন করছে।

১৭৯০ প্রতিষ্ঠা করা হল কিউবার প্রথম পত্রিকা পাপেল পিরিয়ডিকো

১৭৯১ হাইতির সান্তো দমিনগোতে দাস বিদ্রোহ। ৩০,০০০ ফরাসি বসতিস্থাপক কিউবায় প্রবেশ করলেন। সেভিল ও কাদিজের একচেটিয়া বাণিজ্য অধিকারের অবসান।

১৭৯২ গঠন করা হল “আলোকিত” সোসিয়েদাদ ইকোনোমিকা দে অ্যামিগোস দেল পাইস (দেশবন্ধুদের অর্থনৈতিক সমিতি)। লাস কাসাসের গভর্নর কর্তৃক প্রতিষ্ঠিত হল জান্তা দে ফোমেন্টো (উন্নয়ন কমিশন)।

১৭৯৩ ফ্রান্সের অনুমোদনের তোয়াক্কা না করেই উত্তর সাঁ দমিনগোতে দাসত্বের বিলোপসাধন করা হল।

১৭৯৪ ফ্রান্সের জাতীয় কনভেনশনে সকল ফরাসি উপনিবেশে দাসত্বের বিলোপসাধনের ঘোষণা দেয়া হল।

১৭৯৫ স্পেন হিসপানিওলার তার নিয়ন্ত্রণে থাকা অংশটুকুও ফ্রান্সের হাতে তুলে দিল।

জুন ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় কিউবার প্রথম বিদ্রোহ। নিকোলাস মোরালেসের নেতৃত্বে। বায়ামোর নিকট সংঘটিত হয়।

১৭৯৮ হাভানা ও সান্তিয়াগোতে কিউবার প্রথম ফরাসি ফ্রিম্যাসনারি লজগুলো প্রতিষ্ঠিত হল।

১৭৯৯ অডিয়েন্সিয়াকে সান্তো দমিনগো থেকে সান্তিয়াগো দে কিউবায় স্থানান্তরিত করা হল।

১৭৯৯-১৮০২, ১৮০৪-১৬ সুরিনামে ব্রিটিশ শাসন পুনর্বহাল।

১৮০০ অডিয়েন্সিয়াকে পুয়ের্তো প্রিন্সিপে সরিয়ে আনা হল।

ডিসেম্বর ১৯ কিউবা সফর শুরু করলেন আলেক্সান্দার ভন হামবোল্ট।

১৮০১ সাবেক কালো দাস ও বিপ্লবী তুসাইন লভেরতুঁর সাঁ দমিনগো শহর দখল করে নিলেন। তিনি সকল দাসের মুক্তি ঘোষণা করলেন এবং একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ১০-সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদ স্থাপন করলেন। এই সংবিধান লভেরতুঁরকে আজীবন গভর্নর জেনারেল বলে স্বীকৃতি দিল।

১৮০২ ফরাসিদের সাঁ দমিনগো আক্রমণ ও লভেরতুঁরের আত্মসমর্পণ।

১৮০৩ এক ফরাসি কারাগারে মৃত্যুবরণ করলেন তুসাইন লভেরতুঁর।

১৮০৪ জানুয়ারি ১ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল হাইতি। নিজেকে নবগঠিত প্রজাতন্ত্রটির সম্রাট ঘোষণা করলেন সাবেক কালো দাস ও বিপ্লবী জাঁ-জ্যাক দেসালিন। পোর্তে-অউ-প্রিন্সকে হাইতির রাজধানী করা হল।

জানুয়ারি ৭ কিউবায় হামবোল্টের দ্বিতীয় সফর।

ডিসেম্বর হাভানায় প্রতিষ্ঠিত হল কিউবার প্রথম মেসোনিক লজ।

১৮০৬-৭ ব্রিটিশরা স্পেনীয় আমেরিকায় ঘাঁটি গাড়ার উদ্দেশ্যে বুয়েনোস আইরেস দখল করার চেষ্টা চালাল।

১৮০৭ মার্চ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র দাস বাণিজ্য বিলুপ্ত করল ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।

১৮০৮ নেপোলিয়ান বোনাপার্তে স্পেনের রাজতন্ত্রকে সাময়িকভাবে উৎখাত করলেন। এই সুযোগে লা প্লাতা ভাইস-রয়ালটির বিরুদ্ধে বিদ্রোহ করে বসল প্যারাগুয়ে ও উরুগুয়ে। আগের বছর নেপোলিয়ান বোনাপার্তের সেনাবাহিনীর ধাওয়া খেয়ে ব্রাজিলে নিজ সরকারের কেন্দ্র স্থাপন করলেন পর্তুগালের রাজা।

স্পেনীয় ক্রেওলদের বিদ্রোহের প্রেক্ষিতে সাঁ দমিনগো পুনরায় নিয়ে নিল স্পেন।

কিউবা কেনার ধারণাটি প্রথমবারের মতো পেশ করলেন টমাস জেফারসন।

১৮০৯ ইকুয়েডরের মধ্যশ্রেণির নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হল।

১৮১০ সেপ্টেম্বর ১৮ আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণা করে চিলি।

নভেম্বর জোয়াকিন ইনফান্তের নেতৃত্বে একটি বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। ষড়যন্ত্রীদের গ্রেপ্তার করা হল ও মৃত্যুদণ্ড কার্যকর করা হল। কিউবাকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার প্রস্তাব দিল হাভানার কাউন্সিল।

ফরাসিরা স্পেন আক্রমণ করে। স্পেনীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। স্পেনের কাছ থেকে আর্জেন্টিনার স্বাধীনতার পথ সহজতর হয়।

১৮১০-১৮ চিলির স্বাধীনতা যুদ্ধ।

১৮১১ প্যারাগুয়ে স্বাধীনতা অর্জন করল। স্বাধীনতা আইন সই হল। সিমন বলিভারের নেতৃত্বে শুরু হল স্বাধীনতাযুদ্ধ।

স্পেনের সাম্রাজ্যের মধ্যে কিউবার স্বায়ত্তশাসনের প্রস্তাব কোর্তেজের কাছে উত্থাপন করলেন হোসে আগুস্তিন কাবালেরো।

১৮১২-২০ ব্রাজিলীয় ও আর্জেন্টিনীয় দখলদারদের রুখে দাঁড়ালেন ওরিয়েন্তালিস নামে পরিচিত প্লাতা নদীর পুবদিকের উরুগুয়ানরা।

১৮১২ স্পেন থেকে আর্জেন্টিনায় এলেন হোসে দ্য সান মার্টিন, আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম নায়ক ও স্প্যানিশ আমেরিকার মুক্তিদাতাদের একজন।

ষড়যন্ত্রের অভিযোগে হোসে আন্তোনিও আপোন্তেকে মৃত্যুদণ্ড দেয়া হল এবং আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

১৮১৪ নেপোলিয়ানের যুদ্ধগুলোর ডামাডোলে ব্রিটিশরা গায়ানা দখল করল।

স্পেনে সপ্তম ফারনান্দোর অধীনে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র পুনর্বহাল।

১৮১৫ ব্রাজিলকে পর্তুগালের সমান মর্যাদাসম্পন্ন রাজ্য বলে দাবি করলেন ডোম ষষ্ঠ জোয়াও।

১৮১৬ জুলাই ৯ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল আর্জেন্টিনা।

১৮১৭ তামাক উৎপাদনে রাজকীয় একচেটিয়া অধিকার বিলুপ্ত করা হল।

সেপ্টেম্বর ২৩ ইঙ্গ-স্পেনীয় চুক্তি। এ চুক্তি অনুযায়ী, ১৮২০ সালের মধ্যে দাস বাণিজ্য বিলুপ্ত করতে বাধ্য স্পেন।

১৮১৯ বোয়াচাতে স্পেনীয়দের পরাজিত করলেন সিমন বলিভার। গঠন করলেন গ্র্যান কলম্বিয়া প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল আজকের কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, ও পানামা।

কিউবার প্রথম স্টিমশিপ পাল তুলল।

১৮২০-২৯ কফি ব্রাজিলের একটি প্রধান পণ্যে পরিণত হল।

১৮২০-২১ জেনারেল হোসে দে সান মার্টিনের মুক্তিফৌজ লিমায় প্রবেশ করল, এবং স্পেনের কাছ থেকে পেরুর স্বাধীনতা ঘোষণা করল।

১৮২০ মে ৩০ আনুষ্ঠানিকভাবে দাস বাণিজ্য (কিন্তু দাসত্ব নয়) বিলুপ্ত করল স্পেন।

১৮২১-২৪ স্বাধীনতাপন্থী ষড়যন্ত্র সোলেস ই রায়োস দে বলিভার

১৮২১ মধ্য আমেরিকার স্পেনীয় উপনিবেশগুলো স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল। যার একটি কোস্টা রিকা।

ফেব্রুয়ারি ২৪ প্ল্যান দে ইগুয়ালা, স্পেনীয় উপনিবেশিক শক্তির হাত থেকে মেক্সিকোর পতন ঘোষণা করা হল।

সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করল মেক্সিকো।

স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল নিকারাগুয়া, মেক্সিকো সাম্রাজ্যে যোগ দিল। গুয়াতেমালা স্বাধীন হয়ে মেক্সিকো সাম্রাজ্যে যোগ দিল।

স্পেনের কাছ থেকে স্বাধীন অর্জন করল পানামা। গ্র্যান কলম্বিয়া কনফেডারেসিতে যোগ দিল দেশটি। এই প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল আজকের কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, ও পানামা। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল এল সালভাদোর।

স্পেনীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করল সাঁ দমিনগো।

১৮২২ স্বাধীন গ্র্যান কলম্বিয়ার* অংশ হয়ে গেল ইকুয়েডর।
* বাকি অংশগুলো ছিল পানামা, কলম্বিয়া, ও ভেনেজুয়েলা।

পর্তুগালের রাজার ছেলে পর্তুগালের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বসলেন। নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করে প্রথম পিটার নামে মসনদে আসীন হলেন।

সেপ্টেম্বর ৭ ব্রাজিল একটি স্বাধীন রাজ্যে পরিণত হল।

হাইতির প্রেসিডেন্ট জাঁ-পিয়েরে বোয়ের সাঁ দমিনগো দখল করতে সেনা পাঠালেন ও অঞ্চলটিকে হাইতির অন্তর্ভুক্ত করে নিলেন।

হাভানা থেকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হওয়ার একটি দ্বিতীয় প্রস্তাব পাঠানো হল।

১৮২৩ মে ২ কিউবার গভর্নর হলেন ফ্রান্সিসকো ভাইভস, দশকব্যাপী দমনপীড়ন শুরু।

ডিসেম্বর ২ “মনরো ডকট্রিন” ঘোষণা করলেন জেমস মনরো।

দেমেরারার অহিংস দাস বিদ্রোহ পিষে ফেলা হল।

হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।

১৮২৪ লাতিন আমেরিকায় স্পেনের শেষ উপনিবেশ পেরুর স্বাধীনতালাভ। ভেনেজুয়ালার স্বাধীনতা সংগ্রামী সিমন বলিভার* বলিভিয়াকে স্পেনীয় উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করলেন।
* বলিভারের নামেই দেশটির নাম বলিভিয়া রাখা হয়েছে।

আগস্ট ১৪ সোলেস ই রায়োস ষড়যন্ত্রের অবসান; ৬০০ গ্রেপ্তার।

১৮২৫ বলিভিয়া স্বাধীন হল, প্রেসিডেন্ট হলেন সিমন বলিভার।

১৮২৫-৩০ কিউবায় স্বাধীনতাপন্থী ষড়যন্ত্র আগুইলা নেগ্রা

১৮২৭ গঠিত হল কিউবার তৃতীয় প্রশাসনিক বিভাগ (কেন্দ্রীয়)।

১৮২৮ ইউপিসিএর বিলুপ্তি। হন্ডুরাস একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল।

১৮২৯-৩০ ভেনেজুয়েলা আর ইকুয়েডর আলাদা হয়ে যাওয়ায় বিলুপ্ত হয়ে গেল গ্র্যান কলম্বিয়া। আজকের দিনের কলম্বিয়া আর পানামায় গঠিত হল একটি স্বতন্ত্র রাষ্ট্র। যা নুয়েভা গ্রেনাদা নামে পরিচিত ছিল।

১৮৩০ গ্র্যান কলম্বিয়া থেকে বেরিয়ে এল ভেনেজুয়েলা। একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হল, যার রাজধানী কারাকাস। কডিলোসদের* শাসন শুরু।
* এক ধরণের কর্তৃত্ববাদী শাসক বা সমরপ্রভু বুঝায়।

গ্র্যান কলম্বিয়া থেকে বেরিয়ে এসে পূর্ণ স্বাধীনতা অর্জন করল ইকুয়েডর। কলম্বিয়ার অংশ হয়ে গেল পানামা।

যক্ষা রোগে সিমন বলিভারের মৃত্যু।

১৮৩১ গায়ানাকে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিটিশ উপনিবেশ ঘোষণা করা হল।

১৮৩২ রয়্যাল ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কিউবায় ব্যাংকিং ব্যবস্থার সূচনা।

১৮৩৫ জুন ২৮ স্পেন আবারও ব্রিটেনের কাছে এই মর্মে ওয়াদা করল, তার সাম্রাজ্যে দাস বাণিজ্য বিলুপ্ত করা হবে।

১৮৩৪ গায়ানায় দাসপ্রথার বিলোপসাধন করা হল। বহু মুক্তিপ্রাপ্ত দাস এসময় প্ল্যান্টেশন ছেড়ে জীবিকার খোঁজে অন্যত্র চলে যায়। ভারত থেকে বহু শর্তাবদ্ধ শ্রমিকের আগমন ঘটে।

১৮৩৬ লা ত্রিনিতারিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা হুয়ান পাবলো দুয়ের্তের নেতৃত্বে হাইতির বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রাম শুরু করলেন দমিনিকীয়রা।

১৮৩৭ হাভানার নিকট লাতিন আমেরিকার প্রথম রেলপথের নির্মাণকাজ সম্পন্ন হল।

১৮৩৮ একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল নিকারাগুয়া।

হাভানায় একটি অডিয়েন্সিয়া (আদালত) প্রতিষ্ঠা করা হল।

১৮৩৯ পূর্ণ স্বাধীনতা অর্জন করল গুয়াতেমালা।

১৮৪০ ইউপিসিএর বিলুপ্তি পূর্ণ স্বাধীনতা লাভ করল এল সালভাদর।

১৮৪১ এক আদমশুমারিতে বেরিয়ে এল, কিউবার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই অশ্বেতাঙ্গ।

১৮৪২ গ্রেপ্তার ও বহিষ্কৃত হলেন দাসপ্রথাবিরোধী ব্রিটিশ কনসাল ডেভিড টার্নবুল।

১৮৪৪ জানুয়ারি কথিত লা এসকালেরা ষড়যন্ত্রের অভিযোগে নির্মম দমনপীড়ন শুরু।

এপ্রিল প্রতিষ্ঠা করা হল কিউবার সবচে মর্যাদাপূর্ণ পত্রিকা ডায়ারিও দে লা মারিনা

হাইতি থেকে স্বাধীনতা ঘোষণা করল দমিনিকান প্রজাতন্ত্র।

১৮৪৫ মার্চ ২ সব উপনিবেশে দাস বাণিজ্য বিলুপ্ত করলেন স্পেনীয় কোর্তেজ।

১৮৪৬ যুক্তরাষ্ট্রের সাথে একটা রেলচুক্তি সই করল পানামা।

১৮৪৭ গঠিত হল যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের সংগঠন ক্লাব দে লা আবানা

১৮৪৮ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের প্রথম বিদ্রোহের পরিকল্পনা করেন নার্সিজো লোপেজ।

মে ২৫ কিউবা কিনে নেয়ার জন্য স্পেনকে ১০ কোটি ডলার প্রস্তাব দিল পোল্ক প্রশাসন।

হাইতি দমিনিকান প্রজাতন্ত্র দখলের একটা চেষ্টা চালাল, কিন্তু তাদেরকে দমিনিকীয়রা তাড়িয়ে দিতে পারল।

১৮৫০ মে ১৯ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের ৬০০ জন বিদ্রোহী নিয়ে কার্দেনাসের কাছে অবতরণ করলেন নার্সিজো লোপেজ। সেখানে ভবিষ্যৎ কিউবার জাতীয় পতাকা উত্তোলিত হল।

১৮৫১ আগস্ট ১২ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের ৪৮০ জন বিদ্রোহী নিয়ে বাহিয়া হোন্ডা (পিনার) অঞ্চলে অবতরণ করলেন নার্সিজো লোপেজ।

সেপ্টেম্বর ১ হাভানায় নার্সিজো লোপেজের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

১৮৫৩ কেন্দ্রীয় প্রশাসনিক বিভাগ বিলুপ্ত করা হল। ১৮২৭-পূর্ব দুই-বিভাগীয় প্রশাসনিক কাঠামোতে ফিরে গেল কিউবা।

জানুয়ারি ২৮ হোসে মার্তির জন্ম।

১৮৫৪ অক্টোবর ১৮ ওস্টেন্ড ইশতেহার।*
* স্পেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কিউবা অধিগ্রহণের পক্ষে। ইউরোপে নিযুক্ত ৩ মার্কিন রাষ্ট্রদূত কর্তৃক ফ্রান্সে স্বাক্ষরিত হল। কিউবা কেনার জন্য স্পেনকে দ্বিতীয়বার প্রস্তাব দেয় পিয়ার্স প্রশাসন।

১৮৫৫ হাইতি আবার দমিনিকান প্রজাতন্ত্রকে দখল করে নিল।

১৮৫৭ কিউবা কেনার জন্য স্পেনকে তৃতীয়বার প্রস্তাব দিল বুকানান প্রশাসন।

১৮৫৯ বেলিজের সীমান্ত নির্ধারণকারী চুক্তি সই করল ব্রিটেন ও গুয়াতেমালা।

১৮৬১-৬৩ প্রেসিডেন্ট পেদ্রো সান্তানা দমিনিকান প্রজাতন্ত্রকে পুনরায় স্পেনীয় শাসনের অধীনস্ত করলেন।

১৮৬১ মে হাভানায় প্রতিষ্ঠিত হল দি অ্যাকাডেমি অফ সায়েন্সেস।

১৮৬২ কিউবায় এলেন যুক্তরাষ্ট্রের প্রথম অক্যাথলিক খ্রিস্টান মিশনারি। যিনি একজন কোয়াকার। দাস বাণিজ্য বিলুপ্তির আইন কার্যকর করল স্পেন।

বেলিজকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের একটি মুকুট সাম্রাজ্য বলে ঘোষণা করা হল, দেশটির নতুন নাম হল ব্রিটিশ হন্ডুরাস।

১৮৬৩-৬৪ দমিনিকান প্রজাতন্ত্রে স্পেনীয় শাসনের চূড়ান্ত অবসান।

১৮৬৩ সুরিনামে দাসপ্রথার বিলোপসাধন করা হল। প্ল্যান্টেশনে কাজে লাগানোর জন্য ভারত, জাভা ও চীন থেকে শর্তাবদ্ধ শ্রমিকদের নিয়ে আসা হল।

১৮৬৮ গ্রিটো দে ইয়ারা। কিউবার স্বাধীনতাসংগ্রাম শুরু হল।

১৮৭৯ গেরা চিকিতা। কিউবার স্বাধীনতাসংগ্রামের দ্বিতীয় পর্ব শুরু হল।

গায়ানায় সোনা আবিষ্কৃত হল।

১৮৮৬ দাসপ্রথার বিলোপসাধন।

১৮৮৯ এসেকুইবো নদীর পশ্চিমে গায়ানার বেশ বড় একটা অংশের ওপর মালিকানা দাবি করল ভেনেজুয়েলা।

১৮৯১ হোসে মার্তি, আওয়ার আমেরিকা

১৮৯৩ ব্রিটিশ হন্ডুরাসের ওপর দাবি ছেড়ে দিল মেক্সিকো।

১৮৯৫ কিউবার স্বাধীনতাযুদ্ধের এক নতুন পর্বের সূত্রপাত হল।

১৮৯৮-১৯০২ কিউবায় মার্কিন দখলদারিত্ব।

১৮৯৯ ভূখণ্ড নিয়ে গায়ানা আর ভেনেজুয়েলার বিবাদে আন্তর্জাতিক সালিশি আদালত গায়ানার পক্ষে রায় দিল।

১৯০১ কিউবার সংবিধান প্লাট সংশোধনী অন্তর্ভুক্ত করা হল।

১৯০২ কিউবা থেকে মার্কিনীদের সেনা প্রত্যাহার। প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত। প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন টমাস এস্ত্রাদা পালমা।

১৯০৩ কলম্বিয়া ভেঙে বেরিয়ে এল পানামা, অর্জন করল পূর্ণ স্বাধীনতা।

১৯১৬ খনি থেকে বক্সাইট তুলতে শুরু করল অ্যালুমিনিয়াম কোম্পানি অফ আমেরিকা (অ্যালকোয়া), যা কালক্রমে সুরিনামের প্রধান রফতানি পণ্য হয়ে উঠবে।

১৯৩০-৩৯ মহামন্দায় ব্রিটিশ হন্ডুরাসের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হল।

১৯৫৪ সুরিনামকে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া হল। নেদারল্যান্ডসের হাতে রইল কেবল প্রতিরক্ষা আর বৈদেশিক সম্পর্ক।

১৯৫৮ সাংবিধানিক সংস্কার বেলিজকে সীমিত আকারে স্বায়ত্তশাসন দিল। সাধারণ নির্বাচনে জয়লাভ করল জনগণের যুক্তদল (পিইউপি)। নেতৃত্বে ছিলেন জর্জ প্রিন্স।

১৯৬১ গায়ানাকে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া হল। ব্রিটেনের হাতে রইল কেবল প্রতিরক্ষা আর অভ্যন্তরীণ সম্পর্ক। ব্রিটিশ গায়ানার প্রধানমন্ত্রী হলেন চেদ্দি জগন।

হারিকেন হ্যাট্টিতে ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হল।

১৯৬৩ গায়ানার আফ্রিকান বংশধরদের সাথে চেদ্দি জাগানের সমর্থক ভারতীয় বংশধরদের বর্ণবাদী সহিংসতা দেখা দিল।

১৯৬৬ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল গায়ানা।

১৯৭০ বেলিজ সিটি থেকে রাজধানী বেলমোপানে সরিয়ে আনা হল।

১৯৭৩ ব্রিটিশ হন্ডুরাসের নাম বদলে বেলিজ রাখা হল।

১৯৭৫ নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল সুরিনাম। জনগণের এক-তৃতীয়াংশেরও বেশি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়ল। সুরিনাম জাতীয় দলের (এনপিএস) জোহান ফেরিয়ার প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী হলেন একই দলের হেঙ্ক আররন।

১৯৮১ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল বেলিজ। দেশটির প্রথম প্রধানমন্ত্রী হলেন জর্জ প্রিন্স। স্বীকৃতিপ্রদানে নারাজি জানাল গুয়াতেমালা।

তথ্যসূত্র

রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।

BBC.

Crooker, Richard A., and Pavlovic, Zoran. 2010. Cuba. 2nd ed. Chelsea House.

Crooker, Richard A. 2004. Chile. Chelsea House.
— 2004. Argentina. Chelsea House.
— 2006. Venezuela. Chelsea House.

Dendinger, Roger. 2004. Costa Rica. Chelsea House.
— 2008. Honduras. New York: Chelsea House.

Gritzner, Charles F., and Swanson, Linnea C.. Panama. Chelsea House.

Girtzner, Charles F., and Girtzner, Yvonne. 2004. Peru. Chelsea House.

Gritzner, Charles F.. 2010. Nicaragua. Chelsea House.
— 2011. Haiti. Chelsea House.
— 2006. Mexico. updated ed. Chelsea House.

Greenbaum, Harry. 2003. Brazil. Chelsea House.

Kapcia, Antoni. 2022. Historical Dictionary of Cuba. 3rd ed. Rowman & Littlefield.

Kirkwood, Burton. 2009. The History of Mexico. 2nd ed. Greenwood Press.

Phillips, Douglas A. 2010. Dominican Republic. Chelsea House.

Tarver, Michael H. 2018. The History of Venezuela. 2nd ed. Greenwood Press.

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *