আরব-ইসলামী সাম্রাজ্য

Spread the love

Featured Image: unesco.

World History Encyclopedia.

“The history of Islam refutes all the caricatures that one tries to impose on it.”

John Tolan (1959-), American Historian

পূর্বসাল

১৮১২-১৬৩৭ ইব্রাহিম নবি কাবা ঘর নির্মাণ করলেন। এই কাজে তাঁকে সহায়তা করলেন পুত্র ইসমাইল।*
* মুসলিম বিশ্বাস অনুযায়ী, আরবরা ইসমাইল নবির বংশধর।

১০০ গ্রিক ঐতিহাসিক দিওদোরাস সিকুলাস তাঁর বিবওলিওথিকা হিস্টোরিকায় একটি উপাসনালয়ের কথা বললেন। সিকুলাসের মতে, উপাসনালয়টি সকল আরবের চোখেই শ্রদ্ধেয়। অনেকে মনে করেন, তিনি কাবার কথা বলছিলেন।

সাল

১-১০০ দক্ষিণ আরবে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে হিমইয়ারিরা।

১০০-২৫০ এ সময় জুরহামের ইয়েমেনি গোষ্ঠীগুলো মক্কা শাসন করছে।

১০১-২০০ পশ্চিম আরবের সামুদরা রোমক সাম্রাজ্যকে খাজনা দিচ্ছে।

১০৫ রোমক আরব। নাবাতীয় রাজ্যকে রোমক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হল।

১৩২ ফিলিস্তিন থেকে আরব উপদ্বীপে অভিবাসিত হলেন ইহুদিরা।

২০১-৩০০ আরবের লাখমি গোত্র পারসিকদের মক্কেলে পরিণত হল।

২২৪-৬৫১ সাসানীয় সাম্রাজ্য

২৪১ সাসানীয় আরব। হাত্রানদের রাজ্যকে সাসানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হল।

৩০১-৪০০ পূর্ব আরবে পারসিক সাম্রাজ্যের প্রভাব ছড়িয়ে পড়ল।

৩১২ খ্রিস্টধর্ম গ্রহণ করলেন রোমক সম্রাট কনস্টান্টাইন।

৩২৮ লাখমি রাজা ইমরুল কায়েসের এপিটাফে তাঁকে সকল আরবের রাজা বলে বর্ণনা করা হল।

৩৩০-১৪৫৩ পূর্ব রোমক সাম্রাজ্য।*
* রোমক সাম্রাজ্যের ভাঙনের পর পূর্ব রোমক সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য (Βασιλεία Ρωμαίων) নামে পরিচিত হয়ে ওঠে। কুরআন শরিফের ৩০ সংখ্যক সূরার নাম আর-রুম। সেখানে রুম বলতে বাইজেন্টাইন সাম্রাজ্যকেই বোঝানো হয়েছে। যার কেন্দ্র ছিল কনস্টান্টিনোপল। বর্তমান তুরস্কের ইস্তানবুল। আজকে বাইজেন্টাইন সাম্রাজ্য আর পূর্ব রোমক সাম্রাজ্য পদ দুটি সমার্থক হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এটা মনে রাখা দরকার, পূর্ব রোমক সাম্রাজ্যের নাগরিকরা নিজেদের রুমি বিবেচনা করতেন। গ্রিক ভাষায় কথা বললেও আচারব্যবহারে রুমি ছিলেন। তারা কখনোই নিজেদের মাতৃভূমিকে বাইজেন্টাইন বলেন নি। কিন্তু অতিকথা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাইজেন্টাইন। শব্দটি ব্যবহারিক কারণে ইতিহাসের অংশ হয়ে গেছে। আজ আর এই ভুল শোধরানো সম্ভব নয়।

৪৯০ আরবের বনু ঘাসসান গোত্র বাইজেন্টাইনদের মক্কেলে পরিণত হল।

৪৯৬-৫৭৮ আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫০০ মক্কার ওপর কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।

৫০১-৬০০ আরবে এ সময় ইরানি আর বাইজেন্টাইন সাম্রাজ্যের মক্কেলদের মধ্যে ভয়াবহ আন্তঃগোত্রীয় যুদ্ধ সংঘটিত হচ্ছে। ঘাসসানি আর লাখমিদের এলাকাগুলোয় খ্রিস্টধর্মের প্রসার। এ সময়ই কখনো হিমইয়ারিদের রাজা ইহুদিধর্ম গ্রহণ করেন।

৫১৮ নাজরান ম্যাসাকার। হিমইয়ারিরা নাজরানের খ্রিস্টানদের ওপর একটা হত্যালীলা চালাল।

৫২৫ ইথিওপিয়ার খ্রিস্টান রাজ্য হিমইয়ারি-সাবাঈ রাজ্য জয় করে।

৫৩৫-৬১৯ আবু তালেব ইবনে আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫৪৫-৭০ আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের জীবনকাল।

৫৪৯-৭৭ আমিনা বিনতে ওহাবের জীবনকাল।

৫৫৪-৬১৯ উম্মুল মোমিনিনখাদিজা বিনতে খুওয়ালিদের জীবনকাল।
* অর্থ: “বিশ্বাসীদের আম্মাজান”। ইসলামের নবির স্ত্রীদের ক্ষেত্রে সম্মানসূচকভাবে ব্যবহৃত হয়। এই রচনার সর্বত্র প্রাসঙ্গিক স্থলে ব্যবহৃত হবে।

৫৬৬/৮০-৬৪৪/৭৪ উম্মুল মোমিনিন সাওদা বিনতে জাম’আর জীবনকাল।

৫৬৮ রাজা লিওভিজিল্ডের ক্ষমতায় আসার ভেতর দিয়ে ইবেরীয় উপদ্বীপে ভিসিগথিক রাজ্য সংহতি লাভ করে।

৫৭০ আবদুল্লার মৃত্যু। মক্কার কুরাইশ গোত্রের বনু হাশিম শাখায় জন্ম নিলেন মুহাম্মদ (সা.)।* সম্ভাব্য জন্ম তারিখ ১২ রবিউল আউয়াল।
* ইসলামের নবি হযরত মুহাম্মদের (সা.) অনুসারীরা মুসলিম (المسلمون) নামে পরিচিত। আরবিতে আল-মুসলিমুন অর্থ “আত্মসমর্পণকারী”। যাঁরা আল্লাহর (ٱللَّٰه) কাছে আত্মসমর্পণ করেন তাঁরাই মুসলিম। বাংলায় পরম্পরাগতভাবে মুসলমান শব্দটিই বেশি ব্যবহৃত হয়ে আসছে। সেই ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে মুসলমান শব্দটি ব্যবহার করি আমি। মুসলমানদের পবিত্র বই কুরআন ( ٱلۡقُرۡءَانُ‎ ) নামে পরিচিত। যার অর্থ “পাঠ করা” বা “তিলাওয়াত করা”।

৫৭০-৬২২ মুহাম্মদের (সা.) মক্কী জীবন।

৫৭৭ আমিনার মৃত্যু।

৫৮০/৯৬-৬৮০/৮৩ উম্মুল মোমিনিন উম্মে সালামার জীবনকাল।

৫৮২ বাইজেন্টাইনদের মক্কেলগিরি থেকে ঘাসসানিদের বরখাস্ত করা হল।

৫৮৩ মুহাম্মদ (সা.) এ সময় সিরিয়ায় অবস্থান করছেন।

৫৮৯/৯৪-৬৬৪/৬৫ উম্মুল মোমিনিন উম্মে হাবিবার জীবনকাল।

৫৯০-৬৪০/৪১ উম্মুল মোমিনিন জয়নব বিনতে জাহশের জীবনকাল।

৫৯৪ লাখমিরা খ্রিস্টধর্মে দীক্ষিত হল।

৫৯৪-৬৭১ উম্মুল মোমিনিন মায়মুনা বিনতে আল-হারিস আল-হিলালিয়ার জীবনকাল।

৫৯৫ খাদিজা বিনতে খুওয়ালিদকে বিয়ে করলেন মুহাম্মদ (সা.)।*
* এই বিয়ের সময় খাদিজার বয়স ছিল ৪০ বছর। মুহাম্মদের (সা.) ২৫ বছর। ৬১৯ সালে খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কাউকে বিয়ে করেননি।

৫৯৬-৬২৫ উম্মুল মোমিনিন জয়নব বিনতে খুজাইমার জীবনকাল।

৫৯৮-৬০১ কাশিম ইবনে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) বড় ছেলে। নাবালক দশায় মারা যান।

৬০০-২৯ জয়নব বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০২ সাসানীয়রা তাঁদের মক্কেল লাখমি সর্দারকে খুন করে।

৬০৩-২৪ রুকাইয়াহ বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০৩-৩০ উম্মে কুলসুম বিনতে মুহাম্মদের জীবনকাল।

৬০৫ কাবা পুনর্নিমাণ করার বছর, অংশ নেন হযরত মুহাম্মদ (সা.)।

৬০৫/৬১৫-৩২ ফাতেমা বিনতে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) ছোট মেয়ে। সাইয়্যিদাত নিসা আল-জান্না অর্থাৎ বেহেশতি নারীকুলের সর্দার বিবেচিত। তাঁর মৃত্যুর কারণ নিয়ে শিয়া আর সুন্নীদের মধ্যে মতভেদ আছে।

৬০৫/০৬-৬১০ আবদুল্লাহ ইবনে মুহাম্মদের জীবনকাল।*
* মুহাম্মদের (সা.) মেঝো ছেলে। নাবালক দশায় মারা যান।

৬০৫-৬৫ উম্মুল মোমিনিন হাফসা বিনতে ওমরের জীবনকাল।

৬০৮-৭৬ উম্মুল মোমিনিন জুওয়াইরিয়া বিনতে হারিসের জীবনকাল।

নববী যুগ
৬১০-৬৩২ সাল

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١
Read: In the name of thy Lord Who createth,

(Al-‘Alaq 96:1)

Translation: Muhammad Marmaduke Pickthall

৬১০ ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করলেন হযরত মুহাম্মদ (সা.)। মক্কার হেরা গুহার জাবাল আল-নূর অর্থাৎ আলোর পাহাড়ে জিবরাইল ফেরেশতার আগমনের মধ্য দিয়ে কুরআন নাজিলের সূচনা হল। তিনি গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন।

ঝুকারে লাখমিদের সেনাবাহিনী সাসানীয়দের বিরুদ্ধে জয়লাভ করল।

৬১০/১৪-৬৬৪/৭২ উম্মুল মোমিনিন সাফিয়া বিনতে হুওয়াইয়ের জীবনকাল।

৬১৩ মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন হযরত মুহাম্মদ (সা.)।

৬১৪ সাসানীয়রা আরবের উত্তর সীমান্ত দখল করে নিল। বাইজেন্টাইনদের পরাজিত করল। মক্কায় মুসলমানদের ওপর ব্যাপক জুলুম শুরু হল।

৬১৪-২৮ সিরিয়া ও ফিলিস্তিনে সাসানীয় দখলদারিত্বের কাল।

৬১৪-৭৮ উম্মুল মোমিনিন আয়েশা বিনতে আবু বকরের জীবনকাল।

৬১৫ মুসলমানদের একটি দল আকজুম রাজ্যে হিজরত করল।*
* আফ্রিকার আবিসিনিয়ায়, বর্তমানে যা ইথিওপিয়া নামে পরিচিত।

৬১৬ মক্কার ক্ষমতাশালীদের সাথে মুসলমানদের সম্পর্কের অবনতি হল। শুরু হল জুলুম। মক্কায় মুহাম্মদের (সা.) অবস্থান ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠল।

৬১৬-১৯ বনু হাশিমের তরফে মুসলমানদের বয়কট করার বছরগুলো।

৬১৯ শোকের বছর। হযরত মুহাম্মদের (সা.) স্ত্রী খাদিজা ও চাচা আবু তালেব একই বছরে মারা যান। এ বছরই সাওদা বিনতে জাম’আকে বিয়ে করেন তিনি।

৬২০ মেরাজের বছর। এ বছরই আয়েশা বিনতে আবু বকরকে বিয়ে করেন হযরত মুহাম্মদ (সা.)।* ইয়াসরিবের আরবরা ইসলামের নবির সাথে যোগাযোগ করলেন এবং তাঁকে ইয়াসরিবে এসে তাঁদের নেতৃত্বভার গ্রহণ করার আহবান জানালেন।
* ইসলামের নবির তৃতীয় ও সর্বকনিষ্ঠ স্ত্রী। প্রথম রাশিদুন খলিফা আবু বকরের মেয়ে। তিনি একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন।

৬২২ জুলাই ১৬ হিজরত। প্রায় ৭০টি মুসলিম পরিবার নিয়ে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করলেন হযরত মুহাম্মদ (সা.)। মক্কার ক্ষমতাশালীরা শোধ নেয়ার কসম খেলো। ইয়াসরিব পরবর্তীতে মদিনা নামে পরিচিতি পাবে। মদিনা মানে “শহর”; শব্দটি মদিনাতুন নবির অংশ, আরবিতে যার অর্থ: “নবির শহর।” মুসলিম পঞ্জিকার, যা হিজরি সন বলে পরিচিত, গণনা এ বছর থেকে শুরু হয়।

৬২২-৬৩২ মুহাম্মদের (সা.) মাদানী জীবন।

৬২৪ মার্চ ১৩ বদরের যুদ্ধ। মক্কার ক্ষমতাশালীদের বিরুদ্ধে আরব মুসলমানদের নাটকীয় জয়লাভ।

৬২৫ হাফসা বিনতে ওমর*, জয়নব বিনতে খুজাইমা**, ও হিন্দ বিনতে আবু উমাইয়াকে*** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)।
* দ্বিতীয় রাশিদুন খলিফা ওমরের মেয়ে। হাফসার প্রথম স্বামী ছিলেন খুনাইস বিন হুজাফা নামের জনৈক সাহাবি। ৬২৪ সালের আগস্ট মাসের শেষদিকে মৃত্যুবরণ করেন খুনাইস।
** উম্মুল মাসাকিন বা গরিবদের মা হিসেবে পরিচিত।
*** তাঁর কুনিয়া উম্মে সালামা অর্থাৎ সালামার মা হিসেবে অধিক পরিচিত।

মার্চ ২৩ উহুদের যুদ্ধ। আরব মুসলমানদের বিরুদ্ধে মক্কার ক্ষমতাশালীদের জয়লাভ।

মক্কার সাথে যোগসাজশ করার অপরাধে ইহুদি গোত্র বনু কানুইকা ও বনু নাদিরকে মদিনা থেকে বিতাড়িত করা হল।

৬২৭ জয়নব বিনতে জাহশ* ও জুওয়াইরিয়া বিনতে হারিসকে** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)। রায়হানা বিনতে জায়েদকে*** বিয়ে করলেন বা কনক্যুবাইন হিসেবে পেলেন।
* জয়নবের প্রথম স্বামী ছিলেন জায়েদ ইবনে হারিস। জায়েদ ছিলেন একজন দাস, যাঁকে ইসলামের নবি খাদিজাকে বিয়ে করার সময় শেষোক্তের কাছ থেকে তোহফা হিসেবে পেয়েছিলেন। পরে হযরত মুহাম্মদ (সা.) জায়েদকে আজাদ করে দেন এবং স্বীয় পুত্র হিসেবে দত্তক নেন।
** জুওয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মোস্তফা ইবনে সাফওয়ান। ৬২৭ সালে বনু মুস্তালিকের সাথে মুসলমানদের সমর চলাকালে প্রথমোক্ত পক্ষের মোস্তফার মৃত্যু হয়। বনু মুস্তালিকের সর্দারের মেয়ে জুওয়াইরিয়া যুদ্ধবন্দী হন, যাকে পরে ইসলামের নবি আজাদ করে দেন।
*** রায়হানা ইসলামের নবির স্ত্রী ছিলেন না উপপত্নী ছিলেন তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। তাঁর জন্ম মদিনার ইহুদি গোত্র বনু নাদিরে, আর প্রথম বিয়ে মদিনার আরেক ইহুদি গোত্র বনু কুরাইজায়। বনু কুরাইজা ঘটনার সময় তিনি বিধবা ও যুদ্ধবন্দী হন, পরবর্তীতে ধর্মান্তরিত হলে ইসলামের নবির স্ত্রী/কনক্যুবাইন হন।

মার্চ ৩১-১৪ এপ্রিল খন্দকের যুদ্ধ। মক্কার ক্ষমতাশালীরা মদিনা ঘেরাও করার চেষ্টা চালাল। আরব মুসলমানদের তীব্র প্রতিরোধের মুখে ব্যর্থ হল।

বনু কুরাইজা ঘটনা।*
* পরম্পরাগত ঐতিহাসিকদের মতে, মদিনার ইহুদিরা আরব মুসলমানদের সাথে থাকা তাদের চুক্তি ভঙ্গ করেছিল, এবং গোপনে মক্কার ক্ষমতাশালীদের সাথে হাত মিলিয়েছিল। তাই রাজনৈতিক গাদ্দারির সাজা হিসেবে পরম্পরাগত ইহুদি আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে বনু কুরাইজার সব প্রাপ্তবয়স্ক পুরুষের শিরশ্ছেদ করা হয় এবং নারী ও শিশুদের দাস হিসেবে বেচে দেয়া হয়। বিদ্যায়তনিক ঐতিহাসিকদের অন্তত একজন এই ঘটনার ঐতিহাসিকতা ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। (Arafat 1976)

নিনেভেতে সাসানীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একটা নির্ধারকমূলক বিজয় অর্জন করলেন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস।

৬২৮ সাফিয়া বিনতে হুওয়াই* ও রামলা বিনতে আবু সুফিয়ান আল হার্বকে** বিয়ে করলেন হযরত মুহাম্মদ (সা.)। আলেকজান্দ্রিয়ার জনৈক খ্রিস্টান প্রশাসক আল-মুকাওকিসের কাছ থেকে কপ্টিক খ্রিস্টান দাসী মারিয়া আল-কিবতিয়াকে*** তোহফা হিসেবে পেলেন।
* সাফিয়ার জন্ম মদিনার ইহুদি গোত্র বনু নাদিরে। খায়বারের সমরে মুসলমানদের বিরুদ্ধে লড়ার সময় তাঁর বাবা আর স্বামী উভয়েই নিহত হন। ইসলামের নবি যুদ্ধবন্দী সাফিয়াকে ইসলাম গ্রহন করার দাওয়াত ও বিয়ের প্রস্তাব দিলে তিনি তা কবুল করেন।
** তাঁর কুনিয়া উম্মে হাবিবা অর্থাৎ হাবিবার মা হিসেবে অধিক পরিচিত। তৃতীয় রাশিদুন খলিফা ওসমানের কাজিন। প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়ার সৎ বোন।
*** ইসলামের নবি মারিয়াকে বিয়ে করেছিলেন, নাকি তিনি উপপত্নী রয়ে গেছিলেন তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে।

মার্চ হুদায়বিয়ার সন্ধি। মক্কার ক্ষমতাশালী ও মুসলমানদের মধ্যে ১০ বছর মেয়াদী শান্তিচুক্তি সই হল। এ সময় ইসলামের নবিকে আরবের সবচে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে এবং বহু আরব গোত্র তাঁর কনফেডারেসির প্রতি আকৃষ্ট হচ্ছে।

খায়বার বিজয়। এই সমর বেদুঈনদের মধ্যে মুসলমানদের জনপ্রিয়তা বাড়ায়, বহু বেদুঈন এ সময় ইসলাম গ্রহণ করেন।

৬২৮-৩২ সাসানীয় সাম্রাজ্যের গৃহযুদ্ধ

৬২৯ হযরত মুহাম্মদের (সা.) নেতৃত্বে মুসলমানদের মক্কা গমন ও ওমরা পালন। মুত’আর যুদ্ধ। বাইজেন্টাইনদের কাছ থেকে জর্দান নদীর পূর্বদিকের একটি গ্রাম দখল করার চেষ্টা করলেন মুসলমানরা, কিন্তু ব্যর্থ হলেন।

৬২৯ ডিসেম্বর-জানুয়ারি ৬৩০ মক্কা বিজয়

হুনাইনের যুদ্ধ। বেদুঈন হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক বিজয় অর্জন করলেন আরব মুসলমানরা। তায়েফ শহর ও থাকিফ গোত্রের সাথে জোট গঠন করলেন হযরত মুহাম্মদ (সা.)।

জেরুসালেমে পবিত্র ক্রুশকাঠের অংশবিশেষ পুনর্বহাল করলেন রোমক সম্রাট হেরাক্লিয়াস।

৬৩০-৩২ ইব্রাহিম ইবনে মুহাম্মদের জীবনকাল।

৬৩১ রায়হানা বিনতে জায়েদের মৃত্যু।

৬৩২ বিদায় হজ

গাদীর খুমের ঘটনা

মদিনায় হযরত মুহাম্মদের (সা.) মৃত্যু। তাঁর কোন জীবিত পুত্রসন্তান না থাকায় ও উত্তরাধিকারী মনোনীত করে না যাওয়ায় যে নেতৃত্ব সংকট দেখা দেয়, কালক্রমে তাই শিয়া-সুন্নী বিভাজনে রূপ নেবে।*
* শিয়া-সুন্নী বিভাজনের ইতিহাস জানতে, দেখুন, Hazleton (2010), McHugo (2017) ও Louër (2020).

রাশিদুন খেলাফত
৬৩২-৬১ সাল

Ibn Abbas reported: Abu Bakr, may Allah be pleased with him, went to the door of the mosque when he heard the news of the passing of the Prophet. Abu Bakr said, “To proceed: Whoever among you worships Muhammad, peace and blessings be upon him, then Muhammad has died. Whoever worships Allah, then Allah is alive and cannot die. Allah Almighty said: Muhammad is only a messenger before whom many messengers have been and gone. If he died or was killed, would you revert to your old ways?” (3:144) Ibn Abbas said, “By Allah, it was as if the people had not known that Allah revealed this verse until Abu Bakr recited it.”

Source: Ṣaḥīḥ al-Bukhārī 1241
Quranic verse translation: M.A.S. Abdel Haleem

৬৩২-৬১ রাশিদুন খেলাফত।*
* সুন্নিরা যেই চার খলিফাকে সঠিকভাবে দিকনির্দেশিত বলে বিশ্বাস করেন, সেই রাশিদুন খেলাফতের কাল। শিয়াদের অধিকাংশ প্রথম তিন খলিফাকে অবৈধ ভাবেন, তাঁদের বিশ্বাসে সুন্নিদের চতুর্থ খলিফা আলীই একমাত্র বৈধ খলিফা। তবে জায়েদি শিয়াদের অধিকাংশ চারজনকেই বৈধ ভাবেন।

৬৩২-৩৪ প্রথম রাশিদুন খলিফা আবু বকরের শাসনকাল।

৬৩২-৩৩ রিদ্দা যুদ্ধ। হযরত মুহাম্মদের মৃত্যুর পর অনেক গোত্রাধিপতি ইসলাম ত্যাগ করতে শুরু করেন, এদের কেউ কেউ এমনকি নিজেকে নবি দাবি করে বসেন। এই মুরতাদদের (ধর্মত্যাগী) বিরুদ্ধে যুদ্ধে নামেন খলিফা আবু বকর, সমগ্র আরব উপদ্বীপকে ইসলামের ব্যানারের পেছনে ঐক্যবদ্ধ করেন।

৬৩২ ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে নিহত হন মুসাইলামা। মুসলমানদের কাছে তিনি ভণ্ড নবি ও আল-কাজ্জাব (মিথ্যুক) হিসেবে পরিচিত।

৬৩৪ আজনাদাইনের যুদ্ধ। এটি ছিল রাশিদুন খেলাফতের জন্য একটি নিষ্পত্তিমূলক বিজয়। আরব মুসলমানদের দামিশক জয়।

৬৩৪-৪৪ দ্বিতীয় রাশিদুন খলিফা উমর ইবনে আল-খাত্তাবের শাসনকাল।

৬৩৫ ফাহলের যুদ্ধ। রাশিদুন খেলাফতের বাহিনী বাইজেন্টাইনদের ফিলিস্তিন গ্যারিসনকে পরাজিত করল। আল-আহসা মরুদ্যানে নির্মিত হল জাওয়াথা মসজিদ, যা পূর্ব আরবের প্রাচীনতম মসজিদ বিবেচিত হয়।

৬৩৬ আগস্ট ইয়ারমুকের যুদ্ধ। রাশিদুন খেলাফতের হাতে বাইজেন্টাইনরা পরাস্ত হলেন।

৬৩৭ রাশিদুন খেলাফতের লেভান্ত* জয়, অঞ্চলটি থেকে বাইজেন্টাইনদের বের করে দেয়া হল।
* সেকালের এশিয়া মাইনর আর ফিনিশিয়া নিয়ে গঠিত। বর্তমান তুরস্ক, সিরিয়া, আর লেবানন অঞ্চলটির অন্তর্গত। বৃহত্তর অর্থে গ্রিস আর মিসরের মধ্যবর্তী পুরো অঞ্চলটাকেই লেভান্ত বলা যেতে পারে।

মারিয়া আল-কিবতিয়ার মৃত্যু।

৬৩৮ কাদিসিয়ার যুদ্ধ। রাশিদুন খেলাফতের জেরুসালেম জয়। মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম নগরী বিবেচিত হয় জেরুসালেম।

৬৪০-৪২ রাশিদুন খেলাফতের মিসর জয়।

৬৪০ রাশিদুন খেলাফতের সেলুসিয়া-তেসিফন জয়। আর্মেনিয়ার তৎকালীন রাজধানী দভিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হল। সিরিয়ার প্রশাসক নিযুক্ত হলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান।

৬৪১ রাশিদুন খেলাফতের সিজারিয়া জয়। কুফা, বসরা ও ফুস্তাতের সেনানিবাস শহরগুলো মুসলিম সেনাদের আবাসনের জন্য নির্মিত হয়েছিল। যারা সাধারণ প্রজাদের থেকে আলাদাভাবে বাস করত।

৬৪২ রাশিদুন খেলাফতের আলেকজান্দ্রিয়া জয়। নেহাওয়ান্দের যুদ্ধ। রাশিদুন খেলাফতের হাতে পরাজিত হল সাসানীয় বাহিনী।

৬৪৩ আর্মেনিয়া ও ককেশাসে একটি অসফল অভিযান পরিচালনা করল রাশিদুন খেলাফত।

৬৪৪ আবু লুলু ফিরোজ নামের জনৈক পারস্যদেশীয় গোলামের হাতে গুপ্তহত্যার শিকার হলেন খলিফা উমর।

৬৪৪-৫৬ তৃতীয় রাশিদুন খলিফা উসমান ইবনে আফফানের শাসনকাল।

৬৪৬ সাময়িকভাবে আলেকজান্দ্রিয়া পুনর্দখল করল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৪৯-৫০ রাশিদুন খেলাফতের সাইপ্রাস ও আরওয়াদ অভিযান।

৬৫০-৫৩ রাশিদুন খেলাফতের সাথে সন্ধি করল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৫০ খলিফা উসমানের উদ্যোগে কুরআন শরিফের একটি মান সংস্করণ প্রস্তুত করা হল। এটি আল-মুশহাফ আল-উসমানি নামে পরিচিত। বাকি সব সংস্করণ ধ্বংস করে ফেলা হল।*
* কুরআন সংকলন সম্পর্কে শিয়া ন্যারেটিভ একটু আলাদা। তাঁরা বিশ্বাস করেন, কুরআন শরিফ ইসলামের নবির জীবদ্দশায় তাঁর উদ্যোগে সংকলিত হয়েছিল। এই ন্যারেটিভ অনুসারে, তৎকালে মসজিদে নববীর মিম্বরের পাশে কুরআনের একটা সম্পূর্ণ সংস্করণ রাখা ছিল।

নুবিয়ায় একটা ব্যর্থ অভিযান চালাল রাশিদুন খেলাফত।

৬৫১ রাশিদুন খেলাফতের মেসোপটেমিয়া জয়।*
* “দুই নদীর মধ্যবর্তী স্থান”। মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর গ্রিকদের দেয়া নাম। দুই নদী হল দজলা ও ফোরাত।

রাশিদুন খেলাফতের হাতে সাসানীয় সাম্রাজ্যের পতন। রাশিদুন খেলাফতের ইরান জয়। শেষ সাসানীয় সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দের মৃত্যু।

৬৫২-৫৩ রাশিদুন খেলাফতের করদ রাজ্যে পরিণত হল আর্মেনিয়া।

৬৫৪ রাশিদুন খেলাফতের ক্রীট, কস, ও রোডস জয়।

৬৫৪-৫৫ মাস্তুলের যুদ্ধ। কন্সটান্টিনোপলের বিরুদ্ধে রাশিদুন খেলাফতের প্রথম বৃহদায়তন অভিযান।

৬৫৬ একদল বিদ্রোহীর হাতে খুন হলেন খলিফা উসমান। যারা আলীকে নতুন খলিফা বলে ঘোষণা করেছিলেন। তবে সবাই এই ঘোষণা মেনে নেন নি।

৬৫৬-৬১ প্রথম ফিতনা। আরবিতে ফিতনাত মাকতাল উসমান বলে পরিচিত। খলিফা উসমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেখা দেয়।

চতুর্থ খলিফা ও শিয়াদের প্রথম ইমাম আলি ইবনে আবু তালেবের শাসনকাল।

৬৫৬ উটের যুদ্ধ। উসমান হত্যার বিচার না করায় আলীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন আয়েশা বিনতে আবু বকর, তালহা আর জুবায়ের। আলীর সমর্থকদের কাছে পরাজিত হন তাঁরা।

সিরিয়ায় উসমানের আত্মীয় মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এই বিরোধিতার নেতৃত্ব দেন।

৬৫৭ সিফফিনে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলে। সেই মধ্যস্থতা আলীর বিপক্ষে চলে গেলে মুয়াবিয়া তাঁকে পদচ্যুত করেন; জেরুসালেমে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করা হয়। খারিজিরা আলীর শিবির থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

৬৫৯ বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে শান্তিচুক্তি সই করল রাশিদুন খেলাফত।

৬৬০, ৬৬৮, ৭১২ কনস্টান্টিনোপল জয়ের একাধিক আরব প্রচেষ্টা ব্যর্থ হল।

৬৬১ মুসাইলামার স্ত্রী সাজাহ বিনতে আল-হারিস ইবনে সুয়াদের মৃত্যু, রিদ্দা যুদ্ধ চলাকালীন সময়ে তিনিই একমাত্র মহিলা যিনি নিজেকে নবি বলে দাবি করেছিলেন।

এক খারিজি চরমপন্থীর হাতে খুন হলেন আলী। আলীর সমর্থকরা তাঁর পুত্র হাসানকে পরবর্তী খলিফা বানাতে চাইল। কিন্তু সিরিয়ার প্রশাসক মুয়াবিয়ার সাথে একটা সমঝোতায় এসে মদিনায় অবসরে গেলেন হাসান।

উমাইয়া খেলাফতের প্রথম খলিফা হলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, ‘প্রথম মুয়াবিয়া’ হিসাবে পরিচিত।

উমাইয়া খেলাফত
৬৬১-৭৫০ সাল

“After Ali’s death, the khalifate was just an empire.”

Tamim Ansary (1948-), Afghan-American Author

৬৬১-৭৫০ উমাইয়া খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান সিরিয়ার দামিশক।

৬৬১-৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার রাজত্বকাল।*
* রাজধানী মদিনা থেকে সরিয়ে দামিশকে নিয়ে আসেন।

৬৬৪ খলিফা প্রথম মুয়াবিয়ার প্রতি আনুগত্য ব্যক্ত করলেন আলবানিয়ার রাজকুমার জুয়ানশের।

৬৬৮-৭০ কন্সটান্টিনোপোলের বিরুদ্ধে উমাইয়া খেলাফতের অভিযান।

৬৬৯ মদিনায় মৃত্যুবরণ করলেন হাসান ইবনে আলী।*
* শিয়া ইসলামের দ্বিতীয় ইমাম বিবেচিত হন।

৬৭০ কায়রাওয়ান প্রতিষ্ঠা, মার্ভে ঘাঁটি গাড়লো উমাইয়া সেনাবাহিনী।

৬৭০-৭৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লেবাননের পাহাড়গুলোতে গড়ে উঠল মারদাইতেস গেরিলা আন্দোলন।

৬৭৩ লিসিয়ায় আরবদের নৌ অভিযাত্রা, উমাইয়া খলিফা প্রথম মুয়াবিয়া আর বাইজেন্টাইন সম্রাট চতুর্থ কন্সটান্টাইনের মধ্যে সন্ধি।

৬৭৪ আরবরা প্রথমবারের মত আমু দরিয়া পার হল।

৬৮০-৮৯ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকার কুসায়লা বিদ্রোহ।

৬৮০-৯২ দ্বিতীয় ফিতনা। খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর, মতান্তরে তাঁর পুত্র খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যুর পর, দেখা দেয়া রাজনৈতিক বিশৃঙ্খলা। আস্কেলন ও সিজারিয়ায় অভিযান চালাল বাইজেন্টাইন সাম্রাজ্য।

৬৮০ খলিফা প্রথম মুয়াবিয়ার মৃত্যুর পর দ্বিতীয় উমাইয়া খলিফা হলেন তাঁর পুত্র প্রথম ইয়াজিদ। কুফার মুসলমানরা, যাঁরা নিজেদের শিয়াতু আলী বা আলীর পার্টিজান বলতেন, আলীর দ্বিতীয় পুত্র হোসেনকে খলিফা দাবি করলেন। মদিনা থেকে কুফার দিকে রওনা করলেন হোসেন।

অক্টোবর কারবালার যুদ্ধ। শহিদ হলেন হোসেন ইবনে আলি।* নারী শিশু নির্বিশেষে তাঁর পক্ষে থাকা মানুষদের কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হল।
* শিয়া ইসলামের তৃতীয় ইমাম বিবেচিত হন।

আরবে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের।

৬৮১ উত্তর আফ্রিকা বিজয় শেষে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছে গেল ইসলামী বাহিনী।

৬৮১-৯২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইবনে জুবায়ের। বিদ্রোহের কেন্দ্র মক্কা। কঠোরহস্তে বিদ্রোহ দমন করলেন হাজ্জাজ বিন ইউসূফ।

৬৮৩ খলিফা প্রথম ইয়াজিদের মৃত্যু। তাঁর পুত্র দ্বিতীয় মুয়াবিয়ার মৃত্যু। সিরীয়দের মদতে ক্ষমতায় এলেন প্রথম মারওয়ান।

৬৮৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে মধ্য আরবে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন খারিজিরা। ইরাক ও ইরানে খারিজি বিদ্রোহ। কুফায় শিয়া অভ্যুত্থান।

৬৮৫-৭০৫ খলিফা আবদুল মালেকের রাজত্বকাল।*
* উমাইয়া শাসন পুনর্বহাল করেন।

৬৮৭-৬৯১ আরবের অধিকাংশ জায়গা এ সময় খারিজিদের নিয়ন্ত্রণে আছে।

৬৯১ খারিজি ও শিয়া বিদ্রোহীদের পরাস্ত করল উমাইয়ারা। জেরুসালেমে কুব্বাতুস সাখরার (قبة الصخرة: Dome of the Rock) নির্মাণকাজ সম্পন্ন হল।

৬৯২ উমাইয়াদের হাতে পরাস্ত ও খুন হলেন ইবনে জুবায়ের।

ফিতনা যুদ্ধের ফলে বসরা, মদিনা ও কুফায় একটি ধর্মীয় আন্দোলন গড়ে ওঠে। বিভিন্ন মতবাদ জনজীবন ও ব্যক্তিগত জীবনে কুরআনের আরও কঠোর প্রয়োগের জন্য প্রচারণা চালায়।

বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে উমাইয়া খেলাফতের শান্তিচুক্তির অবসান। সেবাস্তোপলিসের যুদ্ধ

৬৯৭ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে লড়াই চালানো বার্বার রানীর মৃত্যু। তাঁর আরব প্রতিপক্ষ তাঁর নাম দিয়েছিল আল-কাহিনা। অর্থ: “দিব্যদর্শী”।

৬৯৮ উমাইয়া খেলাফতের কার্থেজ জয়।

৬৯৯-৭৬৭ আবু হানিফা।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা হানাফি মাজহাব নামে পরিচিত।

৭০১-৮০০ এ সময়ই কখনো নির্মিত হয় দার্ব জুবাইদা

৭০৫-১৭ খলিফা আল-ওয়ালিদের রাজত্বকাল। উত্তর আফ্রিকা জয়।

৭০৩ ভার্ডানেকার্টে আরব গ্যারিসন একটি আরমানি সেনাবাহিনীর কাছে হারল।

৭০৫-১৭ খলিফা আল-ওয়ালিদের রাজত্বকাল।

৭০৬ উমাইয়া খেলাফতের পায়কান্দ জয়। আরমানি অভিজাতদের হত্যা করা হল।

৭০৮ উমাইয়া খেলাফতের তানজিয়ার্স জয়।

৭১০ উমাইয়া খেলাফতের সিন্ধ জয়।

৭১১-১৪ উমাইয়াদেরআল-আন্দালুস অভিযান।

৭১১-১৪৯২ আল-আন্দালুস

৭১২-১৩ উমাইয়া খেলাফতের সমরখন্দ ও বুখারা জয়।

৭১৩-৭৯৫ মালিক ইবনে আনাস।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা মালিকি মাজহাব নামে পরিচিত।

৭১৭-২০ খলিফা দ্বিতীয় উমরের রাজত্বকাল।*
* প্রথম খলিফা যিনি ইসলামে ধর্মান্তরে উৎসাহ দিয়েছিলেন।

৭২০-২৪ খলিফা দ্বিতীয় ইয়াজিদের রাজত্বকাল।*
* এই উচ্ছৃঙ্খল শাসকের বিরুদ্ধে এ সময় শিয়া ও খারিজিদের মধ্যে নতুন করে তুমুল অসন্তোষ দেখা দেয়।

৭২৪-৪৩ খলিফা প্রথম হিশামের রাজত্বকাল।*
* একজন ধর্মপ্রাণ কিন্তু অধিকতর স্বৈরাচারী শাসক, যিনি অধিকতর ধার্মিক মুসলমানদেরও শত্রুভাবাপন্ন করে তোলেন।

৭২৮ বসরায় সূফী ও ধর্মতাত্ত্বিক হাসান বসরীর মৃত্যু।

৭২৮-৩০ আমু দরিয়া আর সির দরিয়ার মধ্যবর্তী অঞ্চলে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বড় ধরণের বিদ্রোহ দেখা দিল।

৭৩২ পয়তিয়ের্সের/তুর্সের সমর। ফ্রান্সে শার্ল মার্টেলের হাতে উমাইয়া সেনাবাহিনীর পরাজয়। ব্যর্থ হয়ে গেল আরবদের ইওরোপ জয়ের প্রচেষ্টা।

ইবনে ইসহাক কর্তৃক রচিত হল সীরাত রাসূল উল্লাহ।*
* ইসলামের নবির চিরন্তন হওয়ার ১০০ বছর পর রচিত হয় তাঁর প্রথম পূর্ণাঙ্গ জীবনী। এর কোন কপি আর পাওয়া যায় না। তবে ৮৩৩ সালে মৃত্যুবরণ করা আব্বাসীয় ঐতিহাসিক ইবনে হিশামের সম্পাদিত সংস্করণটি টিকে আছে।ইসলামের ইতিহাসের আদিপর্বের প্রাথমিক উৎস বিবেচিত সীরাত। এ সময় সম্পর্কে পরবর্তীতে যাঁরাই ইতিহাস লিখেছেন, সবাইকেই সীরাতয়ের ওপর নির্ভর করতে হয়েছে। ইবনে ইসহাকের সীরাত পরম্পরাগত ঐতিহাসিকদের প্রধান উৎস।

৭৪০ আনাতোলিয়ায় উমাইয়া বাহিনী বাইজেন্টাইন বাহিনীর কাছে হারল।

৭৪০-৪২ উমাইয়া খেলাফতের বিরুদ্ধে উত্তর আফ্রিকায় বার্বার বিদ্রোহ।

৭৪৩ খলিফা দ্বিতীয় ওয়ালিদের রাজত্বকাল।

৭৪৩-৪৪ উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল আব্বাসী বংশ। পারস্যে। তাঁরা লড়ছিলেন শিয়াদের ব্যানারে।

৭৪৪-৪৯ খলিফা দ্বিতীয় মারওয়ানের রাজত্বকাল।*
* বিদ্রোহীদের বিরুদ্ধে উমাইয়া আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তাঁর সিরীয় বাহিনী কিছু শিয়া বিদ্রোহ দমন করে।

৭৪৪-৫০ তৃতীয় ফিতনা। অভ্যন্তরীণ দ্বন্দ্বসংঘাতে উমাইয়া খেলাফত দুর্বল হয়ে পড়ল। আখেরে পতন ঘটে।

৭৪৭-৫০ আব্বাসী বিপ্লব।

৭৪৯ আব্বাসীদের কুফা বিজয় ও উমাইয়া খেলাফত উৎখাত।

আব্বাসী খেলাফত
৭৫০-১২৫৮ সাল

“By the early 800s, they had their empire, which stretched from the Atlantic to the Indus. They had their capital, a world city of over a million people in Baghdad, and they had the diverse cultures of the Greeks, Copts, Persians, and Indians from which to adopt the best aspects of previous civilizations. It was high time for the inauguration of the idealistic society they promised. In the mind of the seventh Abbasid caliph, al-Ma’mun (r. 813–833), that future idealistic society could only be achieved through science and rationalism. In order to achieve this, the various threads of scientific knowledge that existed throughout the empire had to be brought together in a central location. He believed that if the best scholars from the Muslim world could be brought together to learn from each other, limitless possibilities would open up. With this in mind, he established an educational institute in Baghdad known as the House of Wisdom (Arabic: Bayt al-Hikmah). Its scope was such that it defies definition by modern understandings of educational establishments. It was at once a university, library, translation institute and research lab, all on one campus. Libraries and small schools had existed since Umayyad times, but the emphasis placed on the acquisition of knowledge by the Abbasids far surpassed that of their predecessors. It was said that if a scholar would translate any book from its original language into Arabic, he would be given that book’s weight in gold. The most renowned scholars, Muslim and non-Muslim, from across the world flocked to Baghdad to be a part of al-Ma’mun’s project. For the first time in history, the best of Persia, Egypt, India, and former Byzantine lands could be brought together to advance science in ways that would benefit the entire world.”

Firas Alkhateeb (1986-), American Historian 

৭৫০-১২৫৮ আব্বাসী খেলাফত
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান ইরাকের বাগদাদ।

৭৫০-৫৪ খলিফা আবু আব্বাস আস-সাফফার রাজত্বকাল।*
* তিনি উমাইয়া পরিবারের ওপর একটা হত্যাযজ্ঞ চালান।

৭৫০ আব্বাসীরা উমাইয়াদের ওপর গণহত্যা চালিয়ে ক্ষমতায় আসে। এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া উমাইয়া রাজকুমার প্রথম আবদুর রহমান শরণার্থী হিসেবে সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে পালিয়ে যান। পাঁচবছর পর তিনি নিজেকে আল-আন্দালুসে আবিষ্কার করেন।

ইমাম ইব্রাহিমের মৃত্যু। তিনি আব্বাসী বংশের প্রধান ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন তাঁর ভাই ইব্রাহিম।

৭৫১ তালাসের সমর। চীনের তাং রাজবংশের সাথে। যুদ্ধ শেষে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

৭৫৫-৭৫ খলিফা আবু জাফর আল-মনসুরের রাজত্বকাল।*
* শিয়া ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেন।

৭৫৫ আব্বাসীয় বিপ্লবের মাস্টারমাইন্ড আবু মুসলিমের মৃত্যু।

৭৫৬ আব্বাসী খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল স্পেন। স্থানীয়ভাবে একটা নয়া উমাইয়া খেলাফত গড়ে উঠল। যার নেতৃত্বে ছিলেন আব্বাসী হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য, স্পেনে শরণার্থী, প্রথম আবদুর রহমান।

৭৬২ আব্বাসী খেলাফতের নতুন রাজধানী হিসেবে বাগদাদের প্রতিষ্ঠা।

৭৬৫ শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের মৃত্যু।*
* তিনি শিয়াদের রাজনীতি থেকে সরে আসতে বলেছিলেন।

শিয়াদের ধর্মীয় আন্দোলন তিনটা উপদলে ভাগ হল: ইসমাইলি, ইসনা আশারিয়া (দ্বাদশবাদী), ও জায়েদি

৭৬৭-৮২০ মুহাম্মদ ইবনে ইদ্রিস শফি।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা শাফেঈ মাজহাব নামে পরিচিত।

৭৬৮ ইবনে ইসহাকের মৃত্যু।

৭৭৫-৮৫ খলিফা আল-মাহদীর রাজত্বকাল।*
ফিকহ, অথা ইসলামি আইনশাস্ত্রের, বিকাশে উৎসাহ যোগান। ধর্মীয় আন্দোলনটির ধার্মিকতাকে স্বীকার করেন। যা ক্রমান্বয়ে আব্বাসী রাজবংশের স্বৈরাচারের সাথে সহাবস্থান করতে শিখছিল।

৭৮০-৮৫৫ আহমাদ ইবনে হাম্বল।*
* সুন্নী ইসলামের চার মাজহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম, যা হাম্বলী মাজহাব নামে পরিচিত।

৭৮৫-৮৬ খলিফা আল-হাদীর রাজত্বকাল।

৭৮৬-৮০৯ খলিফা হারুনুর রশিদের রাজত্বকাল।*
* আব্বাসী ক্ষমতা এ সময় উৎকর্ষের শীর্ষে আছে। বাগদাদ ও সাম্রাজ্যের অন্যান্য শহরগুলিতে এক মহান সাংস্কৃতিক রেনেসাঁ দেখা দিয়েছে। পাণ্ডিত্য, বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি খলিফা ফিকহ অধ্যয়ন ও হাদিস সংকলনকেও উৎসাহিত করেন যা শরিয়াকে সুসংহত রূপ প্রদান করবে।

৭৮৬ মক্কায় শিয়া বিদ্রোহ।

৮০০-৯০৯ সিসিলির পশ্চিম অংশ ও ইফরিকিয়ার ওপর আগলাবীয়দের স্বশাসন প্রদান করা হল।

৮০১ সূফী ও কবি রাবেয়া বসরীর মৃত্যু।

৮০৬ বাইজেন্টাইন ভূখণ্ডে হারুনুর রশিদের বিখ্যাত অভিযান।

৮০৯-১৩ খলিফা হারুনুর রশিদের দুই ছেলের মধ্যে গৃহযুদ্ধ। যুদ্ধে আল-মামুন জেতেন। হেরে যান আল-আমিন।

৮১৩-৩৩ খলিফা আল-মামুনের রাজত্বকাল।*
* তাঁর রাজত্বকালে যুক্তিবাদী ধর্মতাত্ত্বিক মুতাজিলাদের উত্থান ঘটে।

৮১৪-১৫ বসরায় শিয়া বিদ্রোহ ও খোরাসানে খারিজি বিদ্রোহ।

৮১৭ শিয়া ইসলামের অষ্টম ইমাম আল-রিজাকে নিজ উত্তরসূরী হিসেবে মনোনীত করলেন আল-মামুন।

৮১৮ আল-রিজার মৃত্যু, সম্ভবত হত্যার শিকার হন।

মিহনা।*
* খলিফার মদতপুষ্ট একটি নির্যাতনব্যবস্থা লোকসমাজে অধিক জনপ্রিয় আহলে হাদিসদের ওপর যুক্তিবাদী মুতাজিলাদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করে। আহলে হাদিসরা নিজ মতামতের জন্য জেলজুলুমের শিকার হন। আহলে হাদিসদের একজন আইকন ছিলেন ইমাম হাম্বল।

৮৩৩-৪২ খলিফা আল-মুতাসিমের রাজত্বকাল।*
* তুর্কি দাস যোদ্ধাদের নিয়ে নিজস্ব বাহিনী তৈরি করেন মুতাসিম, রাজধানী সরিয়ে নেন সামারায়।

৮৪২-৪৭ খলিফা আল-ওয়াসিকের রাজত্বকাল।

৮৪৭-৬১ খলিফা আল-মুতাওয়াক্কিলের রাজত্বকাল।*
* মুতাজিলাদের গুরুত্বহ্রাস করেন।

৮৪৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীকে সামারা আশকারি দুর্গে আটক করে রাখা হয়।

৮৬১ নিজ তুর্কি দেহরক্ষীদের এক প্রাসাদ ক্যুদেতায় খুন হলেন আল-মুতাওয়াক্কিল।

৮৬১-৯৪৫ আব্বাসীয় খেলাফতের ভাঙন। প্রদেশগুলো স্বাধীন হতে শুরু করে। এসব প্রদেশে কেন্দ্রীয় খেলাফত সরকারের নিয়ন্ত্রণ নামেমাত্র বহাল থাকে।

৮৬১-৬২ খলিফা আল-মুনতাসিরের রাজত্বকাল।

৮৬২-৬৬ খলিফা আল-মুস্তাইনের রাজত্বকাল।

৮৬৬-৬৯ খলিফা আল-মুতাজের রাজত্বকাল।

৮৬৫ আল-আজরাকি, আখবার মাক্কাহ।*
* শহরটির প্রথম ইতিহাস বলে বিবেচিত হয়।

৮৬৮ শিয়া ইসলামের দশম ইমাম আলী আল-হাদীর মৃত্যু। তাঁর পুত্র হাসান আল-আশকারি সামারায় কারাবন্দী হিসেবে বাস করতে থাকলেন।

৮৬৯-৭০ খলিফা আল-মুহতাদির রাজত্বকাল।

৮৭০ দার্শনিক ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দির রাজত্বকাল।

৮৭০-৭২ খলিফা আল-মুতামিদের রাজত্বকাল।

৮৭৪ সামারায় কারাবন্দী দশায় মৃত্যুবরণ করেন শিয়া ইসলামের একাদশ ইমাম হাসান আল-আশকারি। তাঁর ছেলে আবুল কাশেম মোহাম্মদ নিজের জীবন বাঁচাতে উধাও হয়ে যান বলে বিশ্বাস করা হয়। তিনিই শিয়া ইসলামের দ্বাদশ তথা গায়েব ইমাম।

সূফী বায়েজীদ বোস্তামির মৃত্যু।

৮৯২-৯০২ খলিফা আল-মুতাদিদের রাজত্বকাল।

৮৯৯-১০৭৭ পূর্ব আরবে কারমাতীয় রাজ্য।*
* এর রাজধানী ছিল আল-হাসায়।

৯০২-৮ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।

৯০৮-৩২ খলিফা আল-মুকতাদিরের রাজত্বকাল।

৯০৯ ইফরিকিয়াতে আগলাবীয়রা ফাতিমিদের হাতে উৎখাত হয়ে গেল।

৯০৯-১১৭১ ফাতিমি খেলাফত।*
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান তিউনিসিয়ার ইফ্রিকিয়া।

৯১০ সূফি জোনায়েদ বাগদাদীর মৃত্যু।

৯২২ ব্লাসফেমির দায়ে সূফী মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

৯২৩ বাগদাদে ঐতিহাসিক আবু জাফর আল-তাবারির মৃত্যু।

৯৩০ কারমাতীয়রা মক্কায় ঢুকে অসংখ্য হাজীকে হত্যা করে। ব্যাপক লুঠতরাজ চালায়। কাবা ঘরের পবিত্র পাথরটিও চুরি করে কাতিফে নিয়ে যায় তারা।

৯৩২-৩৪ খলিফা আল-কাহিরের রাজত্বকাল।

৯৩৪ এক অতীন্দ্রিয় জগতে লুকানো শিয়া ইসলামের দ্বাদশ তথা গায়েব ইমামের “অকাল্টেশন” ঘোষণা করা হল।

৯৩৪-৪০ খলিফা আল-রাজির রাজত্বকাল।

৯৩৫ দার্শনিক হাসান আল-আশ’আরীর মৃত্যু। এ সময় থেকে খলিফাদের আর জাগতিক ক্ষমতা ছিল না, তাঁরা স্রেফ একটি প্রতীকী কর্তৃত্ব বজায় রেখে চলছিলেন। প্রকৃত ক্ষমতা স্থানীয় শাসকদের হাতে চলে গেল, যারা সাম্রাজ্যের বিভিন্ন অংশে রাজবংশ প্রতিষ্ঠা করেন। এদের অধিকাংশই আব্বাসীয় খলিফাদের আধিপত্য স্বীকার করেন।

৯৪৫ বাগদাদের নিয়ন্ত্রণ নিল বুইররা।

৯৫০ কারমাতীয়রা চুরিকৃত পবিত্র পাথরটি মক্কাকে ফিরিয়ে দিল।  কর্দোবা খেলাফতের করদ রাজ্যে পরিণত হল বার্সেলোনা।

৯৬০ মক্কার স্থানীয় শাসক হিসেবে প্রতিষ্ঠিত হলেন শরিফরা।

১০৩৭-১১৯৪ সেলজুক সাম্রাজ্য

১০৫৫ বুইরদের খেদিয়ে দিয়ে বাগদাদের নিয়ন্ত্রণ নিল সেলজুকরা।

১০৭৭-১৩০৮ রুমি সুলতানশাহি

১০৯৫-১২৯১ ক্রুসেডস

১০৯২-১১৩৫ খলিফা আল-মুস্তারশিদের রাজত্বকাল।

১০৯৫-১২৭০ মূলত ফ্রান্সের নেতৃত্বে সংঘটিত হল আটটি ক্রুসেড

১১৩৫ সেলজুকদের হাতে খুন হলেন খলিফা আল-মুস্তারশিদ।

১১৩৬-৬০ খলিফা আল-মুকতাফির রাজত্বকাল।

১১৫৭ সেলজুকরা বাগদাদ ঘেরাও দিল কিন্তু অনুপ্রবেশ করতে ব্যর্থ হল।

১১৭১ ফাতিমি খেলাফত বিলুপ্ত করে দিলেন সালাউদ্দিন আইয়ুবী।

১১৭৪-৯৩ মিসর ও সিরিয়ার সুলতান এবং আইয়ুবী সুলতানশাহির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবীর রাজত্বকাল।

১১৮১-৮৩ ফরাসি নাইট রেনঁ দ্য শাতিলীয় মক্কাকে হুমকি দিলেন। রেনঁর বাহিনী সমগ্র হিজাজ অঞ্চলে লুঠতরাজ চালাল। ফ্রাঙ্কদের অঞ্চলটি থেকে বিতাড়িত করা হল।

১২০২ ইবনে আরাবি, দ্য মেক্কান রেভল্যুশনস

১২২৫ শেষ সামর্থ্যবান আব্বাসী খলিফা আল-নাসিরের মৃত্যু।

১২৫৮ মঙ্গোলদের আক্রমণে বাগদাদ ধবংস হয়ে গেল, এর মধ্য দিয়ে আব্বাসী খেলাফতের অবসান ঘটে।

আল-আন্দালুস
৭১১-১৪৯২ সাল

“For nearly eight centuries, under her Mohammedan rulers, Spain set to all Europe a shining example of a civilized and enlightened State. Her fertile provinces, rendered doubly prolific by the industry and engineering skill of her conquerors, bore fruit an hundredfold. Cities innumerable sprang up in the rich valleys of the Guadelquivir and the Guadiana, whose names, and names only, still commemorate the vanished glories of their past. Art, literature, and science prospered, as they then prospered nowhere else in Europe. Students flocked from France and Germany and England to drink from the fountain of learning which flowed only in the cities of the Moors. The surgeons and doctors of Andalusia were in the van of science: women were encouraged to devote themselves to serious study, and the lady doctor was not unknown among the people of Cordova. Mathematics, astronomy and botany, history, philosophy and jurisprudence were to be mastered in Spain, and Spain alone.”

Stanley Lane-Poole (1854-1931), British Orientalist and Archaeologist

৭১০ রাজকীয় ওয়ারিশ নিয়ে ভিসিগথিক রাজ্যে গৃহযুদ্ধ বেঁধে গেল।

৭১১-১৪ উমাইয়াদেরআল-আন্দালুস অভিযান।

৭১১ একটি ফৌজ নিয়ে কাল্পে হাজির হলেন তারিক বিন জিয়াদ। ইওরোপীয় ভাষায় জায়গাটি জিব্রাল্টার নামে পরিচিত। যা এসেছে আরবি জাবাল তারিক থেকে।

৭১২ তারিফার উত্তর-পশ্চিমের এক স্থানে উমাইয়াদের কাছে নিষ্পত্তিমূলকভাবে হেরে গেল ভিসিগথিক বাহিনী।

৭১৮ ওভেইদোর কোভাদোঙ্গায় এক সংঘর্ষে একটি মুসলিম বাহিনীকে পরাস্ত করলেন ভিসগথিক সর্দার পেলায়ো।

৭২০ ক্যান্টাবেরিয়া ও পাইরিনিজ পর্বতমালা ছাড়া ইবেরীয় উপদ্বীপের বাকিটুকু মুসলিম নিয়ন্ত্রণে চলে এল।*
* ইহাই ভৌগোলিকভাবে আল-আন্দালুস।

৭৫৬-১০৩১ কর্দোবায় উমাইয়া রাজ্য

৭৫৬-৯২৯ কর্দোবা আমিরশাহি।*
* আব্বাসী খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল স্পেন। স্থানীয়ভাবে একটা নয়া উমাইয়া খেলাফত গড়ে উঠল। যার নেতৃত্বে ছিলেন আব্বাসী হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য, স্পেনে শরণার্থী, প্রথম আবদুর রহমান।

৭৫৬-৭৮৮ কর্দোবা আমিরশাহির প্রতিষ্ঠাতা প্রথম আবদুর রহমানের শাসনকাল।

৭৭৭ শার্লামেইনকে স্পেনে দাওয়াত দিল জারাগোজা।

৭৭৮ আগস্ট ১৫ রনচেজভালেজের সমর। স্পেন থেকে পশ্চাৎপসারণের সময় শার্লামেইনের সেনাদলের পৃষ্ঠরক্ষাবাহিনী পরাজিত হল। শার্লামেইনের জীবনের একমাত্র হার বিবেচিত হয়।

৭৮৩ কর্দোবা আমিরশাহির বাহিনীর হাতে জারাগোজা শহরের পতন।

৭৮৪ মেসকিতা নামে পরিচিত কর্দোবার জামে মসজিদের নির্মাণকাজ শুরু করলেন প্রথম আবদুর রহমান।

৭৯১ ক্ষমতায় এলেন খ্রিস্টান রাজা দ্বিতীয় আলফসোঁ। ওভেইদোতে বসালেন আস্তুরীয় দরবার। ভিসিগথিক দরবারি পরম্পরা নতুন করে চালু করলেন।

৮৩৩ দ্বিতীয়বারের মতো কর্দোবার জামে মসজিদ সম্প্রসারণের দায়িত্ব নিলেন দ্বিতীয় আবদুর রহমান।

৮৪৪ আল-আন্দালুসে ভাইকিং হামলা। সেভিলের দক্ষিণে তাবলাদায় দ্বিতীয় আবদুর রহমানের বাহিনী ভাইকিংদের পরাজিত করল।

৮৮৩ স্বায়ত্তশাসিত মুসলিম নেতা উমর ইবনে হাফসুনের বিদ্রোহ দমনের একটা অসফল প্রচেষ্টার অংশ হিসেবে মালাগা পর্বতমালা পেরোলো আমিরের বাহিনী।

৮৯০ ডিসেম্বর ১৮ কর্দোবায় জন্ম নিলেন তৃতীয় আবদুর রহমান।

৯১২ কর্দোবার আমির আবদুল্লার মৃত্যু।

কর্দোবা আমিরশাহির ক্ষমতায় এলেন তৃতীয় আবদুর রহমান। তাঁকে তিনটি হুমকির বিরুদ্ধে লড়াই চালাতে হয়: উত্তর আফ্রিকার ফাতিমিরা, উত্তরের খ্রিস্টানরা, আর ইবনে হাফসুনের চলমান বিদ্রোহ। তাঁর শাসনামলে তিনি এই হুমকিগুলো অতিক্রম করতে বা নিয়ন্ত্রণসীমার মধ্যে রাখতে সক্ষম হন।

৯১২-৬১ কর্দোবা খেলাফতের প্রতিষ্ঠাতা তৃতীয় আবদুর রহমানের রাজত্বকাল।

৯১২ কর্দোবার নতুন আমির হলেন তৃতীয় আবদুর রহমান।

৯১৫ তৃতীয় আবদুর রহমানের নেতৃত্বাধীন উমাইয়া বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন স্বায়ত্তশাসিত মুসলিম নেতা উমর ইবনে হাফসুন।

৯১৬ লিওন রাজ্যের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করলেন তৃতীয় আবদুর রহমান।

৯২৪ নাভারের রাজধানী পাম্পলোনায় ধবংসলীলা চালাল উমাইয়া বাহিনী।

৯২৮ তৃতীয় আবদুর রহমানের হাতে বিদ্রোহী নগর বোবাস্ত্রোর পতন ঘটল।

৯২৯ মেরিদাকে অন্তর্ভুক্ত করে লোয়ার মার্চ পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান। এই বছরই তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন। কর্দোবা আমিরশাহিকে কর্দোবা খেলাফতে রূপান্তরিত করেন।*
* যা দ্বিতীয় উমাইয়া খেলাফত নামেও পরিচিত।

৯২৯-১০৩১ কর্দোবা খেলাফত

৯৩২ স্থানীয় সমরনায়কের হাত থেকে তলেদো পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৪ তৃতীয় আবদুর রহমানের জারাগোজা, নাভারে, ও লিওন অভিযান। নাভারে এ সময় তাঁর আনুগত্য স্বীকার করে।

৯৩৬ কর্দোবার বাইরে মেদিনাত আল-জাহরায় একটা নতুন উমাইয়া প্রাসাদ নির্মাণ করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৭ স্বায়ত্তশাসিত শাসক মুহাম্মদ ইবনে হিশাম আল-তুজিবির কাছ থেকে জারাগোজা পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৯ সিমানকাসের সমর।* উমাইয়াদের পরাস্ত করল লিওনের বাহিনী।
আলহান্দেজার সমর নামেও পরিচিত।

৯৪০ লিওন রাজ্য ও কর্দোবা খেলাফতের মধ্যে শান্তিচুক্তি।

৯৫৭ নাভারেতে ও লিওনে অভিযান চালাল উমাইয়া বাহিনী।

৯৫৮ নাভারে ও লিওনের রাজারা তৃতীয় আবদুর রহমানের সামন্তে পরিণত হলেন।

৯৬১ তৃতীয় আবদুর রহমানের মৃত্যু। নয়া খলিফা হলেন তাঁর পুত্র আল-হাকাম। তৃতীয়বারের মতো সম্প্রসারিত হল কর্দোবার জামে মসজিদ।

৯৬৯-১০২৭ কর্দোবা এ সময় একটি জ্ঞানকেন্দ্র ছিল।

৯৭৬ আল-হাকামের মৃত্যুতে কার্যত ক্ষমতা দখল করেন জনৈক মন্ত্রী। যাঁর নাম আল-মানজুর। একজন অল্পবয়সী খলিফাকে সামনে রেখে দেশ চালান। উমাইয়া শাসন অব্যাহত থাকার গল্পটাকে ভিত্তি দিতে। তাঁর বুলন্দ নিয়ন্ত্রণে আল-আন্দালুস সমৃদ্ধ হতে থাকে। চতুর্থ ও শেষবারের মতো কর্দোবার জামে মসজিদের সম্প্রসারণের হুকুম দেন আল-মানজুর।

১০০২ খ্রিস্টান ভূখণ্ডে অভিযান চালিয়ে ফেরার পথে আল-মানজুরের মৃত্যু। তাঁর পুত্ররা ক্ষমতা দখল করে। নতুন খলিফা মনোনয়নের একটা ব্যর্থ চেষ্টার পর গৃহযুদ্ধ শুরু হয়।

১০৩১ কর্দোবার বিশিষ্টজনেরা খেলাফত বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন। ভেঙে যায় আল-আন্দালুস। কর্দোবা খেলাফত বা দ্বিতীয় উমাইয়া খেলাফতের পতন। তাইফা ব্যবস্থার আবির্ভাব। ৩০টিরও বেশি তাইফা, স্বাধীন রাজ্য, গড়ে ওঠে। স্থানীয় প্রভাবশালীরা এসব রাষ্ট্র পরিচালনা করেন। সেভিলের মত কিছু তাইফার ভেতরে শিকারী মনোভাব দেখা যায়, যারা অপেক্ষাকৃত আকারের ছোট তাইফাগুলোকে গিলে খেয়ে ফেলে। খ্রিস্টান রাজ্যগুলো মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে মুসলিম অঞ্চলগুলোর গভীরে হামলা চালায় এবং কর আদায় করতে থাকে।

১০৪৩-৯৯ এল সিদ।*
* আরবি আস-সাঈদের বিবর্তিত স্পেনীয় রূপ। আসল নাম রদ্রিগো দিয়াজ দে ভিভার। কিংবদন্তিতে পরিণত হওয়া এই কাস্তিলিয়ান নাইট জীবনের বিভিন্ন সময়ে খ্রিস্টান আর মুসলিম দুই পক্ষের হয়েই লড়েছেন।

১০৫০-১১৪৭ মুরাবিতুন রাজবংশ।*
* স্পেনীয় নাম আলমোরাভিদ অধিক পরিচিত হওয়ায় এই লেখার অন্যত্র সেটিই ব্যবহৃত হয়েছে।

১০৬৪ কবি, উজির, ও ধর্মতাত্ত্বিক ইবনে হাজমের মৃত্যু।

১০৮৫ মুসলমানদের কাছ থেকে তলেদো পুনর্দখল করলেন লিওন ও কাস্তিলের রাজা ষষ্ঠ আলফসোঁ।

১০৯০ মরক্কো থেকে ইবেরীয় উপদ্বীপে আসে একটি মৌলবাদী গোষ্ঠী আলমোরাভিদ। খ্রিস্টান হুমকি দৃঢ়ভাবে মোকাবেলা করে। দুর্বল ও ভোগবিলাসে মত্ত তাইফা শাসকদের কাছ থেকে ক্ষমতা দখল করে আল-আন্দালুসের নিয়ন্ত্রণ নেয়।

১১২১-১২৬৯ মুওয়াহহিদিন রাজবংশ।*
* স্পেনীয় নাম আলমোহাদ অধিক পরিচিত হওয়ায় এই লেখার অন্যত্র সেটিই ব্যবহৃত হয়েছে।

১১৪৪ আল-আন্দালুসে দেখা দিল দ্বিতীয় তাইফা ব্যবস্থা।

১১৪৭ আলমোরাভিদদের রাজধানী মারাক্কেশ দখল করে নিল আলমোহাদরা। আরেকটি মৌলবাদী গোষ্ঠী। ১১৬০ সাল নাগাদ তাঁদের ক্ষমতা পোক্ত হয়।

সেভিলের গিরাল্ডা ও মারাক্কেশের কুতুবিয়া মসজিদের মত বিশাল সব ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়।

জুন-অক্টোবর দ্বিতীয় ক্রুসেডের সময় লিসবনে অবরোধ দেয়া হল।

অক্টোবর ১৭ দ্বিতীয় ক্রুসেডের সময় মুসলমানদের কাছ থেকে স্পেনের উত্তরাঞ্চলের আলমেরিয়া পুনর্দখল করল ক্রুসেডাররা।
২১ লিসবন পুনর্দখল করল ক্রুসেডাররা।

১১৪৮ ডিসেম্বর ৩০ দ্বিতীয় ক্রুসেডের সময় মুসলমানদের কাছ থেকে স্পেনের পূর্বাঞ্চলের তর্তোজা পুনর্দখল করল ক্রুসেডাররা।

১১৫৮ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ কালাত্রাভা।

১১৭০ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ সান্তিয়াগো।

১১৭২-১২১২ আল-আন্দালুসে আলমোহাদদের আধিপত্য।

১১৭৩ স্পেনের আরাগেঁ প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ মন্টজয়।

১১৭৬ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ আলকান্তারা।

১১৭৮ পর্তুগালে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ ইভোরা।

১১৯৫ আলারকোসের সমর। স্পেনের খ্রিস্টান রাজ্যগুলোর ওপর মুসলমানরা একটা বিজয় অর্জন করল।

১২১২ আল-আন্দালুসে তৃতীয় তাইফা পর্বের সূচনা। লাস নাভাস দে তলোসায় তিনটি স্পেনীয় রাজ্যের এক যৌথবাহিনীর হাতে মুসলমানদের পরাজয়। আলমোহাদদের ক্ষমতা ক্ষয়ে যেতে শুরু করল।

১২৩২-১৪৯২ নাসরি রাজবংশ

১২৩৬ আল-আন্দালুসের বিশাল অংশ খ্রিস্টানদের হাতে চলে এল। কাস্তিল ও লিওনের ষষ্ঠ আলফসোঁর কর্দোবা বিজয়।

১২৩৮ রিকঙ্কুইস্তাদোররা মুসলমানদের কাছ থেকে ভ্যালেন্সিয়া পুনর্বিজয় করল। গ্রানাদার মসনদে বসলেন ইবনে আল-আহমার।* ইবেরীয় উপদ্বীপে আল-আন্দালুসের হাজিরানার শেষ প্রতীক নাসরি রাজবংশের সূচনা।
* রাজ্যাভিষেকের পর তাঁর নাম হয় প্রথম মুহাম্মদ।

১২৪৬ কাস্তিলের রাজা তৃতীয় ফার্নান্দোর সাথে একটা চুক্তি সই করলেন গ্রানাদার রাজা প্রথম মুহাম্মদ। কয়েক বছরের স্থিতিশীলতা। প্রথম মুহাম্মদ আলহামব্রার নির্মাণকাজ শুরুর হুকুম দিলেন।

১২৪৮ রিকঙ্কুইস্তাদোররা মুসলমানদের কাছ থেকে সেভিল পুনর্বিজয় করল।

১২৭৩ পিতার মৃত্যুতে ক্ষমতায় আসেন তৃতীয় মুহাম্মদ। দ্বন্দ্বসংঘাতে ভরা এক বিভ্রান্তিকর সময়ের শুরুয়াত। জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণ নিতে উত্তর আফ্রিকার মারিনি ও কাস্তিলীরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ফলে জোট-বদলের একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। পরে আরাগীঁরাও এতে যুক্ত হয়।

১৩৪৪ আলহেসিরাস দখল করল কাস্তিলিরা। এ সময় প্রথমবারের মতো গানপাউডার ও কামান ব্যবহৃত হয়। কাস্তিলীরা ধীরে ধীরে আর্টিলারির ব্যবহারে ওস্তাদ হয়ে ওঠে।

১৩৫৪ পঞ্চম মুহাম্মদ সিংহাসনে আরোহণ করলেন। তিনি তার পিতার শুরু করা বিশাল নির্মাণকাজের ধারা আরও এক দশক ধরে চালিয়ে যান। কাস্তিলের সাথে শান্তিচুক্তি বলবৎ থাকার কারণে এটি ছিল সমৃদ্ধির সময়, এবং এ সময়েই আলহামব্রার কিছু শ্রেষ্ঠ স্থাপনা নির্মিত হয়।

১৩৬৪ সেভিলের রয়্যাল আলকাজার প্রাসাদের নির্মাণকাজ শুরু করেন কাস্তিলের প্রথম পেদ্রো (“দ্য ক্রুয়েল”), যাতে মুসলিম কারিগরদের কাজে লাগানো হয়েছিল।

১৪৬৯ আরাগেঁর রাজা ফের্নান্দোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কাস্তিলের রানী ইসাবেলা। পরে তাঁরা “ক্যাথলিক মোনার্কস” নামে পরিচিতি পাবেন। ইবেরীয় উপদ্বীপের দুই শক্তিশালী খ্রিস্টান রাজ্য এক হল। স্থাপিত হল আধুনিক স্পেনের ভিত্তিপ্রস্তর। ইওরোপের ডিইসলামাইজেশনে এই সাম্রাজ্যিক দম্পতির ভূমিকাটা অতুলনীয়। একইসাথে ইওরোপীয় উপনিবেশবাদ প্রথম তহবিল তাঁরাই যোগান। রিকঙ্কুইস্তার সাথে ইওরোপীয় উপনিবেশবাদের সরাসরি সম্পর্ক আছে।

১৪৮২ গ্রানাদা রাজ্যের বিরুদ্ধে তাদের কঠোর অভিযানের অংশ হিসেবে ক্যাথলিক মোনার্কদের বাহিনী আলহামা দে গ্রানাদা দখল করে। পরের বছরগুলোতে তারা ধাপে ধাপে গ্রানাদা রাজ্যের বিভিন্ন শহর দখল করতে থাকে।

১৪৮৭ দীর্ঘ অবরোধের পর গ্রানাদার দ্বিতীয় বৃহত্তম শহর মালাগা দখল করল ক্যাথলিক মোনার্কদের বাহিনী।

১৪৯১ গ্রানাদার অবরোধ শুরু।

১৪৯২ স্পেনের শেষ মুসলিম রাজ্য গ্রানাদার পতন। ক্যাথলিক মোনার্কদের কাছে আত্মসমর্পণ করলেন গ্রানাদার শেষ মুসলিম শাসক বোয়াবদিল। একটি চুক্তিতে সই করলেন। যেখানে গ্রানাদার মুসলমানদের কিছু অধিকার দেয়া হয়। কয়েক মাস পরে স্পেনের ইহুদিদের বলা হল, “খ্রিস্টধর্ম গ্রহণ করো, নতুবা দেশত্যাগ করো।”

১৪৯৯ চুক্তিভঙ্গের বিরুদ্ধে বিদ্রোহ করলেন গ্রানাদার মুসলমানরা। রাজ্যের সব মুসলমানকে বলা হল, “খ্রিস্টধর্ম গ্রহণ করো, নতুবা দেশত্যাগ করো।” গণ বাপ্তাইজীকরণের কারণে মরিস্কোস নামে একটি সম্প্রদায় দেখা দিল: যে মুসলমানদের জোরপূর্বক খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল।

১৫৭০ আলপুজারাসে মরিস্কোস অভ্যুত্থান। রক্তাক্ত উপায়ে এই অভ্যুত্থান দমন করা হয়। সব মরিস্কোসকে গ্রানাদা রাজ্য থেকে স্পেনের অন্যান্য অংশে বিতাড়িত করা হল।

১৬০৯ স্পেন থেকে সব মরিস্কোসকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিলেন রাজা তৃতীয় ফিলিপ। প্রক্রিয়াটা শুরু হল ভ্যালেন্সিয়ায়। কালক্রমে স্পেনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ল।

১৬১৪ স্পেন থেকে মরিস্কোসদের বিতাড়নের প্রক্রিয়াটা সম্পন্ন হল, যাঁদের অধিকাংশই উত্তর আফ্রিকায় চলে গেলেন।

তথ্যসূত্র

রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।

Arafat, W. N. 1976. “New Light on the Story of Banū Qurayẓa and the Jews of Medina.” Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, no. 2: 100–107.
http://www.jstor.org/stable/25203706.

Armstrong, Karen. 2002. Islam: A Short History. Modern Library.

Barry, Michael. 2014. Homage to Al-Andalus: The Rise and Fall of Islamic Spain. e-book edition. Andalus Press.

Hazleton, Lesley. 2010. After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split in Islam. Vintage.

Hoyland, Robert G.. 2014. In God’s Path: the Arab Conquests and the Creation of an Islamic Empire. Oxford University Press.

Louër, Laurence. 2020. Sunnis and Shiʻa: A Political History of Discord. Translated by Ethan Rundell. Princeton University Press.

McHugo, John. 2018. A Concise History of Sunnis & Shi‘is. Georgetown University Press.

Sardar, Ziauddin. 2017. Mecca: The Sacred City. Paperback ed. Bloomsbury.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *